• ই-পেপার

অবৈধ ইটভাটার মাটি রাখতে কৃষকের ১৬০০ কলাগাছ কর্তন, ১০ দিনেও মেলেনি প্রতিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই শুরু হচ্ছে কবি আল মাহমুদ স্মরণোৎসব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই শুরু হচ্ছে কবি আল মাহমুদ স্মরণোৎসব
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ৯ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব-২০২৬। বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের ‘সোনালী কাবিন পদক-২০২৬’ পাচ্ছেন কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই সিকদার।

রবিবার (৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত এবং সাধারণ সম্পাদক লিটন হোসাইন জিহাদ। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, জেলা প্রশাসন এবং কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত এ স্মরণোৎসব অনুষ্ঠিত হবে। ৯ জুলাই সকালে কবির কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে উৎসবের সূচনা হবে। বিকেলে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে মূল আয়োজন।

আয়োজকরা জানান, বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম শক্তিমান কবি আল মাহমুদের সাহিত্য, জীবন ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তাঁর সাহিত্যচর্চাকে উৎসাহিত করা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখাই এ স্মরণোৎসবের প্রধান উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সোনালী কাবিন পদক’ প্রদান করা হবে।

তিন দিনের কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, গবেষণাভিত্তিক আলোচনা এবং স্কুল-কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা। ‘গদ্য সাহিত্যে আল মাহমুদ’ ও ‘কবিতায় আল মাহমুদ’ শীর্ষক আলোচনা সভায় দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।

১১ জুলাই বিকেলে সমাপনী অনুষ্ঠানে কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি আব্দুল হাই সিকদারের হাতে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ তুলে দেবেন। পরে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফুলবাড়িয়ায় প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিথি
ফুলবাড়িয়ায় প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী
ফুলবাড়িয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ফিতা কেটে উদ্বোধন করছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

 ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদের নবনির্মিত চারতলা প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রবিবার (৫ জুলাই) বিকেলে নবনির্মিত প্রশাসনিক ভবন ও উপজেলা পরিষদ মিলনায়ত উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, সংরক্ষিত নারী সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মাসুম প্রধান, উপজেলা নির্বহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী, যুগ্ম আহবায়ক আবুল ফজল প্রমূখ।

এর আগে রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনাতয়নে প্রতিমন্ত্রীকে প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মিলনাতয়নে  প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতৃকর্মীদের মাধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করেন। ঢাকায় সরকারের জরুরী কাজ থাকায় পূর্ব নির্ধারতি প্রশাসন ও সুধিজনদের সাথে মতবিনিময় সভায় তিনি অংশ গ্রহন করেনি।

গাজীপুরে সওজের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২ অবৈধ স্থাপনা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে সওজের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২ অবৈধ স্থাপনা
ছবি : কালের কণ্ঠ

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। রবিবার (৫ জুলাই) দুপুরে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে পরিচালিত অভিযানে পাকা, আধাপাকা ও টিনশেড দোকান ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

সওজ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সড়কের পাশে সরকারি জমি দখল করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও দখলদাররা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

তবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, ২০১৪ সালে ফ্লাইওভার নির্মাণের জন্য ওই জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘদিনেও প্রকল্পের কাজ শুরু হয়নি। তাই তারা দোকানপাট সরিয়ে নেননি। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ভেকু দিয়ে দোকানগুলো ভেঙে দেওয়ায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, বহু বছর ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তারা। হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের চলমান ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই এলাকায় আরও অনেক দোকান থাকলেও শুধু কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সড়ক ও জনপথ বিভাগের টঙ্গী উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন খান বলেন, সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতাভুক্ত সরকারি জমি দীর্ঘদিন ধরে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। চলতি বছরের এপ্রিল মাসে নোটিশ দেওয়ার পরও স্থাপনা অপসারণ না করায় আইনানুগভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪ সদস্য আটক
ছবি: কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জ শহরে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ একটি মাদক কারবারি পরিবারের চার সদস্যকে আটক করা হয়েছে।

আটকরা হলেন শহরের ফুলকুঁড়ি সিএন্ডবি ঘাট এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মাসিরুন বেগম (৫০) এবং দুই ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও মাসুদ রানা (২৮)।

অভিযানে ৫টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ১টি সোনার ও ৭টি রুপাসহ অন্যান্য ধাতুর আংটি, ১টি ডিজিটাল ওজন মাপার যন্ত্র, ১টি পাসপোর্ট, হেরোইন প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম এবং মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা নগদ জব্দ করা হয়।

পুলিশ জানায়, রবিবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে ফুলকুঁড়ি এলাকায় আব্দুর রহমানের নিজস্ব তিনতলা বাড়িতে হেরোইনের চালান থাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সদর থানা পুলিশের পরিচালিত ঘণ্টাব্যাপী এ অভিযানে আনুমানিক ২ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় একই পরিবারের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় রবিবার বিকেল সোয়া ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আব্দুর রহমান পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তিনি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। এর আগে তার বিরুদ্ধে হেরোইন-সংক্রান্ত দুটি মামলা রয়েছে। তার স্ত্রী ও দুই ছেলেও মাদক কারবারে সহযোগিতা করতেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া হেরোইনের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।