গত মাসে গ্রাহক আলাউদ্দিনের বিদ্যুৎ বিল এসেছিল ৬৭৭ টাকা। চলতি মাসে এসেছে দুই হাজার ৩৭৭ টাকা। একইভাবে বেলাল হোসেনের ৩০০ টাকার জায়গায় এ মাসে এসেছে এক হাজার ৭০০ টাকা।
শুধু আলাউদ্দিন আর বেলাল হোসেন নয়, এমন ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল এসেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার অধিকাংশ গ্রাহকের। পল্লী বিদ্যুতের এমন অস্বাভাবিক বিল নিয়ে আতঙ্ক কাজ করছে তাদের মধ্যে।
আদনান শরীফ নামের এক বাসিন্দা জানান, গত মাসে তার বিদ্যুৎ বিল এসেছিল যেখানে এক হাজার ৫০০ টাকা, এ মাসে সেখানে এসেছে সাত হাজার ১৯০ টাকা। মোস্তাফিজুর রহমান নামের এক গ্রাহকের গত মাসে যেখানে এসেছিল ৫০০ টাকা, এ মাসে সেখানে এসেছে এক হাজার ৫০০। আওলাদ হোসেনের গত মাসে এসেছিল ৪৫০ টাকা, এ মাসে এসেছে এক হাজার ৮০০ টাকা।
গ্রাহকরা বলছেন, এ মাসে ‘ভূতুড়ে’ বিল নিয়ে গোটা উপজেলার গ্রাহকদের সঙ্গে বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীদের বাগবিতণ্ডা হচ্ছে। চলছে নেট দুনিয়ায় সমালোচনার ঝড়। এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে গ্রাহকদের মধ্যে।
গ্রাহকদের অভিযোগ, হঠাৎ করেই দ্বিগুণ-তিনগুণ এমনকি কারো কারো পাঁচগুণেরও বেশি বিল এসেছে চলতি মাসে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক সমালোচনা। গ্রাহকরা বিলের কপি ফেসবুকে প্রকাশ করে ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন। বিষয়টি দ্রুত তদন্ত ও সমাধানের দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগীদের দাবি, যেসব পরিবারে বিদ্যুৎ ব্যবহার একই রকম রয়েছে, তাদেরও আগের মাসের তুলনায় অনেক বেশি বিল এসেছে। কেউ কেউ অভিযোগ করেন, বিদ্যুৎ অফিসে অভিযোগ জানাতে গেলে যথাযথ সেবা না পেয়ে উল্টো হয়রানির শিকার হতে হচ্ছে তাদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলনগরের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডিতে এ নিয়ে অসংখ্য পোস্ট দেখা গেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, নিয়মিত লোডশেডিংয়ের মধ্যেও কিভাবে এত বেশি বিদ্যুৎ বিল আসছে- তা নিয়ে। কেউ কেউ মিটার রিডিংয়ের অসংগতি ও গড় বিল করার অভিযোগও তুলেছেন।
কমলনগর উপজেলা পল্লী বিদুৎ অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় পল্লীবিদ্যুৎ অফিসের অধীনে প্রায় ৬১ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। চলতি মাসে অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ বিলে দুই তিনগুণ টাকা আসায় গত তিন দিন ধরে চলছে প্রতিবাদ।
স্থানীয় বাসিন্দাদের মতে, বিদ্যুতের অতিরিক্ত বিল সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। অনেকেই দ্রুত বিল সংশোধন ও সঠিক মিটার রিডিং অনুযায়ী নতুন বিল প্রস্তুতের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে কমলনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রাশেদুল ইসলাম বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে মিটার রিডিংয়ের ভুল বা সমন্বয়ের কারণে বিল বেশি আসতে পারে। অভিযোগ পেলে যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করা হবে। এ নিয়ে এত হৈচৈ করার কোনো মানে হয় না ‘গ্রাহকদের বিলের সঙ্গে মিটার রিডিং মিলিয়ে দেখারও পরামর্শ দেন এ কর্মকর্তা।