ক্রীড়া প্রতিবেদক : গত কয়েক বছর ফুলহামের যুব দলে আলো ছড়িয়েছেন ফারহান আলী ওয়াহিদ। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার ইংলিশ ক্লাবটির সিনিয়র দলের দরজায় কড়া নাড়ছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এই উইঙ্গার। কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতিতে নজর কাড়ার পর গত পরশু নরউইচ সিটির বিপক্ষে প্রীতি ম্যাচে হয়েছে তাঁর সিনিয়র দলে অভিষেক। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন যখন আরো কাছে, তখন বাংলাদেশের জার্সিতেও ফারহানকে পাওয়ার আশা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাফের আগে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে তাঁকে জাতীয় দলে আনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ফারহানের সঙ্গে জায়ান হাকিমকেও সেপ্টেম্বরে জাতীয় দলে পাওয়ার আশা করছে বাফুফে। ইংল্যান্ডের ক্লাব ওয়েলিং ইউনাইটেডে খেলা ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকেও লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে। বিষয়টি নিশ্চিত করে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘সেপ্টেম্বর উইন্ডোতে ফারহান, জায়ান হাকিমদের আমরা আনার চেষ্টা করছি। আশা করি ওরা আসবে। এর বাইরে আরো কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে। ফারহানের জন্ম নিবন্ধন হয়ে গেছে। পাসপোর্টের জন্য এই সপ্তাহেই তাঁর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ সেটাও হয়ে যাবে।’ জায়ান হাকিমের কাগজপত্রের জটিলতাও এরই মধ্যে সমাধান হয়েছে বলে জানিয়েছেন ফাহাদ করিম, ‘জায়ানের ডকুমেন্টের কিছু সমস্যা ছিল। এখন সেটা ঠিক হয়ে গেছে। আমরা কাজ শুরু করব। আশা করছি সেপ্টেম্বর উইন্ডোর আগেই সব সম্পন্ন হবে।’
সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ চার জাতি নাকি তিন জাতির টুর্নামেন্ট খেলবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে ওই সময়ে যে প্রতিযোগিতাই হোক, ফারহান ও জায়ানকে লাল-সবুজের জার্সিতে দেখতে আশাবাদী ফাহাদ করিম। আগামী নভেম্বরে সাফের আসর বসবে ঢাকায়। যে কারণে সেপ্টেম্বর উইন্ডোতে ঘরের মাঠেই খেলতে চায় বাংলাদেশ। এরই মধ্যে কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিন নাকি চার জাতি টুর্নামেন্ট হবে তা শিগগিরই জানাবে বাফুফে।