কিংবদন্তি ইসলামী অর্থনীতিবিদ, লেখক ও গবেষক ড. ওমর চাপরা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ১৩ জুন ২০২৬ (শনিবার) সৌদি আরবের মক্কায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। গতকাল রবিবার বাদ ফজর মসজিদুল হারামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং তাঁকে মক্কার জান্নাতুল মুয়াল্লায় দাফন করা হয়।
ড. ওমর চাপরার মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম তাঁর অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুকে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসলামী জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে মানবসমাজ। ড. চাপরা তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন ন্যায়বিচারের প্রতিষ্ঠা, চিন্তার বিকাশ এবং জ্ঞানের মাধ্যমে মানবিক মর্যাদা সমুন্নত করার লক্ষ্যে।
ড. চাপরা ১৯৩৩ সালে ভারতের বোম্বেতে (বর্তমান মুম্বাই) জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তানের করাচি শহরে বেড়ে ওঠেন। তিনি ১৯৫০ সালে ইউনিভার্সিটি অব সিন্ধ থেকে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৫৪ সালে ইউনিভার্সিটি অব করাচি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৬১ সালে ইউনিভার্সিটি অব মিনেসোটা থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
ড. চাপরা ১৯৬৫ সালে সৌদি আরবে পাড়ি জমান এবং প্রায় ৫৫ বছর ধরে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দায়িত্ব পালন করেন। সৌদি আরবের ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান রয়েছে। কর্মজীবনে তিনি সৌদি আরাবিয়ান মানিটরি এজেন্সির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কাজ ও গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারসহ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন। তিনি সৌদি আরবের নাগরিকত্বও লাভ করেন।
ড. চাপরার রচিত বইয়ের সংখ্যা ১৫টি এবং প্রবন্ধের সংখ্যা ৯০টির অধিক। আল্লাহ তাঁর ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। আমিন।
তথ্যসূত্র : দ্য হালাল টাইমস
আরব নিউজ ও দ্য ভাইবস ডটকম




