চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বন্যাকবলিত মানুষের জন্য মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (১২ জুলাই) দিনব্যাপী উপজেলার জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ক্যাপ্টেন সাদি ও ডা. নাবিলা তাবাসসুম। এসময় নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী অসুস্থ মানুষ চিকিৎসকের পরামর্শ গ্রহণের পাশাপাশি ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ পান। ক্যাম্প চলাকালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে পানিবন্দী মানুষের খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এর আগে শনিবার উপজেলার চরখিজিরপুর গ্রামেও সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। সেখানে প্রায় ২০০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জানান, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী বলেন, ‘সেনা বাহিনীর মেডিকেল ক্যাম্পেইন বন্যাকবলিত অসহায় মানুষজন চিকিৎসা গ্রহণ করেছেন এবং ওষুধ পেয়েছে। এই দুর্যোগময় পরিস্থিতিতে এমন মানবিক সেবা পাওয়ায় আনন্দিত হয়েছেন তারা।’




