• ই-পেপার

পুশ ইন-সীমান্ত হত্যা

সীমান্তবর্তী সব জেলা ও গুরুত্বপূূর্ণ পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

টিআইবির আশঙ্কা

খসড়া মানবাধিকার কমিশন আইন পাস হলে সংস্থা স্বাধীন থাকবে না

নিজস্ব প্রতিবেদক
খসড়া মানবাধিকার কমিশন আইন পাস হলে সংস্থা স্বাধীন থাকবে না

খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ বর্তমান অবস্থায় পাস হলে মানবাধিকার কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে টিআইবি। সংস্থাটি বলছে, খসড়া আইনের কয়েকটি বিধান কমিশনকে সরকারের প্রভাবাধীন প্রতিষ্ঠানে পরিণত করার ঝুঁকি তৈরি করেছে। এ অবস্থায় ১৯ দফা সুপারিশসহ আইনটি চূড়ান্ত করার আগে অংশীজনদের সম্পৃক্ত করার আহবান জানিয়েছে তারা।

গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, সরকার গত ১৭ মে জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬-এর যে খসড়া প্রণয়ন করেছে, তা ২০২৫ সালের অধ্যাদেশের তুলনায় কয়েকটি মৌলিক বিষয়ে পিছিয়ে গেছে।

 

ভারতের নতুন হাইকমিশনার ঢাকায় আসছেন কাল

নিজস্ব প্রতিবেদক
ভারতের নতুন হাইকমিশনার ঢাকায় আসছেন কাল

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় আসছেন আগামীকাল শুক্রবার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে দীনেশ ত্রিবেদী তাঁর দায়িত্ব পালন শুরু করবেন।

দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। সাধারণত এ ধরনের পদে ক্যারিয়ার কূটনীতিকদের নিয়োগ দেওয়া হলেও এবার একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটি কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ১৯৫০ সালের ৪ জুন নয়াদিল্লিতে জন্মগ্রহণকারী দীনেশ ত্রিবেদী গুজরাটি পরিবারে জন্ম নিলেও কলকাতায় বেড়ে উঠেছেন। ফলে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় সিস্টেম থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

রামিসা হত্যা

দণ্ডিতরা আপিল করতে চান না : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দণ্ডিতরা আপিল করতে চান না : আইনমন্ত্রী

পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে দণ্ডিত আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করতে চান না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এর পরও তাঁরা যেন আপিলে অংশ নেন, সেই চেষ্টা করা হচ্ছে।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আইনি প্রতিনিধিত্ব’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। আইন অনুষদের গবেষণা ও উচ্চতর শিক্ষাকেন্দ্র সেন্টার ফর অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ সেমিনারটির আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে সবচেয়ে ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও আইনের শাসন, যথাযথ বিচারপ্রক্রিয়া এবং অভিযুক্ত ব্যক্তির আইনগত প্রতিনিধিত্বের অধিকার নিশ্চিত করতে হবে। মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ হলেও বাংলাদেশের বর্তমান সামাজিক বাস্তবতায় মৃত্যুদণ্ড বিলোপের প্রশ্নটি অত্যন্ত জটিল। শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধের ঘটনায় সমাজের ন্যায়বিচারের প্রত্যাশা উপেক্ষা করা সম্ভব নয়। তবে অপরাধের ধরন যা-ই হোক না কেন, প্রত্যেক অভিযুক্তের ন্যায্যবিচার পাওয়ার অধিকার রয়েছে।

যশোরে সাংবাদিক গ্রেপ্তারে সিপিজের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
যশোরে সাংবাদিক গ্রেপ্তারে সিপিজের উদ্বেগ

যশোরের শার্শা উপজেলায় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংগঠনটি এ ঘটনার দিকে নজর রাখছে। গতকাল বুধবার সিপিজে এক বার্তায় এ কথা জানায়।

সিপিজের তথ্যানুযায়ী, বিডিনিউজের প্রতিবেদক মোহাম্মদ আসাদুজ্জামানকে গত ৮ জুন রাত ২টার দিকে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তাঁকে বিশেষ ক্ষমতা আইনের আওতায় আটক রাখা হয়েছে। নামের ভুলে সাংবাদিক আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিপিজে বলেছে, একজন সাংবাদিককে তাঁর পেশাগত কর্মকাণ্ডের কারণে লক্ষ্যবস্তু করা হচ্ছে কি না—তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সংস্থাটি বলেছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না হলে এটি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মোহাম্মদ আসাদুজ্জামানকে আদালতে হাজির করার পর তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়। পরে তাঁকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার অভিযোগের বিষয়ে শুনানি হতে পারে।