বাংলা উইকিপিডিয়ায় নারীবিষয়ক তথ্য সমৃদ্ধ করতে আয়োজিত নিবন্ধ লেখা প্রতিযোগিতায় সেরা ১০ জনকে সনদ দিয়েছে বাংলাদেশে উইকিপিডিয়া নিয়ে কাজ করা সংস্থা ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ ও সুইডিশ দূতাবাস। রবিবার ঢাকায় সুইডিশ দূতাবাসে আয়োজিত ‘উইকিগ্যাপ’ শীর্ষক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সনদ তুলে দেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত সার্লোট্টা স্লাইটার। তিনি বলেন, ২০১৮ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশনের সুইডিশ চ্যাপ্টার, উইকিমিডিয়া সুইডেন ও সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে উইকিপিডিয়ায় নারী বিষয়ে নিবন্ধ বৃদ্ধি এবং উইকিপিডিয়ায় নারীদের অবদানকে উৎসাহ দিতে ‘উইকিগ্যাপ’ শুরু করে। উপস্থিত ছিলেন উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান প্রমুখ।