দিনে ৩০ মিনিট হাঁটলেই পুরস্কার দেবে ব্রিটিশ স্বাস্থ্যসেবা বিভাগ (এনএইচএস)। ব্রিটিশ নাগরিকদের মধ্যে হাঁটার অভ্যাস গড়তে এনএইচএস এখন ‘স্ট্রিক’ বা ধারাবাহিকতা রক্ষার সংস্কৃতির ওপর জোর দিচ্ছে। সুস্বাস্থ্যের জন্য বেশি হাঁটার প্রয়োজনীয়তা অনেক আগে থেকেই স্বীকৃত। তবে এবারই প্রথম ব্যায়ামের বিনিময়ে মানুষকে সরাসরি পুরস্কার দেওয়ার ব্যবস্থা করছে এনএইচএস পরিচালিত একটি প্রকল্প। আগামী বছরের শুরুতে এনএইচএস ইংল্যান্ড ‘ম্যারাথন আ মান্থ’ বা মাসে এক ম্যারাথন নামের একটি চ্যালেঞ্জ চালু করবে। এই প্রকল্পে মানুষকে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার আহবান জানানো হবে। যাঁরা প্রতিদিন নিয়ম মেনে চলবেন, মাস শেষে তাঁদের হাঁটার মোট দূরত্ব দাঁড়াবে প্রায় ২৬ মাইল। সূত্র : বিবিসি


