জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ মো. শওকত আলম মীরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি জানান, ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, পরীক্ষাকেন্দ্রের গাফিলতি ছিল। এ কারণে পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে এবং অধ্যক্ষকে শোকজ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। কলেজ কর্তৃপক্ষ রিজার্ভ সেট থেকে ভুল প্রশ্নপত্র বিতরণ করেছে। এ ঘটনায় পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। শিক্ষা বোর্ড তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ১০০ জন নিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের সিলেবাসভিত্তিক (অনিয়মিত পরীক্ষার্থীদের) প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা শেষে প্রশ্ন মিলিয়ে বিষয়টি জানতে পারেন শিক্ষার্থীরা।




