• ই-পেপার

কুবিতে টেন্ডার কেলেঙ্কারি : প্রায় ১০ লাখ টাকা লোকসান

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি
শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষাব্যবস্থার সংস্কার দাবিতে বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষাব্যবস্থার সংস্কার দাবিতে বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির এক পর্যায়ে শিক্ষা বোর্ড সংলগ্ন সড়ক অবরোধ করলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে নগরীর নথুল্লাবাদ বিআরটিসি কাউন্টার এলাকা থেকে মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড উদ্দেশে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে নানা অসংগতি, পরীক্ষাব্যবস্থার দুর্বলতা এবং শিক্ষার্থীদের দাবিদাওয়া উপেক্ষা করা হচ্ছে। এসব সমস্যার সমাধান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

পরীক্ষা শেষে বিভিন্ন হল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে আরো শিক্ষার্থীরা কর্মসূচিতে যোগ দিলে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে তারা প্রধান সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশে শত শত গণপরিবহন, দূরপাল্লার বাস, পণ্যবাহী যান ও ব্যক্তিগত গাড়ি আটকা পরে। এতে যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়ে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, সাম্প্রতিক পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ও অসংগতি থাকায় তারা কাঙ্ক্ষিত উত্তর দিতে পারেননি। এ সময় কয়েকজন পরীক্ষার্থী আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পরেন। কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন এবং শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কারের আহ্বান করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো তুলে ধরার আশ্বাস দিয়েছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ
ছবি: কালের কণ্ঠ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, পরিবার ছেড়ে অনেক স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসেছে। তবে তারা একা নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকের মতো সব সময় তাদের পাশে থাকবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের জন্য তার দরজা সব সময় খোলা থাকবে। যেকোনো প্রয়োজনে তারা তার সঙ্গে যোগাযোগ করতে পারবে।

বিভিন্ন বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে অনুষদের ডিন, সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য চালু হলো ই-কার

নোবিপ্রবি প্রতিনিধি
নোবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য চালু হলো ই-কার
ছবি: কালের কণ্ঠ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে ২টি পরিবেশবান্ধব ইলেকট্রনিক কার (ই-কার) হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শেডে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর কাছে ২টি ই-কার চাবি হস্তান্তর করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘নোবিপ্রবিতে পরিবেশবান্ধব ই-কার সংযোজন বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন ও আধুনিক ক্যাম্পাস ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ই-কার বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন সংযোজন, যা শিক্ষার্থীদের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থাকে আরো সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করে তুলবে।

তিনি আরো বলেন, ‘এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে স্বাচ্ছন্দ্যে যাতায়াতের সুযোগ পাবে। ফলে তাদের সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হবে।

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিগগিরই শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ই-কার উন্মুক্ত করবে, যা ক্যাম্পাসে একটি কার্যকর ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ ই-কার সংযোজন করা হয়েছে। এ ধরনের সময়োপযোগী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ই-কার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান, পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমান, গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী কর্মকর্তা মো. জায়েদুল হক, আমদানিকারক প্রতিষ্ঠান আবাবিল গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা।

উল্লেখ্য, ই-কার থেকে সম্পূর্ণ শূন্য (জিরো) কার্বন নিঃসরণ হয়। বর্তমানে এটি বৈদ্যুতিক চার্জের মাধ্যমে পরিচালিত হলেও ভবিষ্যতে সোলার প্যানেলের মাধ্যমে চালানোর পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা এটিকে শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও পরিবেশসম্মত একটি উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনীতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

ফেনী প্রতিনিধি
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনীতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনী শহরের শহীদ মিনার সংলগ্ন ট্রাংক রোডে অবস্থান নেন এইচএসসি ও সমসমান পরীক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনীতে সড়ক অবরোধ করেছেন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরের ফেনী শহরের শহিদ মিনার সংলগ্ন ট্রাংক রোডে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা।

শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা শেষে মিছিলসহকারে ফেনী সরকারি কলেজ, মহিপাল সরকারি কলেজ, সরকারি জিয়া মহিলা কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে এসে জড়ো হতে শুরু করেন। সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা পরীক্ষার রুটিন নিয়ে বিভ্রান্তি, প্রশ্নপত্র সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল ব্যক্তিদের বিতর্কিত ও কটূক্তিমূলক মন্তব্য এবং শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

এ সময় সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।

আন্দোলনে নাম প্রকাশ না করে একজন পরীক্ষার্থী জানান, পরীক্ষার একটি বিষয়ের প্রশ্নপত্রে নানা ভুল পাওয়া যায়। এ ছাড়া  বিভিন্ন স্থানে বন্যার কারণে শিক্ষার্থীরা ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেনি। ফলে আনেকের পরীক্ষা খারাপ হয়। তাই এ পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানাচ্ছি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম  জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়ক ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

কুবিতে টেন্ডার কেলেঙ্কারি : প্রায় ১০ লাখ টাকা লোকসান | কালের কণ্ঠ