স্টিলশিল্পে নতুন আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করল একেএস। এক মিনিটে সর্বাধিক স্টিল রিবার উৎপাদনের স্বীকৃতি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ‘মোস্ট স্টিল রিবারস প্রোডিউজড ইন ওয়ান মিনিট’ রেকর্ডের অধিকারী হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের স্টিলশিল্পের প্রযুক্তিগত সক্ষমতা, উৎপাদন দক্ষতা এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থাপনা বিশ্বপরিসরে নতুন স্বীকৃতি লাভ করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকডসের নির্ধারিত যাচাইপ্রক্রিয়া অনুযায়ী, একেএস মাত্র এক মিনিটে ৫২টি স্টিল রিবার উৎপাদন করে, যার প্রতিটির দৈর্ঘ্য ছিল ১০৮ মিটার। বিশ্বের দ্রুততম রিবার রোলিং মিলের সক্ষমতা, অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ প্রকৌশল ও উৎপাদন ব্যবস্থাপনার সমন্বয়ে এই রেকর্ড অর্জিত হয়েছে।
এ বিষয়ে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান মোমিন বলেন, ‘এই বিশ্বরেকর্ড অর্জন শুধু একেএসের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক নয়, এটি বাংলাদেশের উৎপাদনশিল্পের সক্ষমতা ও সম্ভাবনারও আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বমানের প্রযুক্তি, দক্ষ জনবল এবং উৎকর্ষের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতির ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মান বজায় রেখে সর্বোচ্চ মানের স্টিল উৎপাদনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎপাদন উৎকর্ষের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের প্রতিও প্রতিষ্ঠানটি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। উৎপাদনের প্রক্রিয়ায় পানি নিঃসরণ করা হয় না। শিল্প-কারখানায় ব্যবহৃত পানি পরিশোধন করে পুনর্ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সৌরশক্তির ব্যবহার, আধুনিক ধোঁয়া পরিশোধন ব্যবস্থা, উৎপাদন উপকরণের পুনর্ব্যবহার ও নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে।
একেএস জানায়, দেশের আবাসন, শিল্প ও বৃহৎ অবকাঠামো নির্মাণে দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য ইস্পাত সরবরাহের মাধ্যমে তারা আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি