• ই-পেপার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

‘গ্রিন বাউ, ক্লিন বাউ’র নেতৃত্বে আরিফুল-কৌশিক

জুলাইয়ে শহিদ সাজিদের স্মরণে জবিতে তিন দিনব্যাপী ফটোগ্রাফি প্রদর্শনী শুরু

জবি প্রতিনিধি
জুলাইয়ে শহিদ সাজিদের স্মরণে জবিতে তিন দিনব্যাপী ফটোগ্রাফি প্রদর্শনী শুরু
ছবি : কালের কণ্ঠ

জুলাই আন্দোলনের শহিদ সাজিদকে স্মরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ষষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী’।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে রবিবার (২৬ জুলাই) এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলম।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. আশরাফুল আলম বলেন, ফটোগ্রাফি শুধু একটি শিল্প নয়, এটি ইতিহাস সংরক্ষণ এবং সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সৃজনশীল চর্চায় এ ধরনের প্রতিযোগিতা ও প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি বলেন, শহিদ সাজিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ প্রদর্শনী তরুণ আলোকচিত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের ক্যামেরাবন্দি গল্প দর্শনার্থীদের ভাবাবে ও অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সদস্য এবং তরুণ আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তোলা নির্বাচিত ও সেরা আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। এসব ছবিতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, দৃষ্টিভঙ্গি এবং ফটোগ্রাফির মাধ্যমে গল্প বলার বিভিন্ন প্রয়াস তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

অনলাইন ডেস্ক
ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিনজন পূর্ণকালীন সদস্যকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার। 

রবিবার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ইউজিসির পূর্ণকালীন সদস্য পদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চার বছরের জন্য ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পান। একই বছরের ডিসেম্বর মাসে চার বছরের জন্য কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দেন বুয়েটের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

ইউজিসিতে নতুন ৩ সদস্য নিয়োগ দিল সরকার

অনলাইন ডেস্ক
ইউজিসিতে নতুন ৩ সদস্য নিয়োগ দিল সরকার

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নতুন তিনজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। আগামী চার বছরের জন্য তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছ। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী নাঈমা খন্দকার।

নতুন নিয়োগ পাওয়া তিন সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মো: মেহেদী খান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ভাস্কুলার সার্জারী বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর-১০/৭৩)-এর সংশোধিত আইন, ১৯৯৮-এর ৪ (১) (বি) ধারা অনুযায়ী নিম্নোক্ত ০৩ (তিন) জন ব্যক্তি-কে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিম্নবর্ণিত শর্তে নিয়োগ প্রদান করা হলো।’

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, এ নিয়োগের মেয়াদ হবে ৪ (চার) বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পূর্বে দায়িত্ব হতে অব্যাহতি দিতে পারবেন। তাঁরা অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতনভাতা প্রাপ্য হবেন। কমিশনের সদস্য হিসেবে তাঁরা প্রচলিত বিধি অনুযায়ী অন্য সুবিধাদি পাবেন এবং এ নিয়োগ তাঁদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

ধর্ষণচেষ্টার ঘটনার জেরে ২ মাস ধরে তালাবদ্ধ জাবির প্রক্টর অফিস

জাবি প্রতিনিধি
ধর্ষণচেষ্টার ঘটনার জেরে ২ মাস ধরে তালাবদ্ধ জাবির প্রক্টর অফিস
ছবি : কালের কণ্ঠ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অফিসে টানা দুই মাসের বেশি সময় ধরে ঝুলছে তালা। গত ১৬ মে শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগের দাবিতে অফিসটিতে তালা লাগান। দুই মাস ১০ দিন পার হলেও এখনো তা খোলা হয়নি।

গত ১২ মে ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, প্রক্টরের দায়িত্বকালেই ক্যাম্পাসে একাধিক গুরুতর সহিংসতার ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তিনি পদত্যাগ না করা পর্যন্ত প্রক্টর অফিসের তালা খুলবেন না বলে জানান তারা।

আন্দোলনের মুখে ১৭ মে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। পরে ১৫ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সেই প্রতিবেদন উপস্থাপন করা হয়। তবে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ প্রকাশের দাবিতে অনড় রয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নাম প্রকাশে অনিচ্ছুক দুই সদস্য জানান, তদন্ত কমিটি একটি কার্যকর প্রক্টরিয়াল বডি গঠনের সুপারিশ করেছে। পাশাপাশি প্রক্টরকে দায়িত্ব পালনে আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত প্রক্টরিয়াল বডি পুনর্গঠনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

ুেুুু

এদিকে ঘটনার দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ধর্ষণচেষ্টার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। এতে বিচারপ্রক্রিয়া ও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ আরো বেড়েছে।

এরই মধ্যে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হয়রানির আরও কয়েকটি ঘটনা ঘটেছে। গত ৩০ জুন টিএসসি এলাকায় নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে এক বহিরাগতকে আটক করেন শিক্ষার্থীরা। পরে ৩ জুলাই ছাত্রীদের অনুমতি ছাড়া ছবি তোলার অভিযোগে ধামরাই উপজেলা যুবদলের সাবেক এক নেতাকেও আটক করা হয়।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারাবী বলেন, ধর্ষণচেষ্টার ঘটনার পরও ক্যাম্পাসে নারী হয়রানির ঘটনা থামেনি। এতে প্রমাণ হয়েছে, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টর কার্যকর ভূমিকা রাখতে পারেননি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ কামরুল আহসান বলেন, তদন্ত কমিটি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন, জরুরি হটলাইন চালু, শিক্ষক-শিক্ষার্থীদের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সুপারিশ করেছে।

তিনি জানান, একটি কার্যকর প্রক্টরিয়াল বডি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে জনবল সংকট ও দায়িত্ব বণ্টনসংক্রান্ত কিছু জটিলতার কারণে সময় লাগছে।

তদন্ত প্রতিবেদন প্রকাশের বিষয়ে উপাচার্য বলেন, সিন্ডিকেটের রেজুলেশন প্রকাশের আগে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো সম্ভব নয়। তবে সুপারিশগুলো বাস্তবায়নে প্রশাসন কাজ করছে।

ধর্ষণচেষ্টার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা না যাওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

‘গ্রিন বাউ, ক্লিন বাউ’র নেতৃত্বে আরিফুল-কৌশিক | কালের কণ্ঠ