• ই-পেপার

রোহিঙ্গা শিবিরে চরম নৃশংসতা

মৌলভি জবাই করল আরেক মৌলভিকে

রাজধানী থেকে সাবেক এমপির ছেলেসহ গ্রেপ্তার ২

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
রাজধানী থেকে সাবেক এমপির ছেলেসহ গ্রেপ্তার ২
গোলাম হাসনাইন রাসেল। ছবি : সংগৃহীত

ঢাকার মিরপুর থেকে পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী বশির উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়। 

সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে মিরপুর মডেল থানায় পাঠিয়েছে। পরে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে তাদের পাবনা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। 

‎পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ‎রাসেল পাবনা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেনের বড় ছেলে। আর তার সহযোগী বশির আহমেদ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও স্থানীয় এপিক প্রিন্টার্সের মালিক।

স্থানীয়রা জানায়, মকবুল হোসেন ২০০৮ সাল থেকে টানা চতুর্থবারের এমপি ছিলেন। বাবার আশীর্বাদে ২০১৫ সালে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও ২০২৪ সালের উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন রাসেল। এ ছাড়া ২০২২ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পান তিনি। পরে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর জনগণের রোষানল থেকে বাঁচতে রাতের আঁধারে এলাকা থেকে পালিয়ে যান রাসেল।

‎পাবনা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, ঢাকায় গ্রেপ্তারের পর পাবনা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পাবনা আদালতে পাঠানো হয়েছে। উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 
 

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ এবং সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘সোমবার রাতে নিজ নিজ এলাকা থেকে আব্দুল মোন্নাফ ও মো. সাগরকে গ্রেপ্তার করা হয়। তারা ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামি। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম মনিরুজ্জামান বলেন, ‘সোমবার রাতে উধুনিয়া এলাকা থেকে রেজাউল করিম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামি। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মাগুরায় নিখোঁজের ২ দিন পর মধুমতি নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি
মাগুরায় নিখোঁজের ২ দিন পর মধুমতি নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
স্কুলছাত্র ইয়াসিন মোল্লা।

মাগুরায় মধুমতি নদী থেকে নিখোঁজ স্কুলছাত্র ইয়াসিন মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ইয়াসিনের লাশ উদ্ধার করেন মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা।  এর আগে গত রবিবার মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামে মধুমতি নদীর পানিতে ডুবে যায় ইয়াসিন মোল্লা (৯)।

ইয়াসিন মোল্লা মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের শহর আলী মোল্লার ছেলে এবং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। ইয়াসিন আলী মোল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মাগুরা ফায়ার সার্ভিস এর সাব অফিসার জামাল উদ্দিন জানান, গত রবিবার বিকালে মধুমতি নদীর পাড়ে চাচার সঙ্গে পাট জাগ দেওয়ার কাজে সহযোগিতা করার সময় পা পিছলে নদীতে পড়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে এলাকাবাসীর খবরে মধুমতি নদীর বাগবাড়িয়া এলাকা থেকে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির লাশ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ নারীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ নারীর
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ছাদে ওঠার লোহার সিঁড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের মো. ভিখুর স্ত্রী হাসিনা বেগম (৫০), তাঁর ভাতিজি ও রাজশাহীর তানোর উপজেলার কচুয়া মোহনপুর গ্রামের এরশাদ আলীর মেয়ে মোসা. আশা (৩০) এবং হাসিনা বেগমের নাতনি বারঘরিয়া হাজিপাড়া গ্রামের রবিউল ইসলাম বাবুর মেয়ে শাহরিয়ার মিম (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ছাগলকে খাওয়ানোর জন্য কাঁঠাল পাতা সিঁড়ির সঙ্গে বাঁধতে গিয়ে প্রথমে লোহার সিঁড়িতে হাত দেন হাসিনা বেগম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন নাতনি শাহরিয়ার মিম ও বেড়াতে আসা ভাতিজি আশা। একে একে তাঁরাও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বাড়ির কাপড় শুকানোর জন্য টাঙানো জিআই তারের একটি প্রান্ত ছাদে ওঠার লোহার সিঁড়ির সঙ্গে বাঁধা ছিল। বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে এসে ওই জিআই তার বিদ্যুতায়িত হলে লোহার সিঁড়িতেও বিদ্যুৎ প্রবাহিত হয়। ফলে সিঁড়িতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি আরো জানান, পরিবারের আবেদনের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

মৌলভি জবাই করল আরেক মৌলভিকে | কালের কণ্ঠ