• ই-পেপার

‘জামায়াত-এনসিপির মধ্যে দেশেপ্রেম নেই’

এসডিজি স্থানীয়করণবিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হচ্ছেন ভারপ্রাপ্ত স্পিকার

নিজস্ব প্রতিবেদক
এসডিজি স্থানীয়করণবিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হচ্ছেন ভারপ্রাপ্ত স্পিকার

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের (ইউএনওপিএস) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। এ সময় আগামী ৮ আগস্ট অনুষ্ঠেয় এসডিজি স্থানীয়করণবিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেন তিনি।

গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে প্রতিনিধিদল ভারপ্রাপ্ত স্পিকারের হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেয়। আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে এসডিজি স্থানীয়করণবিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়ে আমন্ত্রণের জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান কায়সার কামাল। এ সময় ভারপ্রাপ্ত স্পিকার বলেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক সুশাসন নিশ্চিত করা এবং কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন।

চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর নির্মীয়মাণ ভবনে সন্ত্রাসীদের হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর নির্মীয়মাণ ভবনে সন্ত্রাসীদের হামলা

তাদের দাবি ছিল ২০ লাখ টাকার চাঁদা। তাতে সাড়া না মেলায় এক ব্যবসায়ীর নির্মীয়মাণ বাড়িতে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। গতকাল রবিবার চট্টগ্রামের হাটহাজারী থানার বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোডসংলগ্ন আবাসিক এলাকায় নির্মীয়মাণ ১০ তলা ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির মালিক মোহাম্মদ জসিম উদ্দিন একজন ব্যবসায়ী। তাঁর চাল ও চিনির পাইকারি ব্যবসা আছে। সম্প্রতি চট্টগ্রামের বড় দিঘিরপাড় এলাকায় একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ শুরু করেছেন। গতকাল সকালে ১০ থেকে ১২ জন ব্যক্তি একটি গাড়িতে করে এসে জসিমের বাড়ির সামনে নামে। সবার মুখে ছিল মাস্ক। তারা বাড়িতে প্রবেশ করে প্রথমে দরজা-জানালা ভাঙচুর করে। এ সময় ভবনটিতে কর্মরত শ্রমিকদের মারধর করে। পরে যাওয়ার সময় তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ কালের কণ্ঠকে বলেন, জসিম উদ্দিনের কাছে সন্ত্রাসীরা চাঁদা চেয়েছিল বলে তিনি আমাদের জানিয়েছেন। এরপর গতকাল সন্ত্রাসীরা এসে হামলা করে ভাঙচুর করেছে। কারা এ হামলার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, তাদের মুখে মাস্ক ছিল। এর মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার সঙ্গে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর লোকজন জড়িত আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বাড়ির মালিক আমাদের কারো নাম বলতে পারেননি। তবে আমরা তদন্ত করে দেখছি সাজ্জাদ বাহিনীর সম্পৃক্ততা আছে কি না।

হামলার বিষয়ে বাড়ির মালিক জসিম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, এক সপ্তাহ ধরে বিদেশি নাম্বার থেকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। হামলার ঘটনায় তিনি থানায় মামলা করবেন। তবে কারা চাঁদা চেয়ে হুমকি দিয়েছে, তা তিনি জানেন না বলে জানিয়েছেন।

উল্লেখ্য, দুই কোটি টাকা চাঁদার দাবিতে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ডিডিএন নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে গত ১৩ জুলাই হামলা চালায় সন্ত্রাসীরা। এর আগে সাজ্জাদের সহযোগী ডেভিড ইমন ডিডিএনের মালিকের কাছে চাঁদা চেয়ে হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এরপর পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে।

 

 

‘বর্তমান প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক
‘বর্তমান প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী’

বর্তমান প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী উল্লেখ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক বলেছেন, দেশের জনগণ আবার যাতে বিএনপির প্রতি আস্থা রাখে এবং সেই আস্থার প্রতিদান দিতে পারে, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে। গতকাল রবিবার ডিএনসিসির আওতাধীন ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কার্যক্রমের অগ্রগতি সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রশাসক জানান, গত কয়েক দিনের ভারি বর্ষণের কারণে উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তিনি নিজে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্য সরেজমিন পরিদর্শনে এসেছেন।

কুর্মিটোলা হাসপাতাল চত্বরে বাস দুর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক
কুর্মিটোলা হাসপাতাল চত্বরে বাস দুর্ঘটনায় একজন নিহত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা র‌্যাডিসন ব্লু হোটেলের কর্মচারী রফিকুল ইসলাম নিহত হন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র বলছে, বাসটি মহাখালী থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোলরুমের দেয়ালে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত হন। তিনি র‌্যাডিসন ব্লু হোটেলে স্টোরকিপার হিসেবে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালেই ভর্তি করা হয়। ক্যান্টনমেন্ট থানার এসআই মানিক জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটির চালক ও সহযোগীকে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোলরুমটি ভেঙে গেছে।