• ই-পেপার

জনকল্যাণ হোক মূল লক্ষ্য

  • ২০২৬-২৭ সালের বাজেট ঘোষণা আজ

সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন

আসছে স্থানীয় সরকার নির্বাচন

সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন

একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য স্থানীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচন যেখানে একটি দেশের রাজনৈতিক কাঠামোর শীর্ষ পর্যায়, সেখানে স্থানীয় নির্বাচন হলো তার ভিত্তি। ইউনিয়ন পরিষদ, উপজেলা বা পৌরসভা স্তরের জনপ্রতিনিধিরাই জনগণের সবচেয়ে কাছাকাছি থাকেন, তাই এই পর্যায়ে সুস্থ গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা বাঞ্ছনীয়। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান যথার্থই বলেছেন, নির্বাচনসংক্রান্ত শর্তাবলি পূরণ করলে যে কেউ আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এ বিষয়ে সরকারের দিক থেকে বাধা দেওয়ার কারণ নেই।

কালের কণ্ঠের খবরে বলা হয়, গত মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না তা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার চাইছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকুক। কিন্তু ব্যক্তি হিসেবে যে কেউ চাইলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন, যেহেতু এটা নির্দলীয়ভাবে হচ্ছে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, আওয়ামী লীগের পদ-পদবী যাঁদের রয়েছে তাঁরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন কি না? জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ, এই পদ-পদবী তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে কেউ যদি শর্তাবলি পূরণ করতে পারেন, তাহলেই তিনি নির্বাচন করতে পারবেন। তবে আওয়ামী লীগ বা দলীয় বক্তব্য প্রচার করা যাবে না বলেও জানান তিনি।

চব্বিশের গণ-আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে কি না, এলে কখন কিভাবে আসবেতা নিয়ে চায়ের আড্ডায়, সামাজিক মাধ্যমে হরদম আলোচনা-সমালোচনা চলছে। এমন প্রেক্ষাপটে ডা. জাহেদ উর রহমানের বক্তব্য প্রাসঙ্গিক মনে করছেন অনেকেই। প্রকৃতপক্ষে, যারা অপরাধ করেছে, তাদের অবশ্যই বিচার হওয়া দরকার। দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কিন্তু দেশে যে বিপুলসংখ্যক সমর্থক, নেতাকর্মী রয়েছেন তাঁদের গণতান্ত্রিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার সুযোগ কোথায়?

এ বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলে সরকারের তরফ থেকে বলা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এটি হবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অধীনে প্রথম নির্বাচন। এটি সরকারের জন্য পরীক্ষাও বটে। আমরা আশা করি, আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার মধ্য দিয়ে সরকার সফলতার সঙ্গে তা উত্তীর্ণ হবে।

মানবিক সংকট এড়াতে হবে

এআইয়ের প্রভাবে কর্মী ছাঁটাই

মানবিক সংকট এড়াতে হবে

প্রযুক্তির অগ্রযাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বৈশ্বিক বাস্তবতা। কর্মক্ষেত্র থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মে এআই যুগান্তকারী পরিবর্তন এনেছে। অনেক কাজ সহজ করে দিয়েছে, অনেক কাজ আগের তুলনায় চিত্তাকর্ষক করে তুলেছে। একই সঙ্গে বৈশ্বিক শ্রমবাজারে চাকরি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে, সেই ধাক্কা লেগেছে বাংলাদেশেও।

বিশ্বের শীর্ষস্থানীয় পেশাজীবী প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপার্স বা পিডব্লিউসি পরিচালিত সাম্প্রতিক এক জরিপের বরাত দিয়ে গতকাল কালের কণ্ঠের খবরে বলা হয়, এআইয়ের প্রভাবে দেশে আগামী তিন বছরে নিম্ন ও মধ্যম স্তরের কর্মী কমতে পারে। ওই জরিপে ৯৫টি দেশের ও বিভিন্ন অঞ্চলের প্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার হাজার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মতামত নেওয়া হয়। বাংলাদেশ থেকেও ৪৫ জন সিইও এতে অংশ নেন। বাংলাদেশের ৩৫ শতাংশের বেশি সিইও মতামত দিয়েছেন, এআইয়ের প্রভাবে সামনের তিন বছরে নিম্নস্তরে কর্মীর সংখ্যা কমতে পারে।ু দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষেত্রে এই হার ৪৩ শতাংশ। বৈশ্বিকভাবে ৪৯ শতাংশ সিইও একই কথা জানিয়েছেন। কিন্তু এর বিপরীতে নেতৃস্থানীয় পদগুলোয় কর্মী কমার কোনো আশঙ্কা নেই বলেও জরিপে বলা হয়েছে।

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেছেন, পৃথিবী যেভাবে এগোচ্ছে, আমরা সেভাবে এগোতে পারছি না। এখন পৃথিবী এআইয়ের ওপর নির্ভরতা বাড়াতে চাচ্ছে। আমার ৭৫ হাজার কর্মী। সেখান থেকে আমার টার্গেট ১০ হাজার কর্মী কমানোর। এই ১০ হাজার লোক তো দক্ষ। তাঁরা চাকরিতে ছিলেন। তো তাঁরা যাবেন কোথায়?

দেশের ২০ শতাংশ সিইও জানিয়েছেন, তাঁদের চাহিদার এবং কৌশলগত দিকনির্দেশনার বড় পরিসরে এআই ব্যবহৃত হচ্ছে। সামগ্রিকভাবে দেশের ১৬ শতাংশ সিইও সহায়তা সেবা ও পণ্য উন্নয়নে এআই ব্যবহার করছেন। এতে প্রতিষ্ঠানের আয় বেড়েছে এবং পরিচালন ব্যয় কমেছে বলেও জানিয়েছেন তাঁরা।

অতীত বলছে, যখনই কোনো বড় প্রযুক্তির আবির্ভাব ঘটেছে, কিছু মানুষ সাময়িকভাবে কাজ হারিয়েছেন, কিন্তু কালক্রমে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে। আশা করা যায়, এআইয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। আমরা মনে করি, কর্মী ছাঁটাই সঠিক পন্থা নয়। বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হলে সমাজের স্বাভাবিক ভারসাম্য বজায় থাকবে না। তাই কর্মী ছাঁটাইয়ের পথ অনুসরণ না করে এআই বিষয়ে দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে হবে। একই সঙ্গে এআই ব্যবহারে নীতিমালাও থাকা জরুরি। মনে রাখতে হবে, প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য, মানুষকে কর্মহীন রাখার জন্য নয়। এআইকে দেখতে হবে মানুষের সহকারী হিসেবে, কখনোই বিকল্প হিসেবে নয়।

হয়রানির কারণ যেন না হয়

বাড়ছে ভ্যাটের আওতা

হয়রানির কারণ যেন না হয়

আগামীকাল বৃহস্পতিবার উপস্থাপন করা হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট সরকারের প্রথম বাজেটকে একটি মাইলফলক বাজেট হিসেবেই প্রণয়ন করা হয়েছে। বাজেটের আকার হবে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অনেক অর্থনৈতিক বিশ্লেষক একে উচ্চাভিলাষী বাজেট হিসেবে আখ্যায়িত করেছেন। সেই বাজেটের বিপুল ব্যয় মেটাতে বিপুল আয়েরও প্রয়োজন হবে। আর সে কারণে মূল্য সংযোজন কর বা ভ্যাটের ওপর একটু বেশিই জোর দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, সরকার ব্যবসা সহজ করার প্রতিশ্রুতি দিয়ে এখন তা কঠিন করে দিচ্ছে।

সরকারি হিসাবে দেশে ব্যবসাপ্রতিষ্ঠান আছে এক কোটি ১৭ লাখ, কিন্তু ভ্যাটের নিবন্ধন আছে মাত্র সাত লাখ ৭৫ হাজার। সরকার এই সংখ্যা উল্লেখযোগ পরিমাণে বাড়াতে চায়। সরকার এমন কিছু শর্ত আরোপ করতে যাচ্ছে, যার ফলে ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা চালানোই কঠিন হয়ে যাবে। কোনো ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাংক হিসাব খোলা, ঋণ নেওয়া, ট্রেড লাইসেন্স নবায়ন, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেসে মার্চেন্ট হিসাব খোলা, ট্রেড বডির সদস্য পদ গ্রহণ-নবায়ন, প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নেওয়া এবং বিআরটিএ থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের নামে যানবাহনের নিবন্ধন নিতে গেলে ভ্যাট নিবন্ধনের প্রমাণ দিতে হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী, দেশে বর্তমানে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা এক কোটি ১৭ লাখ, যা ২০১৩ সালে ছিল ৭৮ লাখ। এর মধ্যে ৯৯ শতাংশেরও বেশি হলো কুটিরশিল্প, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র ব্যবসা এবং তার ৭৪ শতাংশই গ্রামীণ এলাকায় অবস্থিত। এনবিআরের হিসাব অনুযায়ী, বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় সাত লাখ ৭৫ হাজার, যার মধ্যে পাঁচ লাখের সামান্য বেশি প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন দেয়। ভ্যাটের জাল বাড়াতে সরকার বাধ্যতামূলক নিবন্ধনের বার্ষিক টার্নওভারের সীমা তিন কোটি টাকা থেকে কমিয়ে ৫০ লাখ টাকায় নামিয়ে এনেছে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠানই যেন ভ্যাট নিবন্ধনের আওতার বাইরে না থাকতে পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সরকারের এই উদ্যোগ নানা প্রশ্ন ও সমালোচনার জন্ম দিয়েছে। নিট পোশাক খাতের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ব্যবসায়ের জন্য ব্যাংক হিসাব খোলা, ঋণ নেওয়া, বিদ্যুৎ-গ্যাস সংযোগ নেওয়াসহ বিভিন্ন ধরনের সেবা প্রয়োজন হয়। এসব ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করলে তা ব্যবসা সহজীকরণের পথে অন্তরায়। সরকারের প্রতিশ্রুতি ছিল ব্যবসা সহজ করা। নতুন শর্ত যোগ করে তা কঠিন করা নয়। তবে এই ব্যবস্থা বাস্তবায়ন যদি করতেই হয়, তাহলে বিআইএন নিবন্ধন ও সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে, স্বয়ংক্রিয় ও হয়রানিমুক্ত করতে হবে। এনবিআর কার্যালয়ে সরাসরি যাওয়ার প্রয়োজন থাকলে দুর্ভোগ ও অনিয়মের ঝুঁকি বাড়বে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন কালের কণ্ঠকে বলেন, এই উদ্যোগ নিলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অল্প পরিমাণে ভ্যাট আদায় করা সম্ভব। তবে এই অর্থ যেন রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় তা নিশ্চিত করতে হবে। মাথায় রাখতে হবে এর ফলে যেন ব্যবসায়ীদের অতিরিক্ত কোনো অনানুষ্ঠানিক পেমেন্ট (ঘুষ) বা অবৈধ খরচ না করতে হয়।

আমরা আশা করি, সরকার সব দিক বিবেচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। অর্থনীতির স্বার্থে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ করার পাশাপাশি হয়রানিমুক্ত রাখতে হবে।

জনস্বার্থ সংরক্ষণ করুন

ওষুধ বাণিজ্যে নির্মম অনৈতিকতা

জনস্বার্থ সংরক্ষণ করুন

চিকিৎসকের ফি, রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষার খরচ, ক্রমাগতভাবে দাম বাড়তে থাকা ওষুধ ও আনুষঙ্গিক জিনিসপত্র কেনাসব মিলিয়ে চিকিৎসার ব্যয় ক্রমেই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে এক শ্রেণির চিকিৎসক, ওষুধ কম্পানি ও ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনৈতিক যোগসাজশের কারণে চিকিৎসাসংক্রান্ত খরচের পরিমাণ। ফলে দেশের প্রায় ৫০ শতাংশ মানুষ চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের একটি বড় অংশ জরুরি ক্ষেত্রেও চিকিৎসা নিতে পারছে না। এমন পরিস্থিতিতে গতকাল কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন ও সাক্ষাৎকারে চিকিৎসক ও ওষুধ কম্পানির অনৈতিক যোগসাজশ, তার প্রতিক্রিয়ায় ওষুধের মূল্যবৃদ্ধি এবং চূড়ান্তভাবে রোগীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির এক নির্মম চিত্রই উঠে এসেছে।

জানা যায়, ওষুধ কম্পানিগুলোর আগ্রাসি বিপণন কার্যক্রম ক্রমেই ভয়ংকর রূপ নিয়েছে। চিকিৎসকরা যাতে নির্দিষ্ট কম্পানির ওষুধ বেশি করে লেখেন সে জন্য কমিশন ও দামি উপহারের প্রতিযোগিতা শুরু হয়েছে। এর মধ্যে আছে বিদেশে সেমিনার-কনফারেন্স বা নিছক ভ্রমণে পাঠানো, ফ্রিজ, টিভি, এসি থেকে শুরু করে গাড়ি, ফ্ল্যাট, প্লট, এমনকি বাড়ি বানিয়ে দেওয়ার মতো অনৈতিক লেনদেন। এর ফলে ওষুধ উৎপাদনের খরচ অনেক বেড়ে যায়। তখন ওষুধের দাম ইচ্ছামতো বাড়িয়ে দেওয়া হয়। প্রয়োজন না থাকলেও চিকিৎসকরা সেসব ওষুধ বা ভিটামিন বেশি করে লিখে দেন।

বর্তমানে দেশে দুই শতাধিক কম্পানি দেড় হাজার রাসায়নিক ধরনের বা জিনেরিক নামের অধীনে প্রায় ৩১ হাজার ব্র্যান্ডের ওষুধ বিপণন করে। প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় তালিকাভুক্ত ১১৭টি জিনেরিক নামের ওষুধের দাম ঔষধ প্রশাসন অধিদপ্তর নির্ধারণ করে। বাকি সব ওষুধের দাম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোই নির্ধারণ করে। এ ক্ষেত্রে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ন্যূনতম যৌক্তিক অবস্থানে রাখার চেষ্টাও খুব একটা দৃশ্যমান নয়। ফলে ওষুধ কম্পানিগুলো ইচ্ছামতো দাম নির্ধারণ করতে পারছে। আর এর অসহায় শিকার হচ্ছে রোগীরা।

ব্যক্তিগত চিকিৎসার ব্যয় কমানোর রাষ্ট্রীয় ঘোষণা সত্ত্বেও দেশে প্রতিনিয়ত বাড়ছে রোগীর নিজস্ব ব্যয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্য মতে, ব্যক্তির চিকিৎসা খরচের ৬৪.৬ শতাংশই যায় ওষুধের পেছনে। এদিকে উচ্চ ব্যয়ের কারণে বহু মানুষ চিকিৎসাই নিতে পারছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএসের তথ্য মতে, দেশের দুই-তৃতীয়াংশ মানুষ গ্যাস্ট্রিক, রক্তচাপ, বাতজ্বর, হাঁপানি ও ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগে ভুগলেও তাদের মধ্যে ৮০ শতাংশের বেশি কোনো ধরনের চিকিৎসাই নেয় না। অন্যতম কারণ, ওষুধের অতিরিক্ত দাম।

দেশের স্বাস্থ্যব্যবস্থায় বিদ্যমান অনিয়মগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওষুধের দাম নির্ধারণে যৌক্তিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। দেশের বেশির ভাগ দরিদ্র মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে।