• ই-পেপার

মৌলভীবাজারে নারীকে অপহরণচেষ্টা, গ্রেপ্তার ৩

রায়গঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ৬ বছরের শিশুর

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
রায়গঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ৬ বছরের শিশুর
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে ডুবে সিয়াম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম শেখপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে যায় সিয়াম। কিছুক্ষণ পর অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সিয়াম আর বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন।

একপর্যায়ে সিয়ামের সঙ্গে গোসল করতে যাওয়া শিশুদের তথ্যের ভিত্তিতে বিকেলে পুকুরে খোঁজ করলে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেয়ের পর পুলিশ সদস্য বাবারও ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
মেয়ের পর পুলিশ সদস্য বাবারও ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

ভোলা শহরের একটি ভাড়া বাসা থেকে মো. শাহাবুদ্দিন (৪২) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়া এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে চলতি বছরের ৪ মে একই বাসা থেকে তার একমাত্র মেয়ে তৈয়্যবা জাহান চৈতীর (১৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাবুদ্দিন বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুর ইউনিয়নের আদম আলী ফকিরের ছেলে। তিনি ভোলা আদালতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় এবং মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও সাড়া না পেয়ে এক সহকর্মী তার ভাড়া বাসায় যান। সেখানে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে বাড়ির মালিক ও ভোলা সদর মডেল থানাকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের মে মাসে মেয়ে তৈয়্যবা জাহান চৈতীর মৃত্যুর পর স্ত্রীকে নিয়ে ওই বাসাতেই বসবাস করছিলেন শাহাবুদ্দিন। কয়েকদিন আগে তার স্ত্রী বরিশালে যান। তিনি বাসায় একাই ছিলেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশ সদস্য শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেনী

একটি সেতুর অভাবে হাজারো মানুষের দুর্ভোগ

কামরুল হাসান লিটন, ফেনী
একটি সেতুর অভাবে হাজারো মানুষের দুর্ভোগ
ফেনীর সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের আদর্শগ্রাম এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের আদর্শগ্রামের মাঝে খালের ওপর কাঠের সাঁকোটি বর্ষাকালে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সম্প্রতি তোলা। কালের কণ্ঠ

দুই জেলার দুই উপজেলার দুই ইউনিয়ন। দুই ইউনিয়নের মাঝে খাল। শিক্ষা, চিকিৎসা, কর্মস্থলে যাওয়াসহ নানা কারণে দুই পারের মানুষকে প্রতিদিনই খাল পার হতে হয়। খালের ওপর সাঁকো নির্মাণ করে এলাকাবাসী সেই প্রয়োজন মেটালেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় একটি সেতুর দাবি তাদের দীর্ঘদিনের।  

স্থানীয় সূত্র জানায়, ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের আদর্শগ্রাম এবং নোয়াখালী কোম্পানিগঞ্জ মুছাপুর ইউনিয়নের আদর্শগ্রামের সংযোগস্থলটি দুই এলাকার মানুষের যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম। সেতু না থাকায় বর্ষাকালে যাতায়াত একপ্রকার বন্ধ থাকে। শুকনো মৌসুমে মানুষ কোনোমতে সাঁকো বা খাল পার হয়ে যাতায়াত করে। কিন্তু বর্ষাকালে সেই উপায় থাকে না। 

এ সময় কৃষিপণ্য আনা-নেওয়া থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। একটি সেতুর অভাবে দুই ইউনিয়নের মেলবন্ধন যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি থমকে আছে এলাকার অর্থনৈতিক উন্নয়নও। 

সূত্র জানায়, খালসংলগ্ন মুছাপুর অংশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। অপর পাশ সোনাগাজীর চর দরবেশ আদর্শগ্রামে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সেতু না থাকায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না। অনেক অভিভাবক দুর্ঘটনার ভয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দেন। সবচেয়ে ভয়াবহ সংকটে পড়তে হয় মুমূর্ষু রোগী ও গর্ভবতী মায়েদের নিয়ে। 

স্থানীয় বাসিন্দা আকমল হোসেন বলেন, ‘আমাদের কষ্টের শেষ নেই। একটা ব্রিজের জন্য কত বছর ধরে আমরা অপেক্ষা করছি। কত সরকার এলোগেলো, আমাদের দুঃখের শেষ হলো না। আমরা আর কতদিন অবহেলিত জনপদের বাসিন্দা হিসেবে বেঁচে থাকব। অন্তত আমার জীবদ্দশায় এখানে যেন  একটা সেতু দেখে যেতে পারি, সরকারের কাছে এই দাবি জানাচ্ছি।’

এলাকার মাদরাসা শিক্ষার্থী সিফাত বলেন, ‘জোয়ার এলে এখান দিয়ে পানি উঠে যায়। আমরা মাদরাসায় যেতে পারি না। আমাদের অনেক কষ্ট হয়। একটা সেতু হলে আমাদের অনেক উপকার হতো।’

ইকবাল হোসেন হেলাল নামের এক বাসিন্দা জানান, মুছাপুরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় এই এলাকার শিক্ষার্থীরা আমাদের এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। এখানে সীমান্তবর্তী খালে সেতু না থাকায় শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে অনেক কষ্ট হয়। তাই একটি সেতু নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাজে জোর দাবি  জানাচ্ছি।

আদর্শগ্রাম দারুল উলুম মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপ্যাল  মাওলানা আবু তৈয়ব বলেন, সীমান্তবর্তী এলাকার খালের ওপর সেতু নেই। এতে বর্ষাকালে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকতে পারে না। এতে দিন দিন ঝরে পড়া ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন তারা একটি সেতু নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ নেন।

চর দরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এ খালটি সোনাগাজী ও কোম্পানিগঞ্জ  উপজেলার সীমান্ত। একটি সেতু হলে দুই উপজেলার মধ্যে  সেতুবন্ধন তৈরি হবে। সেতু না থাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ব্যাহত হচ্ছে। 

সাবেক ইউপি চেয়ারম্যান আরো বলেন, মুছাপুর গ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় এ এলাকার শিক্ষার্থীরা আদর্শগ্রাম গিয়ে পড়ালেখা করছে। সেতুর অভাবে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দুর্ভোগ পোহাচ্ছে। এদিকে, প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত শিক্ষার্থী না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান সংকটে পড়ার উপক্রম। তাই দুই উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন দ্রুত সেতু নির্মাণের পদক্ষেপ নেন।

এ ব্যাপারে ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা কালের কণ্ঠকে বলেন, আমরা বিস্তারিত খোঁজখবর নেব। সরকারি বরাদ্দ পেলে ওই স্থানে দ্রুত সেতু নির্মাণে ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ
সংগৃহীত ছবি

রাজশাহীর পদ্মা নদীতে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন যাত্রী জীবিত তীরে পৌঁছালেও বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে নগরের বড়কুঠি এলাকার মাঝ পদ্মায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার আফছার আলী (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, পদ্মা নদীতে জেগে ওঠা একটি চরে ঘাস কাটতে গিয়েছিলেন তারা। কাজ শেষে একটি নৌকায় করে ফিরছিলেন। নিখোঁজ জিয়ারুল ইসলামের মা জাহেরা বেগমসহ (৫৫) নৌকাটিতে মোট আটজন যাত্রী ছিলেন। মাঝ নদীতে পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে আফছার আলী ও তার ছেলে জিয়ারুল ইসলাম পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপপরিচালক মুঞ্জিল হক বলেন, ‘নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।’

মৌলভীবাজারে নারীকে অপহরণচেষ্টা, গ্রেপ্তার ৩ | কালের কণ্ঠ