• ই-পেপার

ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ ঘোষণা

বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, এক সপ্তাহে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, এক সপ্তাহে সর্বোচ্চ
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির ইতিবাচক প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে এবং মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বৃদ্ধির আশঙ্কা কিছুটা কমেছে। এর জের ধরে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে বেড়ে প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্স

সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৬ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে, যা গত ৯ জুনের পর সর্বোচ্চ। অন্যদিকে, আগামী আগস্টে সরবরাহের জন্য মার্কিন সোনার ফিউচার চুক্তি ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৫৮ ডলারে পৌঁছেছে।

মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, দুই দেশই যুদ্ধ বন্ধ করতে এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। এই চুক্তির খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে। তবে তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কী হবে, তা পরবর্তী আলোচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, তেলের দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীরা ধরে নিচ্ছেন যে সুদের হার আর নাও বাড়তে পারে। আর এই ধারণাই সোনার দাম বাড়িয়ে দিচ্ছে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী সভা থেকে স্পষ্ট কোনো বার্তা না পাওয়া পর্যন্ত সোনার দাম এই অবস্থানেই ওঠানামা করতে পারে।

এদিকে বৈশ্বিক বাজারে মার্কিন ডলারের সূচক ১০ দিনের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। ডলারের মান কমায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা সাশ্রয়ী হয়েছে। বিপরীতে, অপরিশোধিত তেলের দাম কমে গত তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

এর আগে গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সোনার দাম বেশ চাপে ছিল। কারণ জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বেড়েছিল, যার ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার দীর্ঘ সময় চড়া রাখবে বলে মনে করা হচ্ছিল।

সাধারণত সোনাকে মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ মনে করা হলেও সুদের হার উচ্চ থাকলে সোনা তার আকর্ষণ হারায়। কারণ সোনা জমিয়ে রাখলে কোনো অতিরিক্ত মুনাফা বা সুদ পাওয়া যায় না।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, এই শান্তি চুক্তির পর আগামী ডিসেম্বরে মার্কিন সুদের হার বৃদ্ধির সম্ভাবনা গত সপ্তাহের ৬৯ শতাংশ থেকে কমে ৫৩ শতাংশে নেমে এসেছে। বিনিয়োগকারীরা এখন ফেডের আসন্ন সভার সিদ্ধান্তের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন।

তবে বহুজাতিক ব্যাংক বার্কলেস মনে করছে, দীর্ঘমেয়াদে সোনার বাজার চাঙ্গাই থাকবে। কারণ হিসেবে তারা বিশ্বব্যাপী স্থায়ী মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক রিজার্ভ হিসেবে সোনা মজুত রাখার প্রবণতাকে উল্লেখ করেছে।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী। রুপার (স্পট সিলভার) দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭০ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭৮ দশমিক ২০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৬ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।  এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইসলামী ব্যাংকের নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নবনিযুক্ত প্রশাসক

অনলাইন ডেস্ক
ইসলামী ব্যাংকের নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নবনিযুক্ত প্রশাসক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সুশাসন শক্তিশালীকরণ এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের পদক্ষেপের অংশ হিসেবে একটি সম্পূর্ণ নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন ব্যাংকটিতে নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন।

সোমবার (১৫ জুন) দুপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় ব্যাংক তাকে একটি সীমিত সময়ের জন্য প্রশাসনিক দায়িত্ব দিয়েছে এবং একটি নিরপেক্ষ বোর্ড গঠন করা অন্যতম প্রধান অগ্রাধিকার জানিয়ে জহির হোসেন বলেন, ‘আমরা ইসলামী ব্যাংকের জন্য একটি সম্পূর্ণ নিরপেক্ষ বোর্ড গঠন করতে চাই। এ পদক্ষেপের লক্ষ্য ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। ব্যাংকের ব্যবস্থাপনায় সাম্প্রতিক পরিবর্তনের কারণে আমানতকারী ও গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’

এ সময় নতুন প্রশাসক গ্রাহকদের কোনো দ্বিধাবোধ ছাড়াই তাদের ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে, সমস্ত ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন স্বাভাবিকভাবেই চলবে।
 

সোনা-রুপার দামে বড় লাফ, টানা দুই দফায় ভরিতে কত বাড়ল?

নিজস্ব প্রতিবেদক
সোনা-রুপার দামে বড় লাফ, টানা দুই দফায় ভরিতে কত বাড়ল?
সোনা-রুপার গয়না। ছবি : সংগৃহীত

দেশের বাজারে মাত্র তিন দিনের ব্যবধানে সোনা ও রুপা উভয়ের দামই টানা দুই দফায় বাড়ানো হয়েছে। সবশেষ সোমবার (১৫ জুন) বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্যবান এই দুই ধাতুর দাম নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টানা দুই দফায় সোনার দাম ভরিতে বেড়েছে ১২ হাজার ৭২ টাকা এবং রুপার দাম বেড়েছে ৫২৪ টাকা।

সোমবার সোনার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। অপরদিকে ভরিতে ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পিওর গোল্ড-সিলভার) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকায় বেচাকেনা হচ্ছে।
 
এর আগে, সবশেষ গত ১৩ জুন সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৫ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৩৯ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৩৬ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে রুপার দামও। ভরিতে ২৩৩ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়।
 
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।
 
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৬ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২২ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক
ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক
সংগৃহীত ছবি

তারল্যসংকট কমাতে বেসরকারি খাতের ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেওয়ার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। ১০ হাজার কোটি টাকা চাওয়ার বিপরীতে প্রাথমিকভাবে এই অঙ্কের অর্থ দেওয়া হয়েছে ব্যাংকটিকে। চলতি মাসে প্রথম ১০ দিনে আমানতকারীদের নগদ টাকা উত্তোলনের চাপ সামাল দিতেই মূলত এই বিশেষ ধার দেওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার ইসলামী ব্যাংকের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে গভর্নর প্রয়োজনে নগদ সহায়তার বিষয়ে নিশ্চিত করেন। একই সঙ্গে প্রয়োজনে পরবর্তী সময়ে আরো সহায়তার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল সূত্র।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ইসলামী ব্যাংক থেকে ১ থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকরা। এ ছাড়া ব্যাংকের আমানতকারীদের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে।

ব্যাংকটির অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুই দিনে আরো প্রায় ২ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়। এতে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের চাপ তৈরি হয়।

এরপর বিকেলে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এ ছাড়া ইসলামী ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

পরে রাতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল করে বোর্ডের সার্বিক দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে নিযুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক-কম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে।

এতে আরো বলা হয়, ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।