• ই-পেপার

শেষ আটে লিভারপুল

মেসির পায়ে নতুন গল্পের শুরু

রানা শেখ
মেসির পায়ে নতুন গল্পের শুরু

বক্সের বাইরে থেকে নিখুঁত শটে এর আগে কতই না চোখ-ধাঁধানো গোল করেছেন তিনি। গতকাল বুধবার আলজেরিয়ার বিপক্ষে শুরুতেই তেমনি এক গোল করে লিওনেল মেসি মাতালেন গ্যালারি। তবে গোল উদযাপনের এক পর্যায়ে বিস্ময় জাগালেন। তাঁর চোখের কোণে যে জল! জার্সিতে চোখও মুছতে দেখা গেল এই কিংবদন্তিকে। খেলার প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আরো দুইবার লক্ষ্যভেদ করে হ্যাটট্রিকের দেখা পেয়ে যান মেসি। কানসাস সিটি স্টেডিয়ামের ভরা গ্যালারিতে তখন শুধু একটাই ধ্বনি উচ্চারিত হচ্ছিল, ‘মেসি, মেসি, মেসি।’ বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের মহিমা ছড়িয়ে দিলেন ফুটবলের এই মহাতারকা। কিন্তু স্মরণীয় এই রাত শুধুই হ্যাটট্রিক কিংবা ৩-০ গোলে জয়ের ছিল না। গোল উল্লাসের মধ্যেই মেসির চোখ ভিজে ওঠা আবেগের কারণ জানা গেল ম্যাচের পর। কয়েক দিন ধরেই মাঠের বাইরে কঠিন দিন কাটিয়েছেন তিনি। সেই কষ্ট, সংগ্রাম আর ফুটবলের সবুজ গালিচার প্রতি অগাধ ভালোবাসা মিলিয়েই যেন লেখা হলো মেসির আরেকটি অবিস্মরণীয় বিশ্বকাপ অধ্যায়।

ম্যাচের পর মেসিকে জিজ্ঞেস করা হয় প্রথম গোলের পর আবেগাপ্লুত হয়ে পড়ার কারণ। কিছুটা বললেও পুরোপুরি খোলাসা করেননি, ‘আমি কেন কেঁদেছিলাম? এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্কই নেই। গত কিছু দিন কঠিন দিনের মধ্য দিয়ে গিয়েছি। পুরো ম্যানেজমেন্ট এবং আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ আমি, কারণ তারা সব সময় আমার পাশে ছিল এবং এই কঠিন সময়টা পার করতে আমাকে অনেক শক্তি জুগিয়েছে।’ গত মাসে ইন্টার মায়ামির হয়ে ম্যাচে চোটে পড়ে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন মেসি। বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে শঙ্কাও জেগেছিল; কিন্তু নিজেকে ফিট করে ঠিকই বিশ্বকাপে পা রাখলেন। আর প্রথম ম্যাচেই করলেন একগাদা রেকর্ড। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসে ১৬ গোল নিয়ে মেসি ছুঁয়ে ফেলেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। আর এক গোল করলেই এককভাবে সিংহাসনে বসবেন এই তারকা। তবে তাঁর কাছে এসবের কোনো মূল্য নেই বলেই জানিয়েছেন, ‘ক্লোসার পাশে এই জায়গায় থাকতে পারা সম্মানের, রোনালদোও (১৫ গোল) আছে কাছেই। তবে এসবের কোনো মূল্য নেই। এমবাপ্পেও আছে কাছেই, দুটি গোল করেছে আজ (সেনেগালের বিপক্ষে)। তবে দিন শেষে এসব শুধুই সংখ্যা, এর বেশি কিছু নয়। তাদের সঙ্গে লড়তে পারা বড় সম্মানের, তবে এটি (রেকর্ড) এমন কিছু নয়। রোনালদোকে (ব্রাজিলের সাবেক স্ট্রাইকার) দেখে বেড়ে উঠেছি আমি এবং আমার চোখে তিনি গ্রেটদের একজন। কিন্তু তিনি তো শীর্ষে নেই (সর্বোচ্চ গোলদাতার তালিকায়)। কাজেই এটা শুধুই পরিসংখ্যান।’

চার বছর আগে কাতারে বিশ্বকাপ উঁচিয়ে ধরার পর সবাই ভেবেই নিয়েছিল, ওটাই মেসির শেষ। কিন্তু মেসি যে সহজে হাল ছাড়েন না, তার প্রমাণ রাখলেন আবারও। ৩৮ বছর বয়সে এসে পেলেন বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক, সেটাও আবার দেশের জার্সিতে ২০০তম ম্যাচে। ইউরোপের ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রে গিয়েও বদলাননি তিনি। তাঁর ছোঁয়ায় মেজর লিগ সকারে এসেছে নতুন প্রাণের জোয়ার। দীর্ঘ ক্যারিয়ারে পেছন ফিরে তাকিয়ে তাই তৃপ্তিই পান মেসি, ‘আমার জীবনে যা কিছু ঘটেছে, এই সবকিছুর মধ্য দিয়ে যেতে পেরে আমি খুব খুশি। এখন আমি শুধু উপভোগ করছি এবং যা পাচ্ছি, সেসবকে বলা যায় সোনায় সোহাগা। এই চমৎকার দলটির প্রতি আমি খুবই খুশি ও কৃতজ্ঞ। খুবই উপভোগ করছি সবকিছু।’ জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করার স্বস্তিও তাঁর কণ্ঠে, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ সব সময়ই কঠিন হয়। প্রথমার্ধটা আমাদের জন্য একটু কঠিন ছিল, দ্বিতীয়ার্ধ কিছুটা ভিন্ন ছিল, যা স্বাভাবিক। এটা স্পষ্ট যে এই বিশ্বকাপে কেউই কিছু সহজে ছাড় দিচ্ছে না। এটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ; যেখানে সব দলই শক্তিশালী, তাদের নিজস্ব খেলার ধরন আছে। প্রতিটি ম্যাচই খুব কাছাকাছি এবং তীব্র লড়াইয়ের হবে।’

মেসির পারফরম্যান্স এখন আর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে অবাক করে না। বরাবরের মতোই মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার যেমন মেসিকে নিয়ে বলতে গিয়ে ভাষা খুঁজে পাননি, ‘এটা বর্ণনা করার মতো কোনো শব্দ নেই। আমার মনে হয়, কেউ যদি ভেবে থাকে যে লিও ছাড়া এই দল আরো ভালো, আজ সেটা স্পষ্ট হয়ে গেছে, লিওই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর আমাদের উচিত ওর চারপাশে এমন একটি দল গড়ে তোলা, যেখানে সে স্বস্তি বোধ করবে।’ ৩৮ বছরে এসেও মেসি যা করছেন তাতে তাঁর গল্প শেষ হওয়ার নয়, বরং প্রতিটি ম্যাচেই তা নতুন করে শুরু হয়।

 

১৬

বিশ্বকাপের সর্বোচ্চ গোলাদাতা এখন মেসি। এই রেকর্ডে তাঁর পাশে আছেন জার্মানির সাবেক তারকা মিরোস্লাভ ক্লোসা।

 

গত ৬০ বছরে বিশ্বকাপে পেনাল্টি বক্সের বাইরে থেকে সর্বাধিক পাঁচ গোল করার রেকর্ডে ব্রাজিলের রিভেলিনোকে ছুঁয়েছেন মেসি।

 

বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম হ্যাটট্রিক করলেন তিনি।

 

৩৮

ফুটবল মহাযজ্ঞে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ডও  এখন তাঁর। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের সময় তাঁর বয়স ছিল ৩৮ বছর ৩৫৭ দিন।

 

সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপের এক ম্যাচে দুটির বেশি গোল করার রেকর্ডও গড়েছেন তিনি।

 

 পাঁচটি বিশ্বকাপে গোল করা দ্বিতীয় ফুটবলার মেসি। ক্রিস্তিয়ানো রোনালদো প্রথমজন।

 

২৪

বিশ্বকাপে রেকর্ড ২৪টি গোলে সরাসরি অবদান মেসির। ১৬টি গোলের পাশাপাশি আটটি অ্যাসিস্ট তাঁর। ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ড ছিল ২১ গোলে অবদান।

 

বিশ্বকাপের টানা পাঁচ ম্যাচে গোল করার রেকর্ডে দ্বিতীয় অবস্থানে মেসি। টানা ছয় ম্যাচে গোল করে তাঁর ওপরে আছেন ফ্রান্সের সাবেক তারকা জাস্ত ফন্তেইন ও ব্রাজিলের জেরজিনহো।

 

 প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন এদিন মেসি। এ ছাড়া পর্তুগালের হয়ে বুধবারই মেসির রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

 

২০০

লাতিন অঞ্চলের প্রথম ফুটবলার হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি। বিশ্ব ফুটবলের ইতিহাসে এই মাইলফলকে মাত্র তৃতীয় খেলোয়াড় তিনি।

 

আবেগও ছুঁয়ে গেছে...

বিশ্বকাপে শুধু হ্যাটট্রিক করাটাই বাকি ছিল, সেটিও আলজেরিয়ার বিপক্ষে করলেন লিওনেল মেসি। তবে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলের পরই তাঁকে দেখা গেছে কাঁদতে। এই আর্জেন্টাইন সুপারস্টার বলেছেন, ‘প্রথম গোল করার পর আমি কেঁদেছি, তবে ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমার কিছু কঠিন সময় গেছে। স্কোয়াডের সবাইকে ধন্যবাদ তাদের সমর্থন এবং কঠিন সময়ে পাশে থাকার জন্য। তারা আমাকে শক্তি জোগায়।’

 

লাল কার্ড বিতর্ক

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এমন প্রাপ্তির ম্যাচে নিন্দুকরাও রসদ পেয়েছে সমালোচনার। তাদের দাবি, ম্যাচে নিশ্চিতভাবেই এই সুপারস্টার পেতে পারতেন লাল কার্ড। ১৭ মিনিটে প্রথম গোল করার কিছু পরেই আলজেরিয়ার আইসা মান্দিকে পেছন থেকে ফাউল করেন তিনি। ভিএআর বিশ্লেষণে দেখা যায়, মান্দির ডান পায়ের পেছনের অংশে বুটের স্পাইক দিয়ে আঘাত করেছেন মেসি। কিন্তু মেসিকে রেফারি কোনো কার্ড না দেখানোর সমালোচনায় সোশ্যাল মিডিয়া তোলপাড়। ক্রীড়া বিশ্লেষক অ্যালে মরেনোও বলেছেন, ‘এটা ১০০ শতাংশ লাল কার্ড; কিন্তু এটাই বাস্তব যে বড় খেলোয়াড়রা বাড়তি সুবিধা পায়।’ ইএসপিএন

কথামালা

কথামালা

আমি তাকে (লিওনেল মেসি) জড়িয়ে ধরেছি। চুমু খেয়েছি। তারপর বলেছি, তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি না, এর বাইরে কী বলব।

আর্জেন্টিনা কোচ

লিওনেল স্কালোনি

 

তিনি (লিওনেল মেসি) এমন একজন খেলোয়াড়, সম্ভবত সর্বকালের সেরা। আমরা এটা জানতাম। তাই তাঁকে যতটা সম্ভব থামিয়ে রাখার চেষ্টা করেছিলাম; কিন্তু সেটা কাজে আসেনি।

আলজেরিয়া ডিফেন্ডার

আইসা মান্দি

 

এখনো কিছু মানুষ ওর (কিলিয়ান এমবাপ্পে) সমালোচনা করবে; কিন্তু সে অসাধারণ একজন খেলোয়াড়। এক মুহূর্তেই সে একটি ম্যাচ জিতিয়ে দিতে পারে।

ফ্রান্স কোচ

দিদিয়ের দেশম

 

 

সে (আর্লিং হালান্ড) উপলক্ষ ভালোবাসে। উপলক্ষ পেয়ে জ্বলে ওঠে। কোনো উপলক্ষই তার জন্য খুব বড় নয়। ম্যাচের আগে তার সঙ্গে শেষ দুটি সেশন খুব ভালো ছিল।

নরওয়ে কোচ

স্টালে সোলবাকেন

 

আরো ম্যাচ খেললে বিশেষজ্ঞরা মূল্যায়ন করতে পারবেন, আমরা আসলে কোথায় আছি। আমরা টানা ১০টি ম্যাচ জিতেছি। মনে হচ্ছে, সঠিক পথেই আছি।

জার্মান অধিনায়ক

জশুয়া কিমিখ

 

আমার মনে হয়, কেউ যদি ভেবে থাকে যে লিও ছাড়া এই দল আরো ভালো, আজ সেটা স্পষ্ট হয়ে গেছে, লিওই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

আর্জেন্টাইন মিডফিল্ডার

ম্যাক অ্যালিস্টার

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

কলম্বিয়া-উজবেকিস্তান

সরাসরি, সকাল ৮টা

চেক প্রজাতন্ত্র-দক্ষিণ আফ্রিকা

সরাসরি, রাত ১০টা

সুইজারল্যান্ড-বসনিয়া

সরাসরি, রাত ১টা

কানাডা-কাতার

সরাসরি, শুক্রবার ভোর ৪টা

মেক্সিকো-দক্ষিণ কোরিয়া

সরাসরি, শুক্রবার সকাল ৭টা

 

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড

সরাসরি, রাত ১১-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

ইংল্যান্ড-নিউজিল্যান্ড

দ্বিতীয় টেস্ট, সরাসরি, বিকেল ৪টা, সনি লিভ

 

রিয়ালে বের্নার্দো

রিয়ালে বের্নার্দো

ঠিকানা বদলে গেছে পর্তুগালের ৩১ বছর বয়সী মিডফিল্ডার বের্নার্দো সিলভার। গত ৯ বছর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে কাটানোর পর পরের মৌসুম থেকে তিনি রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চড়াবেন। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই প্লেমেকার। ম্যানসিটির হয়ে ৩০৪টি এবং পর্তুগালের হয়ে ১০৯টি ম্যাচ খেলেছেন তিনি। মিডডে