পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মোহাম্মদ আলী (১৭) নামের এক হকারের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মোহাম্মদ আলী পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পপকর্নভর্তি বস্তা নিয়ে চাটমোহর স্টেশন থেকে ট্রেনে করে ঈশ্বরদী বাইপাস স্টেশনে আসেন মোহাম্মদ আলী। সেখান থেকে চাটমোহরমুখী অন্য একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করলে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
মোহাম্মদ আলীর স্বজনরা জানান, পারিবারিক অভাব-অনটনের কারণে অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে জীবিকার তাগিদে বিভিন্ন ট্রেনে পপকর্ন বিক্রি শুরু করে মোহাম্মদ আলী। প্রতিদিন পপকর্ন বিক্রি করে যা আয় হতো, তা পরিবারের হাতে তুলে দিতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






