দেশে বিনিয়োগে স্থবিরতা চলছে। ক্রমবর্ধমান জনসংখ্যার কর্মসংস্থান না হওয়ায় বেকারত্বের পাশাপাশি নানা ধরনের সামাজিক ঝুঁকি তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটকে অনেকেই আশার আলো হিসেবে দেখছেন। বাজেট মোটাদাগে বিনিয়োগবান্ধব। বিনিয়োগের খরা কাটাতে বাস্তবধর্মী নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কর সুবিধা বাড়ানোসহ শিল্প সুরক্ষায় পদক্ষেপ রয়েছে। আমলাতান্ত্রিক ও নিয়ন্ত্রণমূলক জটিলতা থেকে মুক্তি দিতে ব্যবসা শুরুর এবং পরিচালনায় সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এই বাজেট কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে শঙ্কাও রয়েছে।
বাজেট ঘোষণাকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করেই বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো উৎপাদনশীল খাতের চাকা সচল রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। আমরা এমন একটি কর ও আইনি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যা সৎ ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের নিরুৎসাহ করবে না, বরং দেশীয় শিল্পকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক হতে সাহায্য করবে।’ অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ কমানো বা বিনিয়ন্ত্রণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, কোনো প্রয়োজনীয় আইন, বিধি বা তদারকি ব্যবস্থা বিলোপ করা নয়, বরং জনস্বার্থ, পরিবেশ ও বিনিয়োগকারীর অধিকার অক্ষুণ্ন রেখেই প্রক্রিয়া সহজ ও দুর্নীতিমুক্ত করা হবে।
অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ব্যবসা করার জন্য নিবন্ধন, বিভিন্ন অনুমোদন, ছাড়পত্রসহ অন্যান্য সরকারি সেবার আবেদন সর্বোচ্চ এক সপ্তাহের (সাত দিন) মধ্যে নিষ্পত্তি করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থা তাদের মতামত বা ছাড়পত্র না দেয়, তবে ডিজিটাল সিস্টেমে আবেদনটি ‘স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত’ বলে গণ্য হবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্যও বাজেটে বেশ কিছু সুবিধা ঘোষণা করা হয়েছে। বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ জনবলের কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট সর্বোচ্চ সাত দিনের মধ্যে এবং বিনিয়োগকারী ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা ১০ দিনের মধ্যে দেওয়া হবে। যোগ্য বিনিয়োগকারীদের জন্য পাঁচ বছর মেয়াদি ‘মাল্টিপল এন্ট্রি’ ভিসা চালুর উদ্যোগ নেওয়া হবে। বিদেশি বিনিয়োগকারীদের বৈধ মুনাফা ও মূলধন প্রত্যাবাসনের আবেদন নিষ্পত্তির জন্য সর্বোচ্চ ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করা হচ্ছে।
ব্যবসায়ীমহলের পক্ষ থেকেও বাজেট প্রশংসিত হয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ বলেন, ‘প্রস্তাবিত বাজেট সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব। বিশেষ করে উৎস করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, শিল্পের কাঁচামাল আমদানিতে উৎস কর হ্রাস, পাঁচ বছরের করকাঠামো আগাম ঘোষণা এবং স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও ইলেকট্রিক যানবাহন খাতে কর প্রণোদনা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে।’ তবে রাজস্ব আহরণের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা, বাজেট ঘাটতি পূরণে ঋণনির্ভরতা এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত হওয়ার আশঙ্কা বিনিয়োগ পরিবেশের জন্য উদ্বেগের বিষয় বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘তৈরি পোশাক শিল্পের প্রধান দুটি প্রত্যাশা ছিল করব্যবস্থার সংস্কার এবং গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবেলায় বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আমদানি সহজীকরণ। বাজেটে এই দুই ক্ষেত্রেই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।’ তবে ঋণের উচ্চ সুদহারকে তিনি বিনিয়োগের বড় বাধা হিসেবে উল্লেখ করেন।
অর্থনীতিবিদদের মতে, বাজেটে বেসরকারি বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু জ্বালানি সরবরাহের নির্ভরযোগ্যতা, উচ্চ সুদহার, নীতিগত স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, ভূমিপ্রাপ্তি, বন্দর দক্ষতা এবং ব্যবসা পরিচালনার প্রশাসনিক জটিলতা—সবকিছু কতটা দক্ষভাবে মোকাবেলা করা যাচ্ছে, তার ওপর নির্ভর করবে বেসরকারি খাতের অগ্রগতি। আমরা আশা করি, সরকারের আন্তরিকতা বেসরকারি খাতকে এগিয়ে নিতে সক্ষম হবে।

