নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে ‘আন্ডারগ্র্যাজুয়েট কলোকিয়াম সিরিজ-সামার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের এসএইচএসএস কনফারেন্স রুমে এ গবেষণা ও উপস্থাপনাভিত্তিক আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেন। আয়োজনে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের তিনজন মেধাবী শিক্ষার্থী, যথাক্রমে, ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের নিশাত আহমেদ, আইন বিভাগের শিক্ষার্থী ওয়াসিত জাওয়াদ ইশমাম, এবং ডিপার্টমেন্ট অব মিডিয়া, কমিউনিকেশন ও জার্নালিজম (এমসিজে) হতে আরিয়ান সরওয়ার, কলোকিয়ামে তাদের স্ব-প্রণীত গবেষণাপত্র উপস্থাপন করেন।
কলকিয়ামে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ইশতিয়াক আহমেদ। তিনি উপস্থাপিত গবেষণাপত্রগুলোর পদ্ধতিগত দিক, তাত্ত্বিক কাঠামো, এবং নীতিনির্ধারণে এর প্রভাব বিষয়ে গঠনমূলক মন্তব্য প্রদান করেন।
এনএসইউ উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ তার বক্তব্যে শিক্ষার্থীদের এই অংশগ্রহণ তাদের পেশাগত ও শিক্ষাগত জীবনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে বলে উল্লেখ করেছেন। তিনি তাঁর বক্তব্যে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নের সুযোগগুলো তুলে ধরেন এবং শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে উদ্যোগ নেওয়ার জন্য উপস্থাপকদের প্রশংসা করেন। এছাড়াও তিনি উপস্থাপিত তিনটি গবেষণাপত্রের গঠনমূলক সমালোচনা করেছেন।
এনএসইউর আইন বিভাগের অধ্যাপক ও স্কুল অব হিউম্যানিটিজ ও সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম তার স্বাগত বক্তব্যে উপস্থাপকদের অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা অব্যাহত রাখতে উৎসাহিত করেন, শিক্ষাগত ও পেশাগত উন্নয়নে মৌলিক গবেষণা পরিচালনার ওপর জোর দেন, এবং ভবিষ্যতে তাদের গবেষণাপত্র প্রকাশনার জন্য অনুপ্রাণিত করেন।
আয়োজনটি স্বতঃস্ফূর্ত ও অংশগ্রহণমূলকভাবে সমন্বয় করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের সম্মানিত প্রভাষক জেবা ফারাহ হক। উপস্থাপনাগুলোর পর একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা ও শিক্ষক এবং অন্যান্য উপস্থিত গবেষক ও শিক্ষাবিদরা উপস্থাপকদের সঙ্গে তাদের নিজ নিজ গবেষণা বিষয় নিয়ে মতবিনিময়ে অংশ নেন। এর মাধ্যমে একটি বুদ্ধিবৃত্তিকভাবে উদ্দীপনামূলক পরিবেশ সৃষ্টি হয়। পরবর্তীতে উপস্থাপকদের গবেষণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়ার মাধ্যমে আয়োজনটি শেষ হয়।




