নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেন পরিবারসহ রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি আমবাহী পিকআপের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আকিব হোসেনের চার মাস বয়সী শিশু ইজাজ নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত আকিব, তার স্ত্রী এ্যানী, চার বছর বয়সী সন্তান ইহান এবং আকিবের মা কনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পরে হাসপাতালে নেওয়ার পথে আরো একটি শিশু ইহানের মৃত্যু হয়। আহত তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি মনিরুজ্জামান আরো বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







