• ই-পেপার

পরকীয়ার জেরে স্বামী হত্যা: স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংগৃহীত ছবি

পটুয়াখালীর দুমকিকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টায় লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোর সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী। অভিযান চলাকালে উক্ত এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৪ হাজার ৪৫ টাকা নগদ অর্থসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, নগদ অর্থ ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলসিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান ওই গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমানের ওপর নজরদারি চালিয়ে আসছিল আইন-শৃঙ্খলা বাহিনী। এরই মাঝে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বসতঘর তল্লাশি করে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে সামি নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গ্রামনিখাঁই পেরী বিলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সামি (৮) গ্রামনিখাঁই এলাকায় ছানোয়ার হোসেনের ছেলে। 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে গ্রামনিখাঁই পেরী বিলে সামিসহ চার শিশু শাপলা ফুল ও ফুলের ডাঁটা তুলতে যায়। এ সময় দুই শিশু সাঁতরে ডাঙায় উঠতে পারলেও অন্য দুই শিশু শাপলার ডাঁটায় প্যাঁচ লেগে বিলের পানিতে ডুবে যায়। সাঁতরে ডাঙায় উঠা শিশুরা স্থানীয়দের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সামি মারা যায়। আর আহত তাসনিনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ হোসেন জানান, পানিতে ডুবে যাওয়া সামি নামে শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

নীলফামারীর ডোমারে সড়কে প্রাণ গেল সেনা সদস্যের

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে সড়কে প্রাণ গেল সেনা সদস্যের
ছবি: কালের কণ্ঠ

নীলফামারীর ডোমারে ধরণীগঞ্জ কালিতলা এলাকায় মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একেএম জাহাঙ্গীর বসুনিয়া (৪০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের অন্য আরোহী স্ত্রী ও খানকা কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আজিয়া সুলতানা (৩৩) গুরুতর আহত হয়ে নীলফামারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একেএম জাহাঙ্গীর বসুনিয়া ভোগডাবুড়ী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া বসুনীয়ার ছেলে। তিনি ভোগডাবুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতিও ছিলেন।

এলাকাবাসী জানায়, সড়ক বিভাগের সংস্কারের কাজ চললেও সতর্কতামূলক দুই পাশে কোনো লাল পতাকা বা সাইনবোর্ড লাগানো হয়নি। তাদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।