• ই-পেপার

পুরনো প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবসহ তিনজনকে অব্যাহতি

সংসদ ভবন পরিদর্শন করল রূপগঞ্জের শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
সংসদ ভবন পরিদর্শন করল রূপগঞ্জের শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে ধারণা এবং জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন করেছে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও সুশিক্ষায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

11

এ কর্মসূচির সার্বিক সমন্বয় ও সহযোগিতা করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। শিক্ষার্থীদের জন্য এমন শিক্ষামূলক আয়োজন বাস্তবায়নে তার ভূমিকার প্রশংসা করেন সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকরা।

শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এই অভিজ্ঞতা তাদের জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

বাকৃবিতে শিক্ষককে হেনস্তা ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বাকৃবি প্রতিনিধি
বাকৃবিতে শিক্ষককে হেনস্তা ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
সংগৃহীত ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এক শিক্ষককে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজিবুল হক আবিদের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক ও ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম।

অধ্যাপক ড. মো. সামছুল আলম অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় ফার্মাকোলজি বিভাগের স্নাতকোত্তর এক শিক্ষার্থী তার ভর্তিজনিত কিছু ত্রুটির কারণে আমার চেম্বারে আসেন। সেসময় ওই শিক্ষার্থীর সঙ্গে বাকৃবি শাখা ছাত্রদল নেতা নাজিবুল হক আবিদও আসেন। ভর্তিসংক্রান্ত ত্রুটি নিয়ে কথা বলতে বলতে নাজিব আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। গালাগাল, হেনস্তা করা থেকে শুরু করে হুমকি দেওয়াও শুরু করেন। মৌখিকভাবে সর্বপ্রকারে আমাকে হেনস্তা করেছেন।’

অধ্যাপক ড. মো. সামছুল আলম আরো বলেন, ‘এ ঘটনা নিয়ে আমি উপাচার্য বরাবর লিখিত অভিযোগ পাঠিয়েছি। আমি এটির যথাযথ বিচার দাবি করছি।’

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মো. নাজিবুল হক আবিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগের জুনিয়র এক স্নাতকোত্তর শিক্ষার্থীর ভর্তিজনিত ত্রুটি নিয়ে অধ্যাপক ড. মো. সামছুল আলমের সঙ্গে কথা বলতে যাই। ওই শিক্ষার্থী স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার শেষ করেছেন এবং পরীক্ষার ফলাফলে সিজিপিএ-৪ পেয়েছেন। এরপরে সর্বশেষ থিসিস সেমিস্টারে গিয়ে কিছুদিন আগে তাকে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি থেকে চিঠি পাঠানো হয়েছে যে তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। তাকে আগাম কোনো সতর্কবার্তা বা নোটিশ পাঠানো হয়নি। সিজিপিএ-৪ রেজাল্ট করা মেধাবী একজন ছাত্রকে দুই সেমিস্টার পার করার পরে হুট করে ছাত্রত্ব বাতিল করা হয়েছে। তার সঙ্গে এটি গুরুতর অন্যায় করা হয়েছে বলে আমি মনে করছি এবং এই বিষয়টি নিয়ে আমি স্যারের সঙ্গে ন্যায়সংগত কথা বলেছি।’

শিক্ষককে হুমকি দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ন্যায়ের পক্ষে আমি জোরালোভাবে কথা বলেছি এবং ন্যায়সংগত কথা জোরালোভাবেই বলা উচিত। বিভিন্ন মানুষ এটিকে বিভিন্নভাবে নিতে পারে। আমরা তাকেই হুমকি দিতে পারব যিনি হাসিনার মতো স্বৈরাচার। ন্যায়ের পক্ষে থাকা মানুষকে আমরা কখনো হুমকি দেব না। জোরালোভাবে কথা বলাকে উনি হুমকি মনে করছেন।’

ঘটনার বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান জানান, ‘ছাত্রদলের কেউ যদি অসাংগঠনিক কোনো কাজ করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম বলেন, ‘নাজিবুল হক আবিদ নামে ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে হলে থাকেন না, ছাত্রজীবনও শেষ। তিনি তার বিভাগের বড় ভাই হিসেবে তার জন্য একটি দাবি নিয়ে স্যারের কাছে গেছেন। তবে একজন শিক্ষকের সঙ্গে যেভাবে আচরণ করেছেন সেটি অবশ্যই ঔদ্ধত্যপূর্ণ ও অন্যায় করেছেন। আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘আমি ঘটনাটি জানার পর সঙ্গে সঙ্গে সেই ছাত্রকে হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা বলছে বোর্ড

নিজস্ব প্রতিবেদক
১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা বলছে বোর্ড

দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ভারি বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধির কারণে দেশের ১৬ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে সারা দেশে এইচএসসি ও সমমনা পরীক্ষা চলমান। আন্ত শিক্ষা বোর্ড জানিয়েছে, কোনো অঞ্চলে বন্যা বা দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে আন্ত শিক্ষা বোর্ড বলছে, এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘১৬ জেলায় বন্যার পূর্বাভাস রয়েছে, এ বিষয়টি আমরা অবগত রয়েছি। কোনো জেলায় বন্যা হলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

বোর্ড জানিয়েছে, পরীক্ষা বাস্তবায়নে প্রয়োজন হলে পরীক্ষার্থীদের কেন্দ্রের নিকটবর্তী স্থানে নিয়ে আসার জন্যও নির্দেশনা দেওয়া রয়েছে। তবে কোনো জেলায় বন্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

অন্যদিকে ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

গত ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এবার সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ক্যাম্পাসে গাঁজা সেবনের অভিযোগে পাবিপ্রবির সাবেক শিক্ষার্থী আটক

পাবিপ্রবি প্রতিনিধি
ক্যাম্পাসে গাঁজা সেবনের অভিযোগে পাবিপ্রবির সাবেক শিক্ষার্থী আটক
ছবি : কালের কণ্ঠ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ক্যাম্পাসে গাঁজা সেবনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর ১২তম তলা থেকে তাকে আটক করা হয়।

আটক সোহরাব আলী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। তার বাড়ি পাবনা সদর উপজেলার নলদাহ এলাকায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জাবায়, একই অভিযোগে এর আগেও ওই শিক্ষার্থীকে দুইবার আটক করা হয়। তবে ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ।

আটকের পর সোহরাব আলী বলেন, ‘আমি মাঝে মাঝে আমার ক্যাম্পাসে ঘুরতে আসি। আমি ভালো গান করি, তাই মাঝে মাঝে একটু গাঁজা সেবন করি। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে আর এমন করব না।’

‎আনসার সদস্য মনোয়ার হোসেন বলেন, ‘দুপুর ১টার দিকে ফোনে খবর পাই যে একাডেমিক ভবন-২-এর ১২তম তলায় একজন গাঁজা সেবন করছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসি।’

‎এ বিষয়ে সোহরাব আলীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাকে আমরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না। বেশ কিছুদিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছে। অনেক বোঝানোর পরও তাকে এ ধরনের কাজ থেকে বিরত রাখতে পারিনি। সে মানসিকভাবে অসুস্থ, যার কারণে এমন আচরণ করছে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক বলেন, ‘আমরা মাদকবিরোধী ক্যাম্পেইন করব। মাদক সেবনে নিরুৎসাহিত করব। যাতে কেউ ক্যাম্পাসে মাদক সেবন না করেন সে বিষয়ে শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান করব। পরবর্তীতে বহিরাগত কেউ এটা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ সংবাদ