রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে ভায়রা ভাইয়ের ছুরিকাঘাতে মোহাম্মদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশে এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে। তিনি কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশে একটি ভাড়া বাসায় সপরিবারে থাকতেন এবং পেশায় একটি লাড্ডুর দোকানের কর্মচারী ছিলেন।
নিহতের বড় বোন শারমিন বেগম বলেন, শুক্রবার মোহাম্মদের স্ত্রী গ্রামের বাড়ি যান। সেই সুযোগে মোহাম্মদ বাইরে থেকে অন্য নারী নিয়ে বাসায় অবস্থান করতেন বলে অভিযোগ তোলেন তার সৎ ভায়রা ভাই কাওসার। এই ঘটনা মোহাম্মদের স্ত্রী শ্যামলীসহ স্বজনদের জানানোর পর থেকেই দুই পরিবারের মধ্যে দফায় দফায় ঝগড়া চলছিল।
শারমিন বেগম আরও বলেন, ‘পারিবারিক ওই কলহের জের ধরে সোমবার রাতে কাওসার, তার স্ত্রী সোনিয়া ও মুজাহিদসহ ১০-১২ জন মিলে মোহাম্মদকে মারধর করেন। একপর্যায়ে কাওসার মোহাম্মদের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান।’
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।






