• ই-পেপার

পটিয়ায় কিশোর হত্যাকাণ্ডের প্রধান আসামী লিমন গ্রেপ্তার

চুরির অপবাদে গৃহবধূকে নির্যাতন : বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

শরীয়তপুর প্রতিনিধি
চুরির অপবাদে গৃহবধূকে নির্যাতন : বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
সংগৃহীত ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় চুরির অপবাদ দিয়ে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে বিএনপির সাবেক এক নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকালে ভুক্তভোগী নারগিস বেগমের ছেলে গোলাম রাব্বি ভেদরগঞ্জ থানায় মামলাটি করেন। এর আগে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। 

পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লার বাড়ি থেকে সম্প্রতি দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার হারিয়ে যায়। এ ঘটনার জন্য ছয়গাঁও এলাকার আবুল শেখের স্ত্রী নারগিস বেগমকে দায়ী করা হয়। 

অভিযোগ রয়েছে, গত ২৩ জুলাই আনোয়ার হোসেন মোল্লা ও তার সহযোগীরা নারগিসকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরে তার দুই হাত চেপে ধরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। নির্যাতনের সময় নারগিস বেগম বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও তাকে ছাড় দেওয়া হয়নি। এক পর্যায়ে মারধরের ফলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। 

নারগিসকে মারধর করার একটি ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি এক নারীর দুই হাত ধরে রেখেছেন। এ সময় আরেক ব্যক্তি লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করছেন। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলেও তাকে আবার দাঁড় করিয়ে মারধর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন নারগিস বেগম বলেন, ‘আমি চুরি করিনি। আমাকে মিথ্যা অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

মামলার বাদী গোলাম রাব্বি বলেন, ‘আমার এক ভাই প্রবাসে থাকেন। আমাদের পরিবারে আর্থিক কোনো সংকট নেই। আমার মা সম্পূর্ণ নির্দোষ। অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় আমি আনোয়ার হোসেন মোল্লাকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ভেদরগঞ্জ থানায় মামলা করেছি।’

এ বিষয়ে বক্তব্য জানতে আনোয়ার হোসেন মোল্লার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার কালের কণ্ঠকে বলেন, ভুক্তভোগীর ছেলের করা মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (৩১) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) দুপুরে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া (সফরপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের হাজী সোয়াব উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যাত্রী নিয়ে বড়লেখা থেকে জুড়ীর দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। হাতলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ চারজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

টঙ্গীতে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

গাজীপুরের টঙ্গীতে আবাসিক গ্যাস সংযোগে নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা। এ সময় তারা নিয়মিত গ্যাস না পেলে ‘নো গ্যাস, নো বিল’ নীতি চালুর হুঁশিয়ারি দেন।

রবিবার (২৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টঙ্গীর গোপালপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কার্যালয় ঘেরাও করেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের গ্রাহকরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, মো. লিটন মিয়া, আব্দুল মান্নান ও মোস্তফা জামানসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে স্বাভাবিক গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না। এতে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে এবং এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে তারা ‘নো গ্যাস, নো বিল’ নীতি গ্রহণের পাশাপাশি আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে টঙ্গী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির টঙ্গী জোনের ব্যবস্থাপক মো. মেজবাউর রহমান বলেন, ‘চট্টগ্রামের একটি ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে টার্মিনালটি সচল হলে গ্যাস প্রবাহের চাপ বৃদ্ধি পাবে।’

বরিশালে ২ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালে ২ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ছবি : কালের কণ্ঠ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে অভিযান চালিয়ে দুটি ফার্মেসিকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন অনুযায়ী দুটি মামলা করা হয়। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ বিক্রির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার অভিযোগে দুটি ফার্মেসিকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, ‘জনস্বার্থে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। কোনো ফার্মেসি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বা লাইসেন্সসংক্রান্ত বিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পটিয়ায় কিশোর হত্যাকাণ্ডের প্রধান আসামী লিমন গ্রেপ্তার | কালের কণ্ঠ