• ই-পেপার

আপনার এলাকার খবর নিচ্ছেন তো?

প্রথমবার শুভ-পায়েল

প্রথমবার শুভ-পায়েল
আরিফিন শুভ ও কেয়া পায়েল

প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। জাহিদ প্রীতমের ওয়েব ছবি হ্যাপিলি ম্যারিড-এ দেখা যাবে তাঁদের। মোস্তফা সরয়ার ফারুকীর মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের সপ্তম ছবি এটি। সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবএই তিনটি বিষয়কে এক সুতায় বাঁধা হয়েছে গল্পে। জাহিদ প্রীতম বলেন, কাছাকাছি সময়ের দুটি মানুষের গল্প এটা। তারা তাদের ব্যক্তিসত্তা, পরিবার, সমাজ ও সম্পর্ক নিয়ে কী ভাবে, তার একটা প্রতিফলন পাওয়া যাবে ছবিতে। আরিফিন শুভ বলেন, রম-কম ঘরানার ছবি এটা। শুধু বলার জন্য বলা না, এ রকম চরিত্রে আগে কাজ করিনি। দর্শক আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে সেভাবে পাবেন না।

অল্প কথায়

জীবনানন্দের ‘মাল্যবান’ মঞ্চে ‘সম+সার’

জীবনানন্দের ‘মাল্যবান’ মঞ্চে ‘সম+সার’

বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি জীবনানন্দ দাশের উপন্যাস মাল্যবান অবলম্বনে থিয়েটার দল শূন্য এনেছে মঞ্চনাটক সম+সার। আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। জীবনানন্দ দাশের মৃত্যুর পর ১৯৭০ সালে প্রকাশিত হয় উপন্যাস মাল্যবান। নাটকটির পাণ্ডুলিপি সম্পাদনা, প্রয়োগ ভাবনা ও নির্দেশনায় রয়েছেন খন্দকার রাকিবুল হক। নির্দেশক জানান, উপন্যাসে মাল্যবানের দৃষ্টিকোণ থেকে গল্পটি এগোলেও মঞ্চনাটকে স্বামী ও স্ত্রী উভয় চরিত্রের অবস্থানকে সমান গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। আগামীকাল একই মঞ্চে [বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টা] নাটকটির দ্বিতীয় ও তৃতীয় মঞ্চায়ন হবে।

অন্তর্জাল

রাইড অর ডাই

রাইড অর ডাই
‘রাইড অর ডাই’ সিরিজের দৃশ্য

অ্যামাজান প্রাইম ভিডিওতে আজ এসেছে আমেরিকান রহস্য-কমেডি সিরিজটি। দুই বন্ধুর গল্প। বিশ বছরেরও বেশি সময়ের বন্ধু ডেবি ক্লেবোর্ন এবং জুডিথ বার্টন। উভয়েই মনে করত, তাঁরা একে অপর সম্পর্কে সবই জানেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিক খুনি জুডিথের গোপন জীবনের একটি মিশন ব্যর্থ হয়। এর রেশ ধরে দুই বন্ধু জড়িয়ে পড়ে ইউরোপজুড়ে এক রুদ্ধশ্বাস সড়ক অভিযানে। অভিনয়ে অক্টাভিয়া স্পেন্সার, হানা ওয়াডিংহ্যাম, বিল নাই, এড স্ক্রেইন প্রমুখ।

 

চলচ্চিত্র

দবির সাহেবের সংসার

দবির সাহেবের সংসার
‘দবির সাহেবের সংসার’ ছবিতে বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি

অভিনয়ে মাহিয়া মাহি, বাপ্পী চৌধুরী, রোজ, আলীরাজ। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : অবসরপ্রাপ্ত বিচারক দবির সাহেব বিপত্নীক। তার দুই মেয়ে, বড় মেয়ে থাকে বিদেশে। ছোট মেয়ে প্রতীক্ষা অল্প বয়সেই হারিয়ে যায়। তার বিশ্বাস প্রতীক্ষা একদিন ঠিকই ফিরে আসবে। নিজের ও সংসারের দেখাশোনার জন্য কুদ্দুস ও আক্কাসকে নিয়োগ দেয়। পাশের ফ্ল্যাটে কাজের মেয়ে চুমকীর প্রেমে পড়ে দুজনই। দবির সাহেব ও চুমকীর মনরক্ষায় প্রতিযোগিতায় নামে কুদ্দুস ও আক্কাস।