বখাটে দীপু। স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই রীতাকে উত্ত্যক্ত করে। একদিন রীতার ব্যাগ ধরে টানাটানির সময় দেখে ফেলে মীনা। মীনাকে দেখেই দৌড় দেয় দীপু, কিন্তু তাড়া করে তাকে ধরে ফেলে মীনা। দীপুকে শাস্তির মুখোমুখি হতে হয়। এরপর শুরু হয় ইভ টিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির কাজ। এভাবেই শেষ হয় মীনা গেমের একটি লেভেল। ২০১৬ সালের ডিসেম্বরে প্লে স্টোরে প্রথম আসে গেমটি। ৩০ মেগাবাইটেরও কম আয়তনের গেমটিতে ধাপ বা লেভেল আছে ১৪টি। এসব লেভেলের বিভিন্ন অংশে দেখা মিলবে ৩৫টির বেশি ক্যারেকটার। পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা কিংবা দীপুকে ভড়কে দেওয়া—সবই আছে। চাইলে তুমি মিঠু ও রাজুর সঙ্গে খেলতেও পারবে। ইউনিসেফের অর্থায়নে অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে রাইজআপ ল্যাবস নির্মাণ করেছে গেমটি। ১৪ ধাপের এই গেমে মীনা কার্টুনের গল্পগুলোকে ডিজিটাল প্ল্যাটফরমে নিয়ে এসেছে তারা। মুরগি গণনা, মীনার তিনটি ইচ্ছা, মীনা কি স্কুল ছাড়বে, সম-অধিকার, মেয়েদের জ্বালাতন করা বন্ধ করুন ইত্যাদি শিরোনামে এগিয়ে গেছে গেমের একেকটি ধাপ। মীনা গেমের সাফল্যের ধারাবাহিতায় চার বছর পর গুগল প্লে স্টোরে উন্মুক্ত হয় মীনা গেম-২। এর মূল থিম নবজাতকের যত্ন। খেলাটিতে পরিবারের প্রতি মীনার দায়িত্ব ফুটিয়ে তোলা হয়েছে। প্রথম সন্তান হিসেবে মীনা তার পরিবার ও মায়ের যত্ন নেয়। স্বাস্থ্যকর খাবারের অনুসন্ধান করা, মাকে সাহায্য করা, হাসপাতালে যাওয়া, নবজাতক, রানি বিপদে পড়েছে ইত্যাদি শিরোনামে বানানো হয়েছে প্রতিটি ধাপ। ধাপগুলো শেষে গেমাররা জানতে ও শিখতে পারবে গর্ভকালীন মায়ের সেবা কিভাবে নিতে হয় কিংবা স্বাস্থ্য আপাকে আনতে কী কী করণীয় ইত্যাদি। প্রসবকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার বিষয়টিও দেখানো হয়েছে। খেলার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ধারণাটিও দেওয়া হয়েছে। মীনা-২ গেমে আছে ত্রিমাত্রিক এনিমেশন। চরিত্রগুলোকে ৩৬০ ডিগ্রি আকারে দেখার সুযোগ আছে। ১০ লেভেলের গেমটি অনেকটা অ্যাডভেঞ্চার ধরনের। প্রতিটি লেভেলে গেমারদের পুষ্টি, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, শিক্ষা, জরুরি অবস্থা ইত্যাদি বিষয়ের সঠিক সমাধান খুঁজতে হয়। রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক বলেন, ‘সার্কভুক্ত সব দেশের কথা মাথায় রেখেই গেমটি বানিয়েছি। বিভিন্ন দেশের ভাষা আলাদা হওয়ার কারণে এখানে সংলাপের পরিবর্তে ব্যবহার করা হয়েছে প্রতীকী ভাষা। মীনা গেম-২ গুগল প্লে স্টোরে টিচার অ্যাপ্রুভ ব্যাজ পেয়েছে। বাংলাদেশি ডেভেলপারদের তৈরি এটিই প্রথম গেম, যা এই ব্যাজ পায়। গত ১১ সেপ্টেম্বর প্লে স্টোরে শেষ আপডেট আসা গেমটি এখন পর্যন্ত ৫০ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। ♦ আল সানি