• ই-পেপার

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী পৌঁছে দিতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী পৌঁছে দিতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির
সংগৃহীত ছবি

বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী পৌঁছে দিতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক্টরের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ শাকিল নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার আরশীনগর ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাকিল (২২) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জের একটি বিয়ের অনুষ্ঠানে ব্যবহারের জন্য লাইটিং সামগ্রী নিয়ে ট্রাক্টরে করে যাচ্ছিলেন শাকিল। পথে আরশীনগর ফিউচার পার্ক এলাকায় পৌঁছালে ট্রাক্টরের একটি চাকা খুলে যায়। এতে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে শাকিল ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, দূর থেকে দেখি মহাসড়কে একটি ট্রাক্টর উল্টে রয়েছে। কাছে গিয়ে দেখি চালক ট্রাক্টর থেকে ছিটকে পড়ে মারা গেছেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভূঁইয়া বলেন,  মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে রাকিবুল ইসলাম রুবেল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তারই বন্ধু রুবেল (৩৫) নামের অপর যুবক।

রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেলচালক উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশীদ মিয়ার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন। আহত মোটরসাইকেল আরোহী রুবেল একই গ্রামের ইসরাইল মিয়ার ছেলে। তিনি ব্রুনাই প্রবাসী। তারা দুজন সম্পর্কে ঘনিষ্ট বন্ধু ছিলেন। কোরবানি ঈদের ছুটিতে একই সময়ে তারা বাড়িতে এসেছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুই বন্ধু উপজেলার বাহাদিয়া গ্রাম থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তারা দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ইসলাম রুবেলকে মৃত ঘোষণা করেন। 

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এছাড়া আহত রুবেল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

টঙ্গীতে গার্মেন্টস খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে গার্মেন্টস খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
টঙ্গীতে অবস্থিত কলকারখানা অধিদপ্তরের সামনে শ্রমিকদের বিক্ষোভ : ছবি ভিডিও থেকে নেওয়া

টঙ্গীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা একটি গার্মেন্টস খোলার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। রবিবার (১৪ জুন) দুপুর থেকে টঙ্গীতে অবস্থিত কলকারখানা অধিদপ্তরের সামনে শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন।

এর আগে গত ৭ জুন থেকে গাজীপুরের বাঘেরবাজার এলাকায় অবস্থিত ছয় শতাধিক শ্রমিকের কর্মস্থল ফ্যামকম ফ্যাশন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ঈদুল আজহার পর খোলার দিন (৭ জুন) থেকে কারখানাটি বন্ধ রয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তপক্ষ। ঈদের ছুটি কাটিয়ে এসে দেখেন কারখানাটি বন্ধ রয়েছে। তাই তারা বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে আন্দোলন করছে।

কারখানা কর্তৃপক্ষের দাবি, গত এক বছরে বিভিন্ন সময়ে কিছু শ্রমিক অযৌক্তিক দাবিকে কেন্দ্র করে কারখানার ভেতর অরাজকতা, বিশৃঙ্খলা ও কর্মবিরতির ঘটনা ঘটিয়েছেন। এরই ধারাবাহিকতায় ঈদের ছুটির পর কারখানা খোলার প্রথম দিন শ্রমিকরা সংঘবদ্ধভাবে কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন। তাদের দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং কারখানার ভেতর বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। এতে জানমাল, সম্পদ ও উৎপাদন কার্যক্রমের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কারখানা খোলা রাখা নিরাপদ নয় বলে মনে করে বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়।

ফ্যামকম ফ্যাশন লিমিটেডের পরিচালক নাজমুল ইসলাম বলেন, কারখানা খোলার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, শিল্প পুলিশ, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ ও বিকেএমইএসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয়েছে।

 

খোয়াই নদীতে গোসল করতে নেমে কৃষক নিখোঁজ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
খোয়াই নদীতে গোসল করতে নেমে কৃষক নিখোঁজ
সংগৃহীত ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে গিয়ে মো. আব্দুল্লাহ (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৩ জুন) বেলা ৩টার দিকে  উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করার সময় তিনি নিখোঁজ হন।

নিখোঁজ উপজেলার গাজিপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা। রবিবার (১৪ জুন) এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে গোসলে নামার পর তীব্র স্রোতে তিনি ভেসে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। 

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে।

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি | কালের কণ্ঠ