মানিকগঞ্জের ঘিওরে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনাড়ম্বর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ভাঙনকবলিত অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার চরকুশন্ডা কালীমন্দির প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী বিজন কান্তি সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা তুলে দেন। এসময় শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের সঙ্গে মতবিনিময়েও অংশ নেন তিনি।
মন্দির কমিটির সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, এবিজি ফাউন্ডেশন নারী ভক্তদের জন্য একই রঙের শাড়ি ও পুরুষদের জন্য পাঞ্জাবির ব্যবস্থা করে দেয়। এ ছাড়া অনুষ্ঠানের সার্বিক ব্যয়ও বহন করে ফাউন্ডেশনটি। পরে ধলেশ্বরী নদীতে ভাঙনের শিকার অসহায়দের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ খাদ্য সামগ্রী বিতরণ করে ফাউন্ডেশনটি। তাদের এমন মানবিক কাজের জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।
ভক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিজন কান্তি সরকার বলেন, আমরা সনাতনী হিন্দুরা এই সরকারের শাসনামলে ভালো আছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন, সব সময় তিনি আমাদের বলেন, এ দেশটা আমাদের সবার। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পাহাড়ি ও সাঁওতাল কারো কোনো ভেদাভেদ নেই।
তিনি আরো বলেন, আপনারা সবাই বিএনপিকে সমর্থন করেছেন। এখন তার ফলও পাচ্ছেন। কোথাও কোনো জায়গায় এ সম্প্রদায়ের লোক বিনা অপরাধে নির্যাতনের খবর নেই। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
আলোচনা সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবিব বলেন, মানিকগঞ্জের কোথাও হিন্দুরা জুলুম-অত্যাচারের শিকার হচ্ছেন না।
তিনি বলেন, আপনাদের দুর্দশার কথা চিন্তা করে মানবিক সেবামূলক প্রতিষ্ঠান এবিজি ফাউন্ডেশনের সহযোগিতায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।
আলোচনা সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এসএন তরুণ দে, মানিকগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপজেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও অংশ নেন।




