সন্ধ্যা পৌনে ৬টা থেকে রাত ৯টা। টানা সোয়া তিন ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা। এক কথায় জীবনযাত্রায় হঠাৎ যেন অচলাবস্থা নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরো কয়েকদিন থেমে থেমে হতে পারে এমন বৃষ্টি।
বুধবার (১০ জুন) সোয়া তিন ঘণ্টায় খুলনায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে খুলনা আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান জানিয়েছেন। তার ভাষায় এটি এবারের বৃষ্টি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত।
এদিকে, সোয়া তিন ঘণ্টার ভারি বৃষ্টিতে খুলনা শহরের বেশির ভাগ সড়ক ও নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বিশেষ করে নগরীর রয়্যাল মোড়, বাইতিপাড়া, কেডিএ বাণিজ্যিক এলাকা, ময়লাপোতা, রূপসা ফেরিঘাট, বয়রা বাজার, বাগমারা, মিস্ত্রী পাড়া, টুটপাড়া, বসুপাড়া, মুজগুন্নী সড়ক, নতুন রাস্তা মোড়, বাস্তুহারা কলোনিসহ অধিকাংশ এলাকায় দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা।
নগরবাসীর অভিযোগ, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অপসারিত মেয়র তালুকদার আবদুল খালেক বিগত দিনে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে নগরীতে ড্রেন ও রাস্তা নির্মাণ করেছে। বেশিরভাগ ড্রেনের স্লাব ঠিক নেই। ড্রেনের ভেতর পানি স্থির হয়ে জমে থাকে। বেশিরভাগ ড্রেনের মুখ বন্ধ হয়ে আছে। ফলে সামান্য বৃষ্টি হলে ড্রেনের পানি সরতে চায় না। ময়ুরনদসহ ২২ খাল দখল হয়ে যাওয়ায় শহরের পানি দ্রুত সরতে পারে না। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয় নগরজুড়ে।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাড. মো. বাবুল হাওলাদার বলেন, বিগত দিনে জলাবদ্ধতা নিরসনের নামে বড় বড় প্রকল্প গ্রহণ হলেও সেগুলোর কার্যকারিতা নিয়ে নেই কোনো জবাবদিহি। প্রকল্প শেষ হওয়ার পর রক্ষণাবেক্ষণের অভাবও পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এজন্য তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহবান জানান।




