চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মুঠোফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকলের চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত মুঠোফোনটিও জব্দ করা হয়।
সোমবার (২৭ জুলাই) সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র হাতে পেয়ে গোপনে সেটির ছবি তুলে মুঠোফোনে থাকা একটি এআই অ্যাপে আপলোড করেন ওই শিক্ষার্থী। পরে অ্যাপ থেকে পাওয়া উত্তর দেখে পরীক্ষার খাতায় লিখছিলেন। এ সময় কেন্দ্র পরিদর্শকের নজরে বিষয়টি এলে তাকে হাতেনাতে ধরা হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, নগরের একটি কলেজের মানবিক বিভাগের এক পরীক্ষার্থী মুঠোফোন ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে নকল করছিলেন। পরে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এদিন ১১৪টি পরীক্ষা কেন্দ্রে মোট ৭৭ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ হাজার ৭৩১ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮২৫ জন।




