• ই-পেপার

নানাবাড়ি বেড়াতে এসে ভাই-বোনের মৃত্যু

ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

রাজবাড়ী প্রতিনিধি
ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত
বহিষ্কৃত দুই ইউপি চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক ও মেহেদী হাচিনা পারভীন নিলুফা। সংগৃহীত ছবি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

সোমবার (১৩ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা এবং মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।

তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন দুই চেয়ারম্যান।

রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা জানান, মামার মৃত্যুর কারণে চাল বিতরণের সময় তিনি ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন না। সরকারি তদারকি কর্মকর্তা আফরোজা চৌধুরী ও ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম উপস্থিত থেকে চাল বিতরণ করেন।

তিনি আরো বলেন, ‘চাল বিতরণের সময় অনিয়মের অভিযোগে ৯৭টি কার্ড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রমাণ থাকা সত্ত্বেও তাকে দায়ী করা হয়েছে, যা অন্যায়।’

অন্যদিকে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক জানান, সেদিন তিনি পূজার জন্য উপবাসে ছিলেন। তদারকি কর্মকর্তা আতাহার আলী ও ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদের কাছে চাল বুঝিয়ে দিয়ে তিনি বাড়ি চলে যান। চাল বিতরণে কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তারাই দায়ী।

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘চাল বিতরণে অনিয়মের বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এর প্রেক্ষিতে সোমবার মন্ত্রণালয় দুই চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ জারি করেছে।’

পার্বতীপুরে ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুরে ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
সংগৃহীত ছবি

দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে মা ও তার কিশোরী মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহতরা হলেন উপজেলার ছোট চন্ডিপুর গ্রামের বাসিন্দা রিপেন চন্দ্রের স্ত্রী ছবি রানী (৪০) এবং মেয়ে পল্লবী রানী (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলের দিকে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে রিপেন চন্দ্র স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের কাঠের বর্গায় লাগানো সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মা ও মেয়েকে ঝুলতে দেখা যায়। তাঁদের দ্রুত নিচে নামানো হলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে স্বজনরা নিশ্চিত হন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল সম্পন্ন করে উদ্ধার করে থানায় নিয়ে যান।  পরে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীদের অনেকেই ঘটনাটিকে অত্যন্ত হৃদয় বিদারক বলে মন্তব্য করেছেন।

মৌলভীবাজারে বন্যায় কৃষি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি, মাঠ পর্যায়ে চলছে জরিপ

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বন্যায় কৃষি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি, মাঠ পর্যায়ে চলছে জরিপ
সংগৃহীত ছবি

গত কয়েক দিনের টানা বন্যায় মৌলভীবাজার জেলায় কৃষি, মৎস্য ও গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট, বসতবাড়ি থেকে পানি নামায় ক্ষতচিহ্ন ভেসে উঠছে। এ ছাড়া বন্যার তোড়ে তলিয়ে গেছে ফসলের মাঠ, ভেসে গেছে শত শত পুকুরের মাছ এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। পরিস্থিতি মোকাবেলায় ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে কাজ করছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। তবে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করতে সময় লাগবে। এখনো অনেক নিচু এলাকায় রাস্তাঘাট থেকে পানি নামেনি। আজ সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় জেলা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা আংশিক ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছেন।

কৃষি খাতে ক্ষয়ক্ষতির চিত্র

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় কৃষি খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন জানান, জেলায় ৩৮,৫৩০ হেক্টর জমিতে আউস আবাদ হলেও ২৪৮ হেক্টর আক্রান্ত হয়েছে। এ ছাড়া ৩,০৭৯ হেক্টর আমন বীজতলার মধ্যে ৮৬.৫০ হেক্টর এবং ২৩৬ হেক্টর খরিফ-২ সবজি আবাদের মধ্যে ৬৪.৫০ হেক্টর এলাকা প্লাবিত হয়েছে।

তিনি আরো বলেন, ‘মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে আক্রান্ত এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে কৃষকরা বড় ধরনের লোকসান থেকে রক্ষা পাবেন বলে আশা করছি।’

মৎস্য খাতে কোটি টাকার ক্ষতি

বন্যায় জেলার মৎস্য চাষিরা পড়েছেন চরম বিপাকে। জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন জানান, বন্যায় জেলার প্রায় ৪০৫টি পুকুর ও জলাশয় প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে বিপুল পরিমাণ মাছ। প্রাথমিক হিসাবে এই খাতে প্রায় এক কোটি ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

কৃষি খাতের পাশাপাশি জেলার গ্রামীণ সড়ক যোগাযোগব্যবস্থায় নেমে এসেছে বিপর্যয়। বন্যার তোড়ে অনেক স্থানে রাস্তাঘাট ভেঙে বা তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ জানান, ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। পুরো পরিস্থিতির চিত্র স্পষ্ট হতে আরো ৩-৪ দিন সময় লাগবে। জরিপ শেষেই দ্রুততম সময়ের মধ্যে সড়ক মেরামতের কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

গবাদি পশুর খাদ্য ও চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ

বন্যায় চারণভূমি ও খামারের গোখাদ্য তলিয়ে যাওয়ায় গবাদি পশুর মালিকরা পড়েছেন চরম সংকটে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান জানিয়েছেন, প্রতিটি উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। তিনি বলেন, ‘খামারিরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া মাত্রই সরকারি সহায়তা এবং জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে।’

উল্লেখ্য যে,  উজানে বৃষ্টিপাত না হওয়ায়  মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হচ্ছে।  মনু, ধলাই, জুড়ী ও কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয় কেন্দ্র বা উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন তারা বাড়ি ফিরেছেন। বন্যা কবলিত এলাকায় সরকারি ও ব্যক্তি উদ্যোগে দেয়া হচ্ছে শুকনো খাবার।

রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের বন্যায় আক্রন্ত রফিক মিয়া ও জসিম মিয়া , আছিয়া বেগম বলেন, গত ৩ দিন পানির নিচে থাকার পর গতকাল শনিবার রাত থেকে ঘর বাড়ি থেকে পানি নামা শুরু করেছে। ঘরে খাবার নেই , অনেকে সরকারী সাহায্য পাচ্ছে আমরা এখনো পাইনি। এছাড়াও  আমাদের পরিবারের বাচ্চাকাচ্চার জ্বর উঠেছে আবার কারো ডায়রিয়া আক্রান্ত।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, ‘বন্যা কবলিত এলাকায় পানি বাহিত রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা সেবায়  মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। একই সাথে পর্যাপ্ত ওষুধ মজুত করা আছে। নিচু এলাকায় অনেক স্থানে পানি রয়েছে।’

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘বন্যার্তদের জন্য ইতোমধ্যে খাবার, চাল ও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যাকবলিত প্রতিটি এলাকায় মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। আমরা মনিটর করছি। তবে বাড়ি ঘর থেকে পানি নেমে গেছে।’

নালিতাবাড়ীতে নৈতিক শিক্ষা চর্চায় সততা স্টোর

নালিতাবাড়ী প্রতিনিধি
নালিতাবাড়ীতে নৈতিক শিক্ষা চর্চায় সততা স্টোর
নালিতাবাড়ীর তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সততার চর্চা গড়ে তুলতে ‘সততা স্টোর’ উদ্বোধন।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সততার চর্চা গড়ে তুলতে ‘সততা স্টোর’ নামে একটি বিক্রেতাবিহীন দোকানের উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে সোমবার (১৩ জুলাই) সকালে দোকানটির উদ্বোধন করা হয়। ফিতা কেটে ‘সততা স্টোর’-এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. আব্দুল মালেকের সভাপতিত্বে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মান্নান সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন দুপ্রকের সভাপতি হাকাম হীরা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, বিআরডিবির চেয়ারম্যান এম এ রায়হান, বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন, কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ প্রমুখ।

বক্তারা বলেন, ‘সততা স্টোর’ একটি বিক্রেতাবিহীন দোকান। এখান থেকে শিক্ষার্থীরা মূল্যতালিকা দেখে প্রয়োজনীয় পণ্য নিজেরাই সংগ্রহ করবে এবং নির্ধারিত মূল্য ক্যাশ বাক্সে জমা দেবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণের চর্চা গড়ে উঠবে। ভবিষ্যতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন তারা।

নানাবাড়ি বেড়াতে এসে ভাই-বোনের মৃত্যু | কালের কণ্ঠ