• ই-পেপার

গণস্বাস্থ্য কেন্দ্র

আদালতের আদেশে দায়িত্ব ফিরে পাচ্ছে ডা. নাজিমউদ্দিনের নেতৃত্বাধীন ট্রাস্টি বোর্ড

বিডা

৪০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ বাস্তবায়নের পথে

নিজস্ব প্রতিবেদক
৪০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ বাস্তবায়নের পথে

বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশলের ইতিবাচক ফল পেতে শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ২০২৫ সালে গড়ে তোলা প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে এরই মধ্যে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ সিদ্ধান্ত ও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে। বিডার দাবি, ২০টি দেশের ৭০ জন সম্ভাব্য বিনিয়োগকারীকে নিয়ে তৈরি এই পাইপলাইনের ১৫ শতাংশের বেশি বাস্তবায়ন পর্যায়ে রূপান্তরিত হয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায়ও ভালো সাফল্য।

বিডার তথ্য অনুযায়ী, পাইপলাইনে সবচেয়ে বেশি বিনিয়োগ আগ্রহ এসেছে তুরস্ক, চীন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়া থেকে। গত ১২ থেকে ১৫ মাসে এসব বিনিয়োগ বাস্তবায়নের পথে অগ্রসর হওয়ায় বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরো বেড়েছে বলে মনে করছে সংস্থাটি।

বাস্তবায়নের পথে থাকা সবচেয়ে বড় বিনিয়োগ হংকংভিত্তিক হান্ডা ইন্ডাস্ট্রিজের। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ প্রতিষ্ঠানটি প্রথমে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিলেও বিডা, বেজা ও বেপজার সহায়তায় তা দ্বিগুণ করে ৩০০ মিলিয়ন ডলারে উন্নীত করেছে। এর মধ্যে মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৮০ মিলিয়ন ডলারের পোশাক কারখানা এবং কেরানীগঞ্জে ২২০ মিলিয়ন ডলারের সমন্বিত টেক্সটাইল কমপ্লেক্স স্থাপন করা হবে। পুরো প্রকল্পে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং উচ্চমানের টেক্সটাইল প্রযুক্তি দেশে আসবে।

চীনের হেনগলি গ্রুপ তাদের সহযোগী প্রতিষ্ঠান লিড বাংলাদেশ টেক্সটাইল টেকনোলজি কম্পানির মাধ্যমে নারায়ণগঞ্জের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে প্রায় ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগে আধুনিক স্বয়ংক্রিয় টেক্সটাইল উৎপাদন কারখানা স্থাপন করছে।

এই প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিকমানের উন্নত টেক্সটাইল উৎপাদন প্রযুক্তি দেশে আসবে এবং তৈরি পোশাক শিল্পের স্থানীয় মূল্য সংযোজন বাড়বে।

অন্যদিকে, চীনের চায়না লেসো গ্রুপ চট্টগ্রামের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে ৩২ মিলিয়ন ডলার বিনিয়োগে ভারী উৎপাদন শিল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সেখানে পিভিসি পাইপ, সোলার প্যানেল, স্যানিটারি সামগ্রী, ওয়াটার পিউরিফায়ার ও অন্য নির্মাণসামগ্রী উৎপাদন হবে। এতে নির্মাণ খাতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদনও উৎসাহিত হবে।

আর্থিক খাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শ্রীলঙ্কার সফটলজিক লাইফ ইনস্যুরেন্স প্রায় ১.৯ মিলিয়ন ডলারে ডায়মন্ড লাইফ ইনস্যুরেন্সের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করছে। বিডার সহায়তায় হওয়া এই বিনিয়োগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আন্ডাররাইটিং, ডিজিটাল বীমা সেবা এবং দ্রুত দাবি নিষ্পত্তির প্রযুক্তি বাংলাদেশে চালু হবে।

এদিকে মালয়েশিয়ার খুচরা বিক্রয় প্রতিষ্ঠান এমআর.ডিআইওয়াই নিয়ন্ত্রক সহায়তা পাওয়ার পর বাংলাদেশে তাদের কার্যক্রম দ্রুত সম্প্রসারণ করেছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে ১৭টির বেশি মেগাস্টোর পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিশ্বের অন্যতম এয়ারলাইন অ্যামেনিটি কিট প্রস্তুতকারী মেগারিচ প্রায় ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করছে। এর মাধ্যমে তৈরি পোশাকের বাইরে রপ্তানি বহুমুখীকরণে নতুন সুযোগ তৈরি হবে।

বিডা বলছে, এসব বিনিয়োগ শুধু মূলধনই আনছে না; একই সঙ্গে উন্নত প্রযুক্তি, দক্ষতা, কর্মসংস্থান এবং দেশীয় সরবরাহব্যবস্থাকে শক্তিশালী করছে। পাশাপাশি নির্মাণসামগ্রী, টেক্সটাইল, বীমা, খুচরা বিক্রয়সহ বিভিন্ন খাতে আমদানিনির্ভরতা কমাতেও ভূমিকা রাখবে।

এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে ২০২৬ সালের মধ্যেই আরো ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের নতুন বিনিয়োগ পাইপলাইন তৈরির লক্ষ্য নিয়েছে বিডা। এ জন্য দেশ ও খাতভিত্তিক বিশেষায়িত ডেস্ক এবং নিবেদিত বিনিয়োগ টিমের মাধ্যমে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ আরো জোরদার করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন মূল্যায়নে ঢাকায় আসছে এপিজি প্রতিনিধিরা

এম সায়েম টিপু
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন মূল্যায়নে ঢাকায় আসছে এপিজি প্রতিনিধিরা

মানি লন্ডারিং ও সন্ত্রাসে আর্থায়ন মূল্যায়নে আগামী ১১ আগস্ট ঢাকায় আসছে এপিজির (এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। ১৩ আগস্ট পর্যন্ত প্রতিনিধিদলটি ঢাকায় অবস্থান করবে। সফরকালে তারা দেশের আইনগত কাঠামো, ঝুঁকি মূল্যায়ন, তদন্ত ও বিচার ব্যবস্থা, সম্পদ জব্দ, আন্তর্জাতিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা করবে। এই সফরের মধ্য দিয়েই ২০২৭-২৮ সালের চতুর্থ মিউচুয়াল ইভ্যালুয়েশন বা পারস্পরিক মূল্যায়নের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমন্বয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সূত্র জানায়, সভায় এপিজির সুপারিশ, সরকারের প্রস্তুতি এবং বিভিন্ন সংস্থার অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মানি লন্ডারিং প্রতিরোধে গঠিত টাস্কফোর্সকে আরো সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এপিজির মূল্যায়ন শুধু আইন থাকার বিষয়টি দেখবে না, বরং আইন বাস্তবে কতটা কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে, সেটিই এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। তদন্ত, বিচার, সম্পদ জব্দ, আন্তর্জাতিক সহযোগিতা এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা যাচাই করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, দেশে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি মোকাবেলায় কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ এখনো শেষ হয়নি। এর মধ্যে রয়েছে তৃতীয় জাতীয় ঝুঁকি
মূল্যায়ন, সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি বিশ্লেষণ, এনজিও ও অলাভজনক প্রতিষ্ঠানের ঝুঁকি মূল্যায়ন এবং ভার্চুয়াল অ্যাসেট ও ভার্চুয়াল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার খাতের ঝুঁকি নিরূপণ।

সরকারি সূত্র জানায়, এপিজির মূল্যায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) লিড এজেন্সি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএফআইইউ প্রধানকে করা হয়েছে প্রধান সমন্বয়কারী। এরই মধ্যে সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে ফোকাল পারসন মনোনয়নের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি উপস্থাপন করা যায়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্বল মূল্যায়ন হলে দেশের আর্থিক খাতের ওপর অতিরিক্ত নজরদারি আরোপ হতে পারে। আন্তর্জাতিক লেনদেনেও জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হবে। এতে করে ঋণমানেও নেতিবাচক প্রভাব পড়বে। তাই আগস্টে এপিজির সফরের আগে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানো যে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবেলায় বাংলাদেশ শুধু আইন প্রণয়নেই নয়, বাস্তব প্রয়োগেও কার্যকর অগ্রগতি অর্জন করেছে।

কার্যপত্র অনুযায়ী, এপিজি ও ফিন্যানশিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) মূল্যায়ন হবে দুই ধাপে। প্রথম ধাপে টেকনিক্যাল কমপ্লায়েন্সের আওতায় দেশের আইন, বিধিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামো যাচাই করা হবে। দ্বিতীয় ধাপে ইফেকটিভনেস মূল্যায়নের মাধ্যমে দেখা হবে, এসব আইন বাস্তবে কতটা কার্যকর হয়েছে।

এ ক্ষেত্রে ১১টি নির্ধারিত সূচকের ভিত্তিতে তদন্ত, বিচার, সম্পদ জব্দ, আন্তর্জাতিক সহযোগিতা এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করা হবে।

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, নিজস্ব প্রসিকিউশন সার্ভিস না থাকায় মানি লন্ডারিংয়ের মতো জটিল মামলাগুলোর বিচার কার্যক্রম দ্রুত শেষ করা কঠিন হচ্ছে। এ কারণে সিআইডিতে একটি স্থায়ী প্রসিকিউশন সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিস্তা তীরবর্তী চরাঞ্চলে নদীভাঙন

তিস্তা তীরবর্তী চরাঞ্চলে নদীভাঙন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা তীরবর্তী চরাঞ্চলে নদীভাঙন ভয়ংকর রূপ নিয়েছে। গতকাল চর বিদ্যানন্দ ইউনিয়ন থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

কালের কণ্ঠ ডেস্ক
প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

নোয়াখালীতে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার দ্বারা ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। পরে এলাকাবাসী গণপিটুনি দিয়ে ধর্ষককে গাছের সঙ্গে বেঁধে রাখে। পটুয়াখালীর দুই উপজেলায় এবং ঢাকার সাভারে ধর্ষণচেষ্টায় গ্রেপ্তার হয়েছে তিনজন। এ ছাড়া গাজীপুর ও পিরোজপুরে ধর্ষণ মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

নোয়াখালী : সুবর্ণচর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার   দ্বারা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

বুধবার রাতে চরজব্বর থানায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করেন। একই দিন সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষিকার বাবা কামাল উদ্দিনকে (৫৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

চরজব্বর থানার ওসি রফিকুল হাসান জানান, নির্যাতিতা ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পটুয়াখালী : কলাপাড়া উপজেলার মহিপুরে ১১ বছরের এক শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাঁকে গ্রেপ্তার করে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, গত ৭ জুলাই নিজ বাড়িতে ছোট ভাইকে নিয়ে অবস্থান করছিল শিশুটি। এ সময় তার মা-বাবা বাড়ির বাইরে ছিলেন। ওই সুযোগে নূর মোহাম্মদ হাওলাদার শিশুটির ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় লোকজন ঘটনাস্থলে চলে এলে তিনি পালিয়ে যান।

রাঙ্গাবালী (পটুয়াখালী) : মৌডুবি ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় জাহাঙ্গীর হাওলাদার (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর ভূইয়াকান্দা গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে। গতকাল সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সাভার (ঢাকা) : পৌর এলাকার বক্তারপুর পোড়াবাড়ী মহল্লায় বিয়ের অনুষ্ঠান চলাকালে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে উথান হরি (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক মো. আলিম।

গ্রেপ্তারকৃত উথান হরি বক্তারপুর পোড়াবাড়ী মহল্লার ইছাক আলীর ছেলে।

মেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন : গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নিজ মেয়েকে ধর্ষণের দায়ে লম্পট এক বাবাকে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। গাজীপুর মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মো. আবুবক্কর সিদ্দিক গতকাল আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

গত বছরের ২৬ মার্চ রিপন হোসেন নিজ মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে পরদিন কাশিমপুর থানায় স্বামীকে আসামি করে মামলা করেন।

কিশোরী ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড : পিরোজপুর প্রতিনিধি জানান, ভাণ্ডারিয়ায় এক কিশোরীকে ধর্ষণের মামলার আসামি তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত তন্ময় মিস্ত্রি উপজেলার সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রির ছেলে।