রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের পাটক্ষেত থেকে আসাদুল ইসলাম নামে এক জামায়াত নেতার মরদে উদ্ধার করেছে পুলিশ। নিহত আসাদুল একই ইউনিয়নের বিল মানুষ মারি গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। সোমবার কালুখালী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
জামায়াতে ইসলামী মদাপুর শাখার আমির ফিরোজ আহমেদ জানান, আসাদুল জামায়াতে ইসলামী মদাপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বায়তুল মাল সেক্রেটারি ছিলেন। গত রবিবার আসাদুল নিখোঁজ হন। সোমবার সকালে সূর্যদিয়া গ্রামের মাঠের পাটক্ষেতের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। দুর্বৃত্তরা আসাদুলের হাত-পা বেঁধে মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, আসাদুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।







