• ই-পেপার

লালমনিরহাট

তেল নিতে আসা মোটরসাইকেল আরোহীদের বেধড়ক মারধরের অভিযোগ

  • আহত ৩

কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর কুমেকের সেই চিকিৎসককে বদলি

কুমিল্লা প্রতিনিধি
কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর কুমেকের সেই চিকিৎসককে বদলি
সংগৃহীত ছবি

কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওলজিস্ট ডা. শিব্বির আহমেদকে ভোলার মনপুরায় বদলি করা হয়েছে। গত ২২ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে বদলি করা হয়। রবিবার (২৬ জুলাই) দুপুরের পর বিষয়টি জানাজানি হয়। 

এর আগে গত ১১ জুলাই কণ্ঠের অনলাইনে ‘কুমেকে দায়িত্ব, প্রাইভেট হাসপাতালে সময় কাটে চিকিৎসকের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তার বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়।  

এ বিষয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. শাহজাহান বলেন, কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে শিব্বির আহমেদকে শোকজ করা হয়। তার শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে আবারও শোকজ করা হয়। এতে তিনি একই জবাব দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তারাও তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে বদলি করা হয়।

বংশাই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বংশাই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৫ ঘণ্টা পর ইসমাইল হোসেন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা ঘাট এলাকার অদূরে মরদেহটি ভেসে উঠলে পরিবারের সদস্যরা তা উদ্ধার করেন।

নিহত ইসমাইল হোসেন গাজীপুরের কোনাবাড়ি এলাকার আমবাগ গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল শনিবার গাজীপুরের কোনাবাড়ী এলাকার বাগিয়া নদীর ঘাট থেকে ৭০ থেকে ৮০ জন নৌভ্রমণে মির্জাপুরে আসেন। বিকেল ৪টার দিকে ইসমাইল সহপাঠীদের সঙ্গে বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। পরে সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। রবিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়।

মির্জাপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার এরশাদ হোসেন জানান, দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানের মধ্যেই বিকেল পৌনে ৬টার দিকে হাটুভাঙ্গা ঘাট থেকে কিছু দূরে ইসমাইলের মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

চুরির অপবাদে গৃহবধূকে নির্যাতন : বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

শরীয়তপুর প্রতিনিধি
চুরির অপবাদে গৃহবধূকে নির্যাতন : বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সংগৃহীত ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় চুরির অপবাদ দিয়ে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে বিএনপির সাবেক এক নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকালে ভুক্তভোগী নারগিস বেগমের ছেলে গোলাম রাব্বি ভেদরগঞ্জ থানায় মামলাটি করেন। এর আগে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। 

পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লার বাড়ি থেকে সম্প্রতি দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার হারিয়ে যায়। এ ঘটনার জন্য ছয়গাঁও এলাকার আবুল শেখের স্ত্রী নারগিস বেগমকে দায়ী করা হয়। 

অভিযোগ রয়েছে, গত ২৩ জুলাই আনোয়ার হোসেন মোল্লা ও তার সহযোগীরা নারগিসকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরে তার দুই হাত চেপে ধরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। নির্যাতনের সময় নারগিস বেগম বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও তাকে ছাড় দেওয়া হয়নি। এক পর্যায়ে মারধরের ফলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। 

নারগিসকে মারধর করার একটি ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি এক নারীর দুই হাত ধরে রেখেছেন। এ সময় আরেক ব্যক্তি লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করছেন। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলেও তাকে আবার দাঁড় করিয়ে মারধর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন নারগিস বেগম বলেন, ‘আমি চুরি করিনি। আমাকে মিথ্যা অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

মামলার বাদী গোলাম রাব্বি বলেন, ‘আমার এক ভাই প্রবাসে থাকেন। আমাদের পরিবারে আর্থিক কোনো সংকট নেই। আমার মা সম্পূর্ণ নির্দোষ। অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় আমি আনোয়ার হোসেন মোল্লাকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ভেদরগঞ্জ থানায় মামলা করেছি।’

এ বিষয়ে বক্তব্য জানতে আনোয়ার হোসেন মোল্লার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার কালের কণ্ঠকে বলেন, ভুক্তভোগীর ছেলের করা মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩
ছবি : কালের কণ্ঠ

মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (৩১) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) দুপুরে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া (সফরপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের হাজী সোয়াব উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যাত্রী নিয়ে বড়লেখা থেকে জুড়ীর দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। হাতলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ চারজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তেল নিতে আসা মোটরসাইকেল আরোহীদের বেধড়ক মারধরের অভিযোগ | কালের কণ্ঠ