সিরাজগঞ্জের তাড়াশে জুলাই আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) ভোরে উপজেলার পংরৌহালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রুবেল হোসেন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মো: আফজাল হোসেনর ছেলে এবং নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক।
অভিযোগ অস্বীকার করে রুবেলের পরিবারের পক্ষ থেকে বলা হয়, সে ওই ঘটনার সঙ্গে কোনো ভাবেই জড়িত নয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।’






