• ই-পেপার

বজ্রপাতে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু

সংক্ষিপ্ত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু

ফেনী প্রতিনিধি ও নীলফামারী সংবাদদাতা
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু

নীলফামারী সদরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মজিবর রহমান ও কচুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের জালাল উদ্দিন। এ ছাড়া এ ঘটনায় মজিবর রহমানের ছেলে মিঠু ইসলাম আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ঘটনার দিন বাবুবাজার এলাকার একটি পুকুরে বিদ্যুত্চালিত সেচ যন্ত্র লাগিয়ে মাছ ধরার জন্য পানি নিষ্কাশন করছিল। সে সময় সেচ পাম্পের বিদ্যুতের থ্রি-ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়লে তাঁরা বিদ্যুত্পৃষ্ট হন।  এদিকে ফেনীর পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার জেলার সোনাগাজী ও ছাগলনাইয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দাগনভূঞার দক্ষিণ করিমপুর গ্রামের মোহাম্মদ দুলাল ও ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর গ্রামের মানিক।

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সোয়া ৮টায় উপজেলার পিংগুলিয়া গ্রামের রেলমাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা তিলছড়া গ্রামের মৃত আনোয়ার শেখের স্ত্রী।

কাশিয়ানী থানার এসআই নুর আলম মিয়া ও পরিবার সূত্রে জানা যায়, কামনা বেগম পিংগুলিয়া গ্রামের জামাতা ফায়েক মিয়ার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। এই সময় রেললাইন পারাপারের সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে স্মৃতিস্তম্ভের বেদির অংশে আগুন জ্বলছে। আগুন লাগার পর তিন যুবক স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নিচে নেমে যাচ্ছে।

একই সময়ে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। সরেজমিনে স্মৃতিস্তম্ভটিতে বুধবার সকালে আগুনের পোড়া দাগ দেখা যায়। তবে কাঠামোগত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার বলেন, ধারণা করা হচ্ছে, কেরোসিন ব্যবহার করে আগুন লাগানো হয়েছিল। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

 

ট্রেন উদ্ধারকারী ট্রেনও দুর্ঘটনায়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ট্রেন উদ্ধারকারী ট্রেনও দুর্ঘটনায়

জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে উদ্ধার করতে ঘটনাস্থলে যাচ্ছিল রিলিফ ট্রেন। তবে সেখানে পৌঁছানোর আগে ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় রিলিফ ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়। এতে উদ্ধারকাজ সাড়ে তিন ঘণ্টা বিলম্বিত হয়। এতে আটকে পড়া ট্রেনের যাত্রীদের বাড়তি সময় ভোগান্তির মধ্যে পড়তে হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, গতকাল বুধবার সকাল সোয়া ৯টায় লাইনচ্যুত হয় ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় অবস্থিত লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন ব্রহ্মপুত্রকে উদ্ধার করতে যাওয়ার পথে নগরের বাঘমারা এলাকায় লাইনচ্যুত হয়। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে সাড়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।’