বাগেরহাটের মোংলায় সুন্দরবনের জয়মনিরঘোল এলাকায় কোস্ট গার্ডের হাড়বাড়ীয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় যৌথবাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার সকালে ওই স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সময় দায়িত্ব পালনরত তিনজন সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যৌথ অভিযান শুরু করা হয়।
ঘটনার পর বৃহস্পতিবার গভীর রাতে কোস্ট গার্ড বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ আরও ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
শুক্রবার দুপুর পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, জয়মনিরঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের তৎপরতার জন্য পরিচিত। সেখানে কোস্ট গার্ড স্টেশন স্থাপনের ফলে দস্যুদের রসদ, অস্ত্র ও লজিস্টিক সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণেই তারা সংগঠিত হয়ে স্টেশনে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।





