• ই-পেপার

মরিয়মের মায়ের বয়স ৫২, লাশের ৩২! অনেক প্রশ্নের উত্তর মিলছে না

  • ডিএনএ পরীক্ষার আবেদন

দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। রবিবার (২১ জুন) ভোররাতে দর্শনা থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন দর্শনা এলাকার প্রভাত আলম (৩২)। তিনি দর্শনা শ্যামপুর গ্রামের মৃত ইসলামের ছেলে এবং দর্শনা কলেজের ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। তিনি বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। অপর দিকে ওয়াসিম হোসেন (৩২) দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের শাজাহান আলীর ছেলে। তিনি একটি মাদক মামলার আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

কালীগঞ্জ

১৮ কোটির হাসপাতাল এখন সাপ-শিয়ালের আস্তানা

হস্তান্তর করা হয় ২০২১ সালে  দ্রুত চালুর দাবি স্থানীয়দের

রিপন আনসারী, গাজীপুর
১৮ কোটির হাসপাতাল এখন সাপ-শিয়ালের আস্তানা
গাজীপুরের কালীগঞ্জে ২০ শয্যাবিশিষ্ট তালিয়া হাসপাতালটি পাঁচ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। শনিবার তোলা। -কালের কণ্ঠ

দূর থেকে দেখলে মনে হবে ঝকঝকে আধুনিক স্বাস্থ্যকেন্দ্র। ভেতরে এসি, টেলিভিশনসহ রয়েছে সব সরঞ্জাম। তবে দরজায় তালা, করিডোরে নিস্তব্ধতা আর চারপাশে ঝোঁপঝাড়, যেখানে গড়ে উঠেছে সাপ ও শিয়ালের আস্তানা। 

প্রান্তিক মানুষের  চিকিৎসার জন্য ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তালিয়া ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। কিন্তু নির্মাণের পর গত পাঁচ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে চিকিৎসাপ্রতিষ্ঠানটি। 

শনিবার (২০ জুন) সরেজমিন হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, ভবনের চারপাশ ঝোঁপঝারে ঢাকা। হাসপাতালের খোলা জায়গা দখল করে স্থানীয়রা সবজি চাষ করছেন। ভবনের ভেতরে আসবাব ও সরঞ্জাম থাকলেও তা অব্যবহৃত পড়ে আছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জানা যায়, প্রায় ২ দশমিক শূন্য ৭ একর জমির ওপর হাসপাতালটি নির্মিত হয়েছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাজ শুরু হয়ে ২০২০ সালের ডিসেম্বরে নির্মাণ শেষ হয়। ২০২১ সালের জুনে এটি গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে হস্তান্তর করা হয়। একটি মূল ভবন, তিনটি কোয়ার্টার, জেনারেটর কক্ষ ও গ্যারাজ থাকলেও নেই চিকিৎসা কার্যক্রম।

সূত্র জানায়, ২০২৩ সালের অক্টোবরে হাসপাতালটির সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। ২০২৪ সালের মার্চে অর্থ মন্ত্রণালয় ১৬টি পদ অনুমোদন দিলেও ১২টি পদ এখনো শূন্য। পদায়ন করা একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও দুইজন নার্স বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন। তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক কোড না থাকা। এ কারণে বাজেট বরাদ্দ হচ্ছে না। ফলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বা ওষুধ কেনা সম্ভব হচ্ছে না।

তালিয়া গ্রামের বাসিন্দা আফরোজা বেগম  বলেন, ‘অসুস্থ হলে আমাদের অনেক দূরে যেতে হয়। বিশেষ করে প্রসূতিদের নিয়ে ঢাকায় যাওয়া খুব কষ্টের। হাসপাতালটি চালু হলে আমাদের দুর্ভোগ কমতো।’ 

স্থানীয় চিকিৎসক ও বাসিন্দারা দ্রুত এটি চালুর দাবি জানিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ বলেন, ‘অর্থনৈতিক কোড না থাকায় কার্যক্রম শুরু করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, ‘ওষুধ, জনবল ও বাজেটের কিছুটা ঘাটতি আছে। তবে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই হাসপাতালটি চালু করা যাবে।’

হাকিমপুরে সামান্য বৃষ্টিতেই বেহাল সড়ক, দুই গ্রামের মানুষের দুর্ভোগ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হাকিমপুরে সামান্য বৃষ্টিতেই বেহাল সড়ক, দুই গ্রামের মানুষের দুর্ভোগ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর (ধাওয়া) ও কোকতাড়া গ্রামের সংযোগ সড়কটি সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় শত শত মানুষ।

দুই গ্রামের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় বর্ষা মৌসুমে তো বটেই, হালকা বৃষ্টিতেও যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, ধাওয়ানশীপুর থেকে কোকতাড়া পর্যন্ত সড়কটি কাঁচা ও খানাখন্দে ভরা থাকায় বৃষ্টি হলেই কাদায় পরিণত হয়। এতে মোটরসাইকেল, বাইসাইকেল, এমনকি হেঁটে চলাচলও দুরূহ হয়ে পড়ে।

জাতীয় বা স্থানীয় নির্বাচনের সময় সড়ক সংস্কারের আশ্বাস দেওয়া হলেও দীর্ঘদিনেও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাদের।

সরেজমিনে দেখা যায়, স্কুলগামী শিক্ষার্থীরা কাদা মাড়িয়ে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। ধানবোঝাই অটোরিকশা ও চার্জার ভ্যানগুলোকে গর্ত পার করতে গিয়ে একাধিক ব্যক্তি মিলে ধাক্কা দিতে হচ্ছে।

হিলি পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজার থেকে ধান নিতে আসা অটোচার্জারচালক মোবাশ্বের হোসেন বলেন, মহাজনের ধান নিতে এসে বিপদে পড়েছি। একটি ধানবোঝাই গাড়ি ৪–৫ জন মিলে গর্ত পার করতে হচ্ছে। এ অবস্থায় ভাড়া অনুযায়ী কাজ করাও কঠিন হয়ে পড়েছে।

আরেক চালক রায়হান বলেন, ধান নিতে এসে রাস্তায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাধ্য হয়ে নিজেরাই অস্থায়ীভাবে রাস্তা সংস্কার করে ধান নিয়ে যাচ্ছি। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।

ধাওয়ানশীপুর থেকে কোকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আঞ্জুয়ারা খাতুন বলেন, অনেক দিন ধরে রাস্তার এই অবস্থা। সামান্য বৃষ্টি হলেই স্কুলে যেতে খুব কষ্ট হয়। অনেক শিক্ষার্থী তখন স্কুলে আসে না।

ছাতনী চৌমুহনী বাজারের ধান ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন, রাস্তাটির কারণে পরিবহন খরচ বেড়ে গেছে। দ্রুত সংস্কার হলে ভাড়া কমত এবং কৃষকরাও তাদের ধানের ন্যায্য মূল্য পেতেন।

কোকতাড়া গ্রামের ধান বিক্রেতা জামান আলী বলেন, শুধু ধান বিক্রি নয়, রাস্তার বেহাল দশার কারণে আমাদের গ্রামের ছেলে-মেয়েদের বিয়ে দিতেও সমস্যা হয়। প্রতি মণ ধান প্রায় ১০০ টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে। তাই দ্রুত রাস্তার সংস্কার চাই।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান বলেন, এডিপি প্রকল্পের অর্থায়নে ধাওয়া গ্রামের মাসুদের দোকান থেকে কোকতাড়া গ্রামের দিকে ৪১০ মিটার ইটের সলিং নির্মাণের টেন্ডার হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। ভবিষ্যতে ১০ ফুট প্রস্থে সড়কটি পাকাকরণের লক্ষ্যে প্রস্তাব পাঠানো হয়েছে।

আলিহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দীপংকর শাহা রিপন বলেন, বর্ষা শুরু হওয়ায় দু-এক দিনের মধ্যে সড়কটিতে রাবিশ বা ইটের টুকরা ফেলে চলাচল উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইমরান আলী বলেন, কোকতাড়া থেকে ধাওয়ানশীপুর সড়কে এডিপি প্রকল্পের আওতায় ইটের সলিং নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে।

তবে দুই গ্রামের বাসিন্দাদের দাবি, যেকোনো প্রকল্পের আওতায় হলেও কোকতাড়া থেকে ধাওয়ানশীপুর পর্যন্ত পুরো সড়কটি দ্রুত পাকাকরণ বা ইটের সলিং করে স্থায়ী সমাধান করা হোক, যাতে সারা বছর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত হয়।

বিমানবন্দরে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ নারী আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিমানবন্দরে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ নারী আটক
সংগৃহীত ছবি

কক্সবাজার বিমানবন্দরে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ জেসমিন আক্তার নামে এক নারী যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। রবিবার (২১ জুন) তাকে গ্রেপ্তার করা হয়।

জেসমিন আক্তার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের মৃত হারুন মিয়ার কন্যা।

বিমানবন্দর সূত্র জানা যায়,  নভোএয়ারের ঢাকাগামী ফ্লাইট (ঠছ-৯২২)-এ ভ্রমণের জন্য বোর্ডিং পাস সংগ্রহ করেন ওই নারী। পরে হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের সময় তার বহন করা একটি ল্যাপটপ ব্যাগ সন্দেহজনক মনে হলে নিরাপত্তাকর্মীরা সেটি তল্লাশি করেন।

এ সময় সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী রাকেশ ঘোষ ব্যাগটির দুই পাশের ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে লুকিয়ে রাখা ইয়াবার চালান শনাক্ত করেন। পরে ব্যাগ থেকে মোট ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

মরিয়মের মায়ের বয়স ৫২, লাশের ৩২! অনেক প্রশ্নের উত্তর মিলছে না | কালের কণ্ঠ