• ই-পেপার

গ্রামের মানুষ এখন শহরের সুবিধা ভোগ করছে : পলক

কক্সবাজারে অপহৃত শিশু মহেশখালীর পাহাড় থেকে উদ্ধার, রোহিঙ্গা নারী আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারে অপহৃত শিশু মহেশখালীর পাহাড় থেকে উদ্ধার, রোহিঙ্গা নারী আটক
সংগৃহীত ছবি

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকা থেকে অপহৃত শিশু আবির হোসেনকে (৫) মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) বিকেলে মহেশখালীর দেবেঙ্গাপাহাড় পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে রংবাহার নামের এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শিশুটি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা। গত ৫ জুন রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরে অপহরণকারীরা পরিবারের কাছে ফোন করে শিশুটিকে ফেরত দেওয়ার শর্তে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার পর শিশুটির মা সুমি আক্তার কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অপহরণকারীদের শনাক্ত ও শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করা হয় এবং রংবাহার নামের এক নারীকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাকে উখিয়ার কুতুপালং-৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘জিডি হওয়ার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশখালী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অপহরণ চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।’ 

রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত গ্রেপ্তার

মাল্টিমিডিয়া রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত গ্রেপ্তার
গ্রেপ্তার সামিউল সিরাজ

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

রবিবার (৭ জুন) বেলা ১১টায় এসএসসি পরীক্ষার্থী ওই শিক্ষার্থী তার দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে স্কুলে যাওয়ার পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে অভিযুক্ত সামিউল সিরাজ তাদের পথরোধ করে। এসময় পূর্ববিরোধের জের ধরে ধারাল অস্ত্র দিয়ে ওই শিক্ষার্থীকে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ হামলায় শিক্ষার্থীর হাত ও পেটের একপাশে গুরুতর জখম হয়। ঘটনার পর অভিযুক্ত দ্রুত পালিয়ে গেলে তার সঙ্গে থাকা বান্ধবীরা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

ঘটনার সংবাদ পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য একাধিক টিমকে নির্দেশনা দেন।

পুলিশ কমিশনারের নির্দেশনায় বোয়ালিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্তকে বোয়ালিয়া থানার টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে অভিযুক্ত সামিউল সিরাজ (সিজান)-কে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান শুরু করে অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। ঘটনার মাত্র আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল
সংগৃহীত ছবি

কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

রবিবার (৭ জুন) কেন্দ্রীয় ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (৫ জুন) দুপুর ১টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের নাওড়া এলাকার টেংনাকুড়া ব্রিজ সংলগ্ন সড়কে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

ছড়িয়ে পড়া প্রায় দুই মিনিট ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে মুখে মাস্ক পরা ১৮–২০ জন কিশোর ও তরুণকে সড়কে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে উলিপুর উপজেলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর বলেন, ‘ভিডিওটি তাদের নজরে এসেছে। এতে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কমলনগরে ইউপি চেয়ারম্যান রাসেল গ্রেপ্তার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
কমলনগরে ইউপি চেয়ারম্যান রাসেল গ্রেপ্তার
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে মির্জা আশ্রাফুল জামান রাসেল (৩৭) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রবিবার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের হাজী ফাজিল মিয়ার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার অ্যাডভোকেট মনিরুল ইসলামের ছেলে।

রাসেল উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ নেতা।

পুলিশ জানায়, রাসেল আওয়ামী লীগের সক্রিয় একজন নেতা। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ. লীগের নেতাকর্মীদের সংঘটিত করে এ অঞ্চলে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে তার নেতৃত্বে সরকার বিরোধী নানা কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাসেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আলমগীর হোসেন রাত সাড়ে ১০টার দিকে কালের কণ্ঠকে বলেন, পুলিশের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

গ্রামের মানুষ এখন শহরের সুবিধা ভোগ করছে : পলক | কালের কণ্ঠ