• ই-পেপার

বরিশালে চেক প্রত্যাখ্যান মামলায় আ. লীগ নেত্রী গ্রেপ্তার

ঘোড়াকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ঘোড়াগাড়ি চালকের

জামালপুর প্রতিনিধি
ঘোড়াকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ঘোড়াগাড়ি চালকের
সংগৃহীত ছবি

জামালপুরের মেলান্দহে নদীতে ঘোড়াকে গোসল করাতে গিয়ে জুলহাস মন্ডল নামে এক ঘোড়াগাড়ি চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের কাহেতপাড়া এলাকার ঝাড়কাটা নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত জুলহাস মন্ডল (৪২) মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পোড়াবাড়ি এলাকার মৃত আনার মন্ডলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জুলহাস মন্ডল তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে ঝাড়কাটা নদীর ড্রেজার মেশিনে খনন করা গভীর অংশে ঘোড়াকে গোসল করাতে যান। নদীর তীরে ছেলেকে রেখে তিনি ঘোড়াকে পানিতে নামান। একপর্যায়ে ঘোড়াটি পানিতে ডুব দিলে জুলহাস মন্ডল সেটি নিয়ন্ত্রণ করতে গিয়ে পানিতে ডুবে যান। এসময় ঘোড়াটি ভেসে উঠলেও জুলহাস উঠতে পারেননি। পরে তাঁর ছেলে দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল রহমান বলেন, ঘোড়াকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পর্যটকবাহী হাউজবোট ‘ভ্রমণশৈলী’র ইঞ্জিনে পড়ে সৌমাতা সরকার নিঝুম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুর ৩টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নিঝুম (৮) সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে। তাদের গ্রামের বাড়ি জেলার ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামে।  

নিহত শিশুর স্বজন ও হাউসবোট সূত্রে জানা যায়, নবনির্মিত ওই হাউসবোটের উদ্বোধনী ভ্রমণে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান বোট কর্তৃপক্ষ। হাওরে গোসল ও ভ্রমণ শেষে নিলাদ্রী লেকের উদ্দেশ্যে যাওয়ার সময় হাউসবোটের পেছনের অংশ থেকে সামনের দিকে আসছিল নিঝুম। এ সময় অসাবধানতাবশত সে বোটটির চলন্ত মেশিনের মধ্যে পড়ে যায়।

হাউসবোটের মালিক পংকজ রায় জানান, এটি ছিল তাদের হাউসবোটের প্রথম ট্রিপ। এটি পরিবার ও স্বজনদের নিয়ে ভ্রমণ ছিল। দুর্ঘটনার সময় নিঝুম তার মা ও বোনের সঙ্গে ছিল। মেশিনে পড়ে যাওয়ার সাথে সাথেই ইঞ্জিন বন্ধ করা হয়, তবুও  তাকে জীবিত উদ্ধার করা যায়নি। মেশিনের আঘাতে শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়ে সঙ্গে সঙ্গেই প্রাণ হারায়।

নিহতের বাবা এসআই স্বপন চন্দ্র সরকার বলেন, আমি সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত। আমার স্ত্রী ও দুই মেয়ে আত্মীয়ের হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিলাম।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকালে দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকের মেয়ে সৌমাতা সরকার নিঝুমের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বাবার আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
সংগৃহীত ছবি

ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকৃষ্ণপুর গ্রামের শ্মশানঘাট সংলগ্ন নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে শ্মশানঘাটের পেছনের নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লাশটি পচে-গলে বিকৃত হয়ে যাওয়ায় তা পুরুষ না নারী তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন শাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি ৬-৭ দিন আগে নদীতে ফেলা হয়েছে বা ভেসে এসেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরো বলেন, ‘লাশের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।’

টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি : কালের কণ্ঠ

কক্সবাজারের টেকনাফে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে শতাধিক সমর্থকের অংশগ্রহণে এ আয়োজন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কর্মসূচির সূচনা হয়। আর্জেন্টিনার পতাকা, জার্সি ও নানা সাজসজ্জায় সজ্জিত মোটরসাইকেল নিয়ে সমর্থকরা শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে এলাকা।

পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কক্সবাজারের জনপ্রিয় শিল্পী ইফতি ও তার সংগীত দল গান পরিবেশন করেন। এতে উপস্থিত দর্শক ও ফুটবলপ্রেমীরা আনন্দঘন সময় কাটান।

আয়োজক প্রতিনিধি হেলাল উদ্দিন বলেন, তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদন চর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। খেলাধুলা ও সংস্কৃতির সমন্বয়ে এমন উদ্যোগ সামাজিক বন্ধনকে আরো শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

স্থানীয়দের মতে, ফুটবলকে ঘিরে এমন আয়োজন টেকনাফে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

বরিশালে চেক প্রত্যাখ্যান মামলায় আ. লীগ নেত্রী গ্রেপ্তার | কালের কণ্ঠ