ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি সাইনবোর্ডের খুঁটিতে সজোরে ধাক্কা দিলে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
গত বুধবার (১০ জুন) রাতে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার দমদমা রহমান পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান এবং ভর্তি করানো হয়।
বৃহস্পতিবার (১১জুন) দুপুরে এ তথ্য জানায় পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, নিহত নারীর নাম শামসুন্নাহার (৩৫)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকার প্রথম ভাঙ্গা গ্রামের বাসিন্দা খসড়ু মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর নগরীর পাগলাপীর এলাকা থেকে পীরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস রাতে দমদমা রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসটি সড়কের পাশে থাকা একটি সাইনবোর্ডের লোহার খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী আসনের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন এবং কয়েকজন বাসের ভেতরে আটকে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধারকাজ শুরু করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত হন শামসুন্নাহার। পরে ঘটনাস্থলেই তার স্বামীর কেলে তার মৃত্যু হয়। এছাড়া আরো প্রায় ২০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের দাবি, মহাসড়কে চলাচলকারী যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসটির সামনের চাকা ফেটে যাওয়ার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি সাইনবোর্ডের খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। এঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




