• ই-পেপার

সাড়ে চার বছর পর মসজিদের মিম্বারে এসে কাঁদলেন খতিব

যেকোনো বিপদ থেকে নিশ্চিত মুক্তি লাভের দোয়া

ইসলামী জীবন ডেস্ক
যেকোনো বিপদ থেকে নিশ্চিত মুক্তি লাভের দোয়া
সংগৃহীত ছবি

মানুষের জীবন কখনোই বিপদ-আপদমুক্ত নয়। কখনো রোগ-ব্যাধি, কখনো দুর্ঘটনা, কখনো শত্রুর অনিষ্ট, আবার কখনো অজানা কোনো দুর্যোগ—প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকির মধ্য দিয়েই আমাদের চলতে হয়। মানুষ যতই শক্তিশালী বা সতর্ক হোক না কেন, আল্লাহ তাআলার হেফাজত ছাড়া প্রকৃত নিরাপত্তা লাভ করা সম্ভব নয়। তাই রাসুলুল্লাহ (সা.) হাদিসে এমন এক বরকতময় দোয়া শিক্ষা দিয়েছেন, যা সকাল ও সন্ধ্যায় তিনবার পাঠ করলে আল্লাহর ইচ্ছায় সারাদিন বা সারারাত কোনো আকস্মিক বিপদ-আপদ ক্ষতি করতে পারে না। দোয়াটি হলো-

بِسْمِ اللّٰهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দুররু মাআস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়াহুয়াস সামিউল আলিম। 

অর্থ : ‘আল্লাহর নামে, যাঁর নামে পৃথিবীতে বা আকাশে কোনো কিছুই ক্ষতি করতে পারে না এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’

হাদিস : ওসমান ইবনে আফফান (রা.)-থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি সকালে তিনবার এই দোয়া পাঠ করবে,  সন্ধ্যা পর্যন্ত তার উপর কোনো আকস্মিক বিপদ আসবে না। আর যে ব্যক্তি সন্ধ্যায় এটি বলবে সকাল পর্যন্ত তার উপর কোনো আকস্মিক বিপদ আসবে না। ইনশাআল্লাহ। (আবু দাউদ, হাদিস : ৫০৮৮, তিরমিজি, হাদিস : ৩৩৮৮)

খেলার উন্মাদনায় প্রাণহানি অত্যন্ত দুঃখজনক

মুফতি ওমর বিন নাছির
খেলার উন্মাদনায় প্রাণহানি অত্যন্ত দুঃখজনক
সংগৃহীত ছবি

খেলাধুলা মানুষের জীবনের একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় অনুষঙ্গ। এটি শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল করে এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে সহায়তা করে। ইসলামও বৈধ ও কল্যাণকর খেলাধুলা এবং শারীরিক সক্ষমতা অর্জনকে উৎসাহিত করেছে। কিন্তু যখন খেলাধুলা সুস্থ বিনোদনের সীমা অতিক্রম করে অন্ধ সমর্থন, বিদ্বেষ, গালি-গালাজ, মারামারি, আত্মহত্যা কিংবা হত্যাকাণ্ডের কারণ হয়ে দাঁড়ায়, তখন তা আর বিনোদন থাকে না; বরং তা একটি সামাজিক ও নৈতিক বিপর্যয়ে পরিণত হয়।

দুঃখজনকভাবে আমাদের দেশে ফুটবল বিশ্বকাপ বা অন্যান্য আন্তর্জাতিক খেলাকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ, আহত হওয়া, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে। কোথাও বন্ধুর হাতে বন্ধু নিহত হচ্ছে, কোথাও তুচ্ছ ট্রোলিং বা বিদ্রূপ সহ্য করতে না পেরে কেউ আত্মহত্যার মতো ভয়াবহ পথ বেছে নিচ্ছে। একজন মুসলমানের জীবন, সময় ও আবেগ এতটা মূল্যহীন হতে পারে না যে, একটি খেলার জয়-পরাজয় তার জীবন ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা সীমালঙ্ঘন কোরো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।’ (সুরা : বাকারা, আয়াত : ১৯০)
তাই খেলাধুলার প্রতি আগ্রহ বৈধ; কিন্তু সেই আগ্রহ যদি উন্মাদনায় রূপ নেয়, তাহলে তা ইসলামের শিক্ষা থেকে বিচ্যুতি।

ইসলামে মানুষের জীবন অত্যন্ত মূল্যবান
মানুষের প্রাণ আল্লাহর দেওয়া অমূল্য আমানত। কোনো তুচ্ছ কারণে মানুষের প্রাণ নষ্ট করা ইসলামে সবচেয়ে বড় অপরাধগুলোর একটি। আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকেই হত্যা করল। আর যে একজন মানুষের জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল।’ (সুরা : মায়িদা, আয়াত : ৩২)
ফুটবল কিংবা অন্য কোনো খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রতিহিংসা কিংবা হত্যাকাণ্ড তাই ইসলামের দৃষ্টিতে অত্যন্ত জঘন্য অপরাধ।

আত্মহত্যা মহাপাপ
খেলায় হার-জিতের কারণে আত্মহত্যা করা কখনোই গ্রহণযোগ্য নয়। একজন মুমিন বিপদে ধৈর্য ধারণ করবে, আল্লাহর দিকে ফিরে আসবে; নিজের জীবন ধ্বংস করবে না। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নিজেদেরকে হত্যা কোরো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।’(সুরা : নিসা, আয়াত : ২৯)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো বস্তু দিয়ে আত্মহত্যা করবে, কিয়ামতের দিন তাকে সেই বস্তু দিয়েই শাস্তি দেওয়া হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৭৭৮)
তাই কোনো দলের হার কিংবা মানুষের কটূক্তির কারণে নিজের জীবন শেষ করে দেওয়া ইসলামের দৃষ্টিতে ভয়াবহ অপরাধ এবং অত্যন্ত মর্মান্তিক ঘটনা।

আর মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো—সে অনর্থক ও ক্ষতিকর বিষয় থেকে নিজেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তারা অনর্থক কাজ থেকে মুখ ফিরিয়ে রাখে।’ (সুরা : মুমিনুন, আয়াত : ৩)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষের ইসলামের সৌন্দর্যের অন্যতম নিদর্শন হলো, সে অনর্থক বিষয় পরিত্যাগ করে।’ (তিরমিজি, হাদিস : ২৩১৭)
অতএব, এমন উন্মাদনা যা মানুষের সময়, সম্পদ, সম্পর্ক ও জীবনকে ধ্বংস করে দেয়, তা একজন মুসলমানের জন্য শোভন নয়।

সুস্থ শরীর গঠনও ইসলামের শিক্ষা
ইসলাম দুর্বলতা নয়; বরং শক্তি ও কর্মক্ষমতার শিক্ষা দেয়। শরীর সুস্থ রাখা ইবাদত পালনেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের তুলনায় আল্লাহর কাছে অধিক প্রিয় ও অধিক উত্তম, যদিও উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৬৪)
তাই ব্যায়াম, দৌড়, সাঁতার, তীরন্দাজি, ঘোড়সওয়ারি কিংবা অন্যান্য বৈধ খেলাধুলা শরীর ও মনের সুস্থতার জন্য প্রশংসনীয়। কিন্তু এগুলো কখনোই বিবাদ, বিদ্বেষ বা প্রাণহানির কারণ হতে পারে না।

সামাজিক দায়িত্ব ও সচেতনতার প্রয়োজন
খেলাকে কেন্দ্র করে বিদ্বেষ ছড়ানো, ট্রোলিং, অপমান, উসকানি কিংবা সংঘর্ষ সৃষ্টি করা সামাজিক অপরাধ। যারা ইচ্ছাকৃতভাবে মানুষের আবেগকে উসকে দেন বা সীমাহীন উন্মাদনা সৃষ্টি করেন, তাদেরও নৈতিক দায় রয়েছে। একজন মুসলমানের দায়িত্ব হলো মানুষের মধ্যে ভালোবাসা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়া। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুসলমান সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।’ (সহিহ বুখারি, হাদিস : ১০)

সুতরাং খেলাধুলা মানুষের সুস্থ জীবন, শারীরিক সক্ষমতা ও বৈধ বিনোদনের একটি সুন্দর মাধ্যম। কিন্তু সেই খেলাকে কেন্দ্র করে যদি সৃষ্টি হয় অন্ধ সমর্থন, বিদ্বেষ, মারামারি, আত্মহত্যা কিংবা প্রাণহানি, তবে তা ইসলামের সংযম, ভারসাম্য ও মানবিকতার শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংযম, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে জীবন পরিচালনার তাওফিক দান করুন এবং খেলাধুলাকে কল্যাণ, সৌহার্দ্য ও সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে গ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।

ভুল তথ্য প্রচার করে আতঙ্ক ছড়ানো সম্পূর্ণ নাজায়েজ

মুফতি মুহাম্মদ মর্তুজা
ভুল তথ্য প্রচার করে আতঙ্ক ছড়ানো সম্পূর্ণ নাজায়েজ
সংগৃহীত ছবি

বন্যা, ঘূর্ণিঝড় বা অন্য যেকোনো দুর্যোগের সময় ধৈর্য ধারণের পাশাপাশি মানুষের সবচেয়ে বড় করণীয় হলো সঠিক তথ্য নিশ্চিত করা, পারস্পরিক সহযোগিতা করা এবং আল্লাহর ওপর ভরসা করে মানসিকভাবে স্থির থেকে পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করা। কিন্তু দুঃখজনকভাবে এমন সংকটের সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ছবি, ভিন্ন দেশের ভিডিও বা মনগড়া তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

সম্প্রতি চট্টগ্রামের বন্যা নিয়েও এমন কিছু বিভ্রান্তিকর ছবি ও ভিডিও ছড়িয়েছে, যেগুলো বিভিন্ন ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী বর্তমান বন্যার নয়।

ইসলামের দৃষ্টিতে এ ধরনের মিথ্যা প্রচারণা করা অনৈতিকই কাজ। এ ধরনের গুজবে বিভ্রান্ত হয়ে দেশে ও প্রবাসে থাকা মানুষের বিভিন্ন ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ আবার অতি দুশ্চিন্তায় অসুস্থ হয়ে যাওয়াও স্বাভাবিক বিষয়। পাশাপাশি বাজার পরিস্থিতি, রাজনৈতিক অঙ্গনসহ সমাজের বিভিন্ন স্তরে নানা ধরনের জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ফলে এ ধরনের পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সঙ্গে সংকট থেকে উত্তরণের জন্য মুমিনের বিশেষ কিছু করণীয় রয়েছে, নিম্নে সে রকম করণীয় তুলে ধরা হলো—
যাচাই ছাড়া কোনো খবর প্রচার না করা : দুর্যোগকালে সামাজিক মাধ্যমগুলোতে বহু ধরনের হৃদয়স্পর্শী ছবি ছড়িয়ে পড়ে; এগুলোর তথ্যসূত্রের ব্যাপারে শতভাগ নিশ্চিত না হয়ে বিশ্বাস করা বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘হে ঈমানদাররা, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও। এ আশঙ্কায় যে তোমরা অজ্ঞতাবশত কোনো জাতিকে আক্রমণ করে বসবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে।’ (সুরা : হুজুরাত, আয়াত : ৬)

এই আয়াতের নির্দেশনা শুধু সংবাদমাধ্যমের জন্য নয়; বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ারকারী প্রত্যেক মুসলমানের জন্যও প্রযোজ্য। যাচাই-বাছাই ছাড়া যেকোনো সংবাদ প্রচার ও শেয়ার ব্যক্তিকে মানুষের সামনে মিথ্যাবাদী সাব্যস্ত করতে পারে। রাসুল (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তাই বলে বেড়ায়।’ (মুসলিম, হাদিস : ৭)

তাই কোনো আতঙ্কের সংবাদ এলেই তা শেয়ার করার জন্য হুমড়ি না খেয়ে ঠাণ্ডা মাথায় তা যাচাইয়ের চেষ্টা করতে হবে। প্রয়োজনে এ ব্যাপারে অভিজ্ঞ কারো সঙ্গে যোগাযোগ করার সুযোগ থাকলে, তার থেকে প্রকৃত তথ্য জানার চেষ্টা করা যেতে পারে।

যাচাই করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির কাছে তথ্যটি পাঠানো যেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে করণীয়র ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘যখন তাদের নিকট নিরাপত্তার কিংবা ভয়ের কোনো সংবাদ আসে তখন তারা তা রটিয়ে দেয়। যদি তারা তা রাসুলের কিংবা তাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী তাদের গোচরে আনত, তবে তাদের মধ্য থেকে তথ্যানুসন্ধানীরা প্রকৃত তথ্য জেনে নিত। যদি তোমাদের প্রতি আল্লাহর দয়া ও করুণা না থাকত, তবে তোমাদের অল্পসংখ্যক ছাড়া সবাই শয়তানের অনুসরণ করত।’ (সুরা : নিসা, আয়াত : ৮৩)

আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি না করা : ইচ্ছাকৃতভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও বিভ্রান্তি ছড়ানো ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ কাজ। এগুলো মূলত মুনাফিকদের স্বভাব ছিল। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা ও শহরে মিথ্যা সংবাদ প্রচারকারীরা বিরত না হয়, তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে তোমাকে ক্ষমতাবান করে দেব।’ (সুরা : আহজাব, আয়াত : ৬০)

কারো কারো মনে হতে পারে, মানুষের দৃষ্টি আকর্ষণ করে ত্রাণ সংগ্রহ বা সচেতনতা তৈরির জন্য অতিরঞ্জিত বা ভুয়া ছবি ব্যবহার করা যেতে পারে। তবে বাস্তবতা হলো, ইসলামে এ ধারণা গ্রহণযোগ্য নয়। কারণ মিথ্যা কল্যাণ বয়ে আনে না, বরং বিভ্রান্তি বাড়ায়। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা মিথ্যাচার বর্জন করো। কেননা মিথ্যা পাপাচারের দিকে ধাবিত করে এবং পাপাচার জাহান্নামে নিয়ে যায়।’ (আবু দাউদ, হাদিস : ৪৯৮৯)

অতএব, সংকটের সময়ে একজন মুসলমানের দায়িত্ব হলো গুজব ও আতঙ্ক না ছড়িয়ে মহান আল্লাহর ওপর ভরসা করা। তথ্য শেয়ার করার আগে নিশ্চিতভাবে যাচাই করা। মানুষকে সঠিক তথ্য দিয়ে দিকনির্দেশনা দেওয়ার মতো সুযোগ থাকলে তা দেওয়া, অন্যথায় চুপ থাকা। সাধ্যমতো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা, সামর্থ্য না থাকলে কমপক্ষে তাদের জন্য দোয়া করা।

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সাপ্তাহজুরে ইমামতি করবেন যারা

ইসলামী জীবন ডেস্ক
মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সাপ্তাহজুরে ইমামতি করবেন যারা
সংগৃহীত ছবি

বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ের দুই পবিত্রতম ইবাদতের স্থান—মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে এ দুই মসজিদে কারা ইমামতি করবেন, তা জানতে আগ্রহী অনেকেই-বিশ্বের অসংখ্য মুসল্লি ও ইসলামপ্রেমী মানুষ। সেই আগ্রহের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চলতি সাপ্তাহের সাময়িক দুই পবিত্র মসজিদের ইমামতির একটি সময়সূচী প্রকাশ করেছে।

মসজিদুল হারামে ইমামতির দায়িত্বে যারা
প্রকাশিত সময়সূচী অনুযায়ী, ফজর ও আসর নামাজে চলতি সপ্তাহজুড়ে ইমামতি করবেন শাইখ বাদের আল-বালিলাহ। জোহর নামাজে (শুক্রবার ব্যতীত) ইমামতি করবেন শাইখ ফয়সাল আল-গাজ্জাবী। শুক্রবার জুমার নামাজের জন্য পৃথক ইমাম নির্ধারণ করা হয়। আর মাগরিব ও ইশা নামাজে সপ্তাহজুড়ে মুসল্লিদের ইমামতি করবেন বিশ্বখ্যাত কোরআনের কারি শাইখ মাহের আল-মুয়াইক্বলী।

মসজিদে নববীর ইমামতির দায়িত্বে যারা
মসজিদে নববীতেও চলতি সপ্তাহজুড়ে নির্ধারিত ইমামদের মাধ্যমে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হবে।
ফজর: শাইখ খালিদ আল-মুহান্না
জোহর: শাইখ মুহাম্মদ বারহাজী (শুক্রবার ব্যতীত)
আসর: শাইখ আলী আল-হুদাইফী
মাগরিব: শাইখ বারি আত-থুবাইতি
ইশা: শাইখ আব্দুল্লাহ আল-বুয়াজান

মসজিদুল হারামের নামাজের সময় (মক্কার স্থানীয় সময়)
ফজর: ৪:২১ মিনিট
জোহর: ১২:২৭ মিনিট
আসর: ৩:৪২ মিনিট
মাগরিব: ৭:০৭ মিনিট
ইশা: ৮:৩৭ মিনিট

মসজিদে নববীর নামাজের সময় (মদিনার স্থানীয় সময়)
ফজর: ৪:১৩ মিনিট
জোহর: ১২:২৮ মিনিট
আসর: ৩:৫০ মিনিট
মাগরিব: ৭:১৪ মিনিট
ইশা: ৮:৪৪ মিনিট

হজ ও উমরাহ পালনে সৌদি আরবে অবস্থানরত মুসল্লিদের জন্য এই সময়সূচী বিশেষ গুরুত্বপূর্ণ। নির্ধারিত ইমামের পেছনে নামাজ আদায়ের আগ্রহে অনেক মুসল্লি আগেভাগেই মসজিদে উপস্থিত হন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানও মসজিদুল হারাম ও মসজিদে নববী থেকে সরাসরি সম্প্রচারিত নামাজ অনুসরণ করে থাকেন এবং প্রিয় ইমামদের তিলাওয়াত শোনার অপেক্ষায় থাকেন। 
 

সাড়ে চার বছর পর মসজিদের মিম্বারে এসে কাঁদলেন খতিব | কালের কণ্ঠ