কলাপাতায় ছোট মাছের চচ্চড়ি
উপকরণ
মলা মাছ ও কাচকি মাছ ৫০০ গ্রাম, আলু কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, আস্ত কাঁচা মরিচ ৮-১০টি, লেবুপাতা কুচি ২টি, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কলাপাতা বড় ৪ টুকরা।

যেভাবে তৈরি করবেন
* তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে হালকা বাদামি করে নিন। মাছের সঙ্গে সব উপকরণ মাখিয়ে নিন।
* এবার ভেজে রাখা পেঁয়াজ কুচি দিয়ে এবং তেলটুকু দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিন। তারপর কলাপাতায় দিয়ে কলাপাতা মুড়িয়ে কড়াইয়ে ভেজে নিন ৪০ মিনিট।
* চুলার আঁচ লো মিডিয়াম থাকবে। তারপর নামিয়ে পরিবেশন করুন।
মোচা ও নারকেল চিংড়ি ঘণ্ট
উপকরণ
কলার মোচা ১টি, চিংড়ি ৩০০ গ্রাম, নারকেল বাটা ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধাকাপ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, জিরা বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
* কলার মোচা কুচি করে কেটে হলুদ গুঁড়া ও পানি দিয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর পানি ঝরিয়ে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে বাটা ও গুঁড়া সব মসলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিন।
* এরপর চিংড়ি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নারকেল বাটা দিয়ে ২-৩ মিনিট পরে মোচা দিয়ে কষিয়ে ১ কাপ পরিমাণ পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন। পানি শুকিয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।
মাছের কোফতায় জালিকুমড়ার সালুন
উপকরণ
চিতল মাছের কিমা ২৫০ গ্রাম, চালকুমড়া বা জালিকুমড়া কাটা ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ চা চামচ, আদা-রসুন বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৩-৪টি, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, কর্নফ্লাওয়ার ৩ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল ৩ টেবিল চামচ, চিনি সামান্য, ঘি এক চা চামচ।

যেভাবে তৈরি করবেন
* মাছ শিল-নোড়ায় থেঁতলে কাঁটা ছাড়িয়ে কিমা করে নিয়ে আদা-রসুন বাটা, লবণ, গরম মসলা গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, গোলমরিচ গুঁড়া, কর্নফ্লাওয়ার ২ চা চামচ—সব একত্রে মাখিয়ে গোল গোল কোফতা বানিয়ে কম তেলে চুলার আঁচ মধ্যম রেখে ভেজে নিন।
* ভাজা হলে অন্য হাঁড়িতে তেল ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে হলুদ ও জিরা গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিন। লবণ ও কাঁচা মরিচ দিয়ে সঙ্গে চালকুমড়ার টুকরাগুলো দিয়ে কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিয়ে ঢেকে ২০ মিনিট রান্না করুন।
* এরপর কোফতাগুলো দিয়ে ঘি দিয়ে ঢেকে রাখতে হবে ৫ মিনিট। তারপর ১ চা চামচ কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে নেড়েচেড়ে চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
রুই আচারি
উপকরণ
রুই মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা ২ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭-৬টি, লবণ স্বাদমতো, সরিষার তেল আধাকাপ, আমের আচার ১ টেবিল চামচ ও চিনি ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন
* মাছ ছোট টুকরা করে কেটে পরিষ্কার করে সামান্য হলুদ, লবণ, লেবুর রস মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে হালকা করে ভেজে তুলে রাখুন।
* ওই তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে বাটা ও গুঁড়া মসলাগুলো দিয়ে একটু পানি ও লবণ দিয়ে কষিয়ে নিন। তারপর ১ কাপ পানি দিয়ে ফুটিয়ে ভাজা মাছগুলো দিয়ে কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন।
* মাখা মাখা হয়ে এলে আচার ও চিনি দিয়ে মিক্স করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
নারকেল বাটায় মানকচু চিংড়ির রসা ভুনা
উপকরণ
মানকচু ৫০০ গ্রাম, চিংড়ি মাছ ২০০ গ্রাম, চিংড়ি মাছ বাটা ২ টেবিল চামচ, নারকেল বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধাকাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, আস্ত রসুন ২-৩টি, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি প্রয়োজনমতো, তেল ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
* কিউব করে কাটা মানকচু পানিতে সিদ্ধ করে নিন। সিদ্ধ হলে পানি ঝরিয়ে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে আদা-রসুন বাটা, হলুদ-মরিচ, গুঁড়া সব মসলা ও লবণ দিয়ে কষিয়ে নিন।
* এরপর বেটে রাখা চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নারকেল বাটা ও আস্ত চিংড়ি মাছ দিয়ে কষিয়ে তারপর সিদ্ধ করে রাখা কচু ও আস্ত রসুন দিয়ে এক কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন ১০ মিনিট।
* এরপর লেবুর রস ও কাঁচা মরিচ দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।








