পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে দণ্ডিত আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করতে চান না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এর পরও তাঁরা যেন আপিলে অংশ নেন, সেই চেষ্টা করা হচ্ছে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আইনি প্রতিনিধিত্ব’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। আইন অনুষদের গবেষণা ও উচ্চতর শিক্ষাকেন্দ্র সেন্টার ফর অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ সেমিনারটির আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে সবচেয়ে ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও আইনের শাসন, যথাযথ বিচারপ্রক্রিয়া এবং অভিযুক্ত ব্যক্তির আইনগত প্রতিনিধিত্বের অধিকার নিশ্চিত করতে হবে। মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ হলেও বাংলাদেশের বর্তমান সামাজিক বাস্তবতায় মৃত্যুদণ্ড বিলোপের প্রশ্নটি অত্যন্ত জটিল। শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধের ঘটনায় সমাজের ন্যায়বিচারের প্রত্যাশা উপেক্ষা করা সম্ভব নয়। তবে অপরাধের ধরন যা-ই হোক না কেন, প্রত্যেক অভিযুক্তের ন্যায্যবিচার পাওয়ার অধিকার রয়েছে।