ফেসবুকের মূল কম্পানি মেটা নিজেদের প্ল্যাটফরমে ডিজিটাল সম্পদ বিক্রির টুল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্রে। ডিজিটাল এই সম্পদ ব্যবহার করা যাবে মেটার ভার্চুয়াল জগৎ হরাইজন ওয়ার্ল্ডে। এই টুল ব্যবহারের জন্য প্রয়োজন হবে ভিআর হেডসেট, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী ভার্চুয়ালি ফ্যাশন অনুষঙ্গ বিক্রি করতে পারবে অথবা অর্থের বিনিময়ে অন্য ব্যবহারকারীদের ডিজিটাল জগতে আমন্ত্রণ জানাতে পারবে। এ ছাড়া হরাইজন ওয়ার্ল্ডের নির্দিষ্ট কিছু ব্যবহারকারী ‘ক্রিয়েটর বোনাস’ প্রগ্রামে অংশ নেওয়ারও সুযোগ পাবে। এই প্রগ্রামে অংশগ্রহণকারীরা নতুন টুল ও ফিচার ব্যবহার করে অর্থ আয় করতে পারবে। মেটাভার্স জগতের অন্যতম বড় অংশ হবে হরাইজন ওয়ার্ল্ড। এখানে ভার্চুয়ালি অনেক কিছুই করা সম্ভব হবে। ভুলে থাকা যাবে চারপাশের বাস্তবতা। এখানেই হবে অফিস, আড্ডার জায়গা। ঘুরে বেড়ানো বা খেলাধুলা করার জন্যও কোথাও যেতে হবে না। অনুষ্ঠানেও উপস্থিত থাকা যাবে ভার্চুয়ালি। সূত্র : রয়টার্স