টানা ১৪ বছর কাজ করার পর চিফ অপারেটিং অফিসারের (সিওও) পদ ছেড়েছেন মেটার দ্বিতীয় শীর্ষ ব্যক্তি শেরিল স্যান্ডবার্গ। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) এ তথ্য জানিয়েছে মেটা। পূর্বঘোষণা অনুযায়ী, ১ আগস্ট তিনি পদত্যাগ করেন। তাঁর পদে নিয়োগ দেওয়া হয়েছে জ্যাভিয়ার অলিভানকে। স্যান্ডবার্গ পদত্যাগ করলেও মেটার একজন কর্মী হিসেবে থাকবেন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর মেটার পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব নেবেন। বেতন পাবেন নন-এমপ্লয়ি ডিরেক্টর হিসেবে। পদত্যাগ করলেও সেপ্টেম্বরে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি মামলায় আদালতে হাজিরা দিতে হবে তাঁকে। মেটার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ প্রযুক্তিবিশ্বের নারী কর্মকর্তাদের মধ্যে অন্যতম শীর্ষ ব্যক্তি। সামনের বছর বিয়ে করার পাশাপাশি নিজের ফাউন্ডেশন ও দাতব্য কাজে মনোযোগ দিতে পদত্যাগ করেন তিনি। উল্লেখ্য, কম্পানির সম্পদ অপব্যবহারের অভিযোগে শেরিলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মেটা। নিজের বিয়ের আয়োজনের পরিকল্পনা করতে এবং নিজের ফাউন্ডেশন ‘লিন ইন’-এর জন্য ফেসবুকের সম্পদ ব্যবহারের অভিযোগ উঠেছে শেরিলের বিরুদ্ধে। সূত্র : গ্যাজেটস নাউ