চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সময় টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিন আবির স্থানীয় যুবকদের হাতে মারধরের শিকার হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরো কয়েকজন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১নং সড়কের রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিক্যালে সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং গেট এলাকায় রাত ৯টায় ইসলামিয়া হোটেলে খাবার খেয়ে ক্যাম্পাসে ফেরার জন্য যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৭ জন শিক্ষার্থী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। পরে ৩ নম্বর বাস এলে শিক্ষার্থীরা সেই বাসে উঠার জন্য এগিয়ে যাচ্ছিলেন। বাস একটু এগিয়ে সামনে গিয়ে থামলে শিক্ষার্থীরা হৈ-হুল্লোড় করে গাড়ির দিকে এগিয়ে যায়। তখন স্থানীয়দের একজন যুবক তাদের দিকে তেড়ে আসে। তখন তাদের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। স্থানীয় সেই যুবক ও তার এক সহযোগী শিক্ষার্থীদের গালিগালাজ শুরু করে। এ ঘটনার ভিডিও করছিলেন সময় টিভির ক্যাম্পাস সাংবাদিক জাহিন সরকার আবির। এসময় তারা সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে গালিগালাজ শুরু করে। শিক্ষার্থীরা গালিগালাজের প্রতিবাদ করলে তাদের ওপর আক্রমণ করে তার সঙ্গীরা। তখন শিক্ষার্থীরা সাংবাদিকের ফোন নিতে চাইলে তাদের ওপর আক্রমণ করে। এসময়, সময় টিভির সাংবাদিক জাহিন আবিরকে লাঠিসোটা দিয়ে হামলা করলে তার হাত ভেঙে যায়। আক্রমণে আহত হন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলিমুল শামীম, একই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আশিকুর ইসলাম।

মারধরের শিকার যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলিমুল শামীম বলেন, ‘আমরা ইসলামিয়া হোটেলে খাবার খেয়ে ক্যাম্পাসে ফিরতে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তখন তিন নম্বর বাস আসলে আমরা ক্যাম্পাসে যাওয়ার জন্য গাড়িটি থামাই। বাস কিছুটা দূরে গিয়ে দাঁড়ালে আমাদের কয়েকজন আনন্দের সহিত হৈ-হুল্লোড় করে বাসে উঠতে যাচ্ছিল। স্থানীয় কয়েকজন আমাদেরকে গালিগালাজ করতে শুরু করে। আমরা ৬ জন ছিলাম। আমাদের জুনিয়র আশিক প্রতিবাদ করলে এরপরেই তারা আশিকের দিকে তেড়ে আসে। সময় টিভির সাংবাদিক আবির ভিডিও শুরু করলে তারা ওর ফোন নিয়ে যায়। তখন আবির নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিলেও তাকে মারধর শুরু করে তারপর আশিককে মারে। আবিরকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। এতে ওর হাত ভেঙে যায়।’

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ভুক্তভোগী আরেক শিক্ষার্থী মোহাম্মদ আরিফ জানান, রেলক্রসিং এলাকা থেকে হৈ-হুল্লোড় করে ৩নং বাসে উঠার সময় তখন স্থানীয় কয়েকজন যুবক চিল্লাচিল্লি করছোস ক্যান (কেন)? একথা বলে, তেড়ে আসে। তখন সময় টিভির সাংবাদিক ঘটনাটি ভিডিও করে। সেসময় সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করে।’

তাদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের দায়িত্বরত ডাক্তার মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘প্রথমে দুজন এসেছিলেন। তাদের মধ্যে আবির নাম যার, তার বাম হাতের ওপরের দিকে গুরুতর আহত হয়েছে। যার কারণে তার এক্স-রে করার প্রয়োজন দেখা দেয়। আমরা দ্রুততর সময়ে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেই। তারপর আশিকুর নামে যিনি আসছে তার ঘাড় ও বাম হাতে আঘাত পাওয়া গেছে। আমরা আপাতত রাতে তাকে এখানেই রাখব অবজারভেশনের জন্য।’

যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ‘ঘটনা ঘটার আগামী ১ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে।’

চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘ঘটনা ঘটনার পরপরই আমাদের টহল টীম ঘটনাস্থলে আসে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের আওতায় আনবে।’

হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, ‘দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছি। আশা করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।’