রংপুরের পীরগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে আজ সোমবার থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর ভাই।
অভিযুক্তরা হলেন, পার্বতীপুর গ্রামের বিদ্যুৎ সরকার, রতন মিয়া, হবিবর রহমান ও মিথুল এবং পীরগঞ্জ ইউনিয়নের বারাইপাড়া গ্রামের হাফিজার রহমানকে আসামি করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড় দরগাহ ইউনিয়নের ডাসারপাড়া গ্রামের ওই মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ভুক্তভোগী জানান, গত ১ জুলাই রাত ১০টার দিকে ওই নারী বাড়ি থেকে বের হয়ে যান। প্রবল বৃষ্টির কারণে তিনি পীরগঞ্জ ইউনিয়নের বারাইপাড়া সার্বজনীন দুর্গামন্দিরের বারান্দায় আশ্রয় নেন। ২ জুলাই (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২টার দিকে ৫ অভিযুক্ত তাঁকে সেখান থেকে জোর করে তুলে বড় দরগাহ ইউনিয়নের পার্বতীপুর গ্রামের একটি মুদি দোকানে নিয়ে যান। পরে দোকান বন্ধ করে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
অভিযোগ সুত্রে আরো জানা যায়, ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁকে দোকান থেকে বের করে দিয়ে পালিয়ে যান। ঘটনার বিষয়ে স্থানীয় দুই জনকে সাক্ষী করা হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যাবস্থা নিব।’




